16/05/2026
॥পেরি-অপারেটিভ মেডিসিন॥
ডিসিপ্লিন হিসেবে মেডিসিনের অনেক শাখা-প্রশাখা রয়েছে। তেমন একটি নতুন শাখার নাম পেরি-অপারেটিভ মেডিসিন (Perioperative medicine)। বর্তমানে এই শাখাটির গুরুত্ব বাড়ছে এর দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে। যেকোনো অস্ত্রোপচারের আগে, চলাকালীন, এবং পরে রোগীর সার্বিক চিকিৎসা ও ঝুঁকি ব্যবস্থাপনার একটি সমন্বিত ব্যবস্থাপনার নাম পেরি-অপারেটিভ মেডিসিন। এটি শুধু অপারেশন থিয়েটারের কাজ নয়, বরং রোগীকে অপারেশনের জন্য প্রস্তুত করা, অপারেশনের সময় নিরাপত্তা নিশ্চিত করা, এবং পরে দ্রুত ও নিরাপদ সুস্থতায় ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে।
সহজভাবে বললে, পেরি-অপারেটিভ মেডিসিন তিনটি ধাপ নিয়ে কাজ করে:
১) অপারেশনের আগে (Pre-operative care) ব্যবস্থাপনাঃ অপারেশনের আগে রোগীর হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি সমস্যা, ফুসফুসের অবস্থা, ফ্রেইলটি, পুষ্টি ইত্যাদি মূল্যায়ন ও অপ্টিমাইজ করা।
২) অপারেশনের সময় (Intra-operative care) ব্যবস্থাপনাঃ অপারেশনের সময় অ্যানেস্থেসিয়া, ব্যথা নিয়ন্ত্রণ, ফ্লুইড ব্যালান্স, ব্লাড গ্যাস ইত্যাদি মনিটরিং এবং জটিলতা প্রতিরোধ করা।
৩) অপারেশনের পরে (Post-operative care) ব্যবস্থাপনাঃ অপারেশনের পরে ব্যথা, সংক্রমণ, ডিলিরিয়াম, রক্ত জমা বা ক্লট, শ্বাসকষ্ট, হৃদরোগ, ডায়াবেটিস, রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রন, প্রতিরোধ ও পুনর্বাসন নিশ্চিত করা।
কেন দরকার?
কারণ আধুনিক চিকিৎসায় রোগীরা আগের তুলনায় বেশি বয়স্ক, ফ্রেইল, এবং একাধিক ক্রনিক ব্যাধি (chronic disease) নিয়ে অপারেশনে আসেন। অধিকাংশ শল্য চিকিৎসক এসকল বিষয়ে পুরো মনোনিবেশ করার ফুরসৎ পান না। কিন্তু শুধু সফল অপারেশন করলেই তো হয় না, রোগী যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং কর্মক্ষম অবস্থায় সুস্থ হয়, সেটাও গুরুত্বপূর্ণ। পেরি-অপারেটিভ মেডিসিন সেই জায়গাতেই পার্থক্য গড়ে দেয়।
এর প্রধান উপকারসমূহ হলোঃ
- অপারেশনের ঝুঁকি কমায়
- আইসিইউ-এ যাওয়া কম লাগে এবং হাসপাতালে অবস্থানের সময় কমাতে সাহায্য করে
- অপারেশনের পরে জটিলতা বা Post-operative complication কম হয়
- প্রবীণ এবং ফ্রেইল (frail) রোগীদের ফলাফল উন্নত করে
- ব্যথানাশক ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়
- মাল্টি ডিসিপ্লিনারি সেবা (Multidisciplinary care) নিশ্চিত করে, যেখানে শল্য চিকিৎসক, অ্যানেস্থথেটিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, নার্স, ফিজিও থেরাপিস্ট ইত্যাদি সকলে একসঙ্গে কাজ করেন।
বর্তমানে পেরি-অপারেটিভ মেডিসিন দ্রুত বিকাশমান একটি ক্ষেত্র। অনেকেই মজা করে বলেন, “সফল সার্জারি এখন শুধু সার্জনের-এর হাতে নয়, পুরো পেরি-অপারেটিভ মেডিসিন টিমের হাতে।”