Homeodigest

Homeodigest It is basically an educational page for Homeopathic learners. The aims are to promote classical home
(2)

06/03/2026

হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে পৃথিবীর দ্রুততম ও বিজ্ঞানভিত্তিক আরোগ্যকারী চিকিৎসা। আমাদের এই দেশেও অন্যান্য চিকিৎসা ব্যবস্থা থেকে নিরাশ হওয়া শত শত রোগী প্রতিদিন আরোগ্য হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার কল্যাণে এবং সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথদের মনোযোগ, যত্ন ও চিকিৎসার দক্ষতায়। অথচ আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, উক্ত আরোগ্যের ঘটনার ডকুমেন্টস যথাযথরূপে সংগ্রহ ও সংরক্ষণের অভাব হোমিওপ্যাথিক কম্যুনিটি বঞ্চিত হচ্ছে এই অসামান্য সব প্রমাণগুলো থেকে। রুদ্ধ হচ্ছে হোমিওপ্যাথিকে বিশ্বের দরবারে আমাদের কাজের মাধ্যমে একটি প্রকৃত আরোগ্যকারী চিকিৎসা হিসাবে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে পরিচয় করিয়ে দেয়ার সামর্থ্য। আর এই সমস্যা সমাধানের লক্ষ্যে ও পুরো কমিউনিটির সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বিশেষ লাইভ আয়োজন। সেই সাথে, সবশেষে থাকছে প্রশ্নোত্তর ও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ একটি বিশেষ সুযোগের ঘোষণা ! জানতে হলে, সাথে থাকুন, সবসময়...

06/03/2026

“হোমিওপ্যাথিক গবেষণার ডকুমেন্ট সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি”
আজকের ক্লাসটি ফেসবুক লাইভ হবে। রাত 9:30 এ চোখ রাখুন হোমিওডাইজেস্টে।

05/03/2026

হোমিওপ্যাথি নিয়ে গবেষণায় আগ্রহীগণদের জন্য সুবর্ণ সুযোগ!!!
“হোমিওপ্যাথিক গবেষণার ডকুমেন্ট সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি” শীর্ষক বিশেষ লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার রাত ৯:৩০ মিনিটে।

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয় পর্ব - ৭অনেকেই হয়তো বলবেন, এত চিন্তা, তত্ব বা সায়েন্সকে বিবেচনা না করেও তো...
05/03/2026

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়
পর্ব - ৭

অনেকেই হয়তো বলবেন, এত চিন্তা, তত্ব বা সায়েন্সকে বিবেচনা না করেও তো আমরা বেশ বহু রোগীকে ভালো করছি। তারা একটা বিশাল বড় ভ্রান্তির মধ্যে রয়েছেন। কোনো একটা লোকাল প্যাথলজি কিংবা একগুচ্ছ লক্ষণকে দূর করা আর রোগীকে উন্নত কিংবা আরোগ্য করার মধ্যে যে পার্থক্য রয়েছে, এটা যারা এখনো স্বচ্ছ, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জানতে পারেননি - আমি ঘোষণা করে বলছি যে, তারা এখনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সারিটিতে দাঁড়াতে পারেননি।

সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়া, অধিকাংশ রোগীতেই আদতে আমরা এই সংবেদনশীলতার সম্পর্কের ভিত্তিতে একটি আপেক্ষিক-মাত্রার আংশিক সদৃশ ঔষধ প্রয়োগ করি। এবার যার প্রেসক্রিপশনটি সেই সিমিলিমামের খুব কাছাকাছি হয়, তখন সেটা আরোগ্যের দিকেই নিয়ে যায়। হয়তো বেশ ঘুরিয়ে পেঁচিয়ে যায় কিন্তু রোগী সত্যিই ভালো অনুভব করে। কিন্তু যেখানে বেশ শক্তিশালী কিন্তু আরোগ্যকারী নয় এমন একটা সম্পর্ক ধারণ করে- সেখানে প্রদত্ত ঔষধটি একটি বিঘ্ন হয়ে দেখা দেয়। সে বিভিন্ন লক্ষণগুলোকে এমনভাবে দুমড়ে মুচড়ে দেয়, রোগীর লক্ষণ সামগ্রিকতার এমন একটি অপ্রাকৃতিক ও বিকৃত পরিবর্তন আনে যে, সঠিক ঔষধ-চিত্র বেশ একটা সময়ের জন্য অন্তর্হিত হয়ে থাকে এবং এই কাজটি বার বার চলতে থাকলে সেই প্রকৃত রোগ বা ঔষধচিত্রকে আর পাওয়াই সম্ভব হয় না। এই কেইসগুলোকেই বলে ডিসরাপটেড কেইস। এজন্যই কেন্ট বলেছেন- আংশিক সদৃশ ঔষধ রোগীকে আরোগ্যের দিকেও নিতে পারে, আবার কেইসকে বিনষ্ট করার দিকে নিতে পারে।

এবং এই সম্পর্কের ভিত্তিতেই, ভিথোলকাস বলেছেন যে, কেইস ডিসরাপশন হয় মাঝামাঝি দক্ষতার চিকিৎসকদের দ্বারাই সবচেয়ে বেশি। কারণ, ভালো চিকিৎসক বরাবর বা অধিকাংশ ক্ষেত্রে সিমিলিমাম প্রেসক্রিপশন করতে পারেন বলেই তিনি ভালো চিকিৎসক। একদম বাজে বা অজ্ঞান চিকিৎসক এমন ঔষধ প্রয়োগই করতে সক্ষম হবে না যে, তা রোগীতে কোনো রকম প্রভাব সৃষ্টি করতে পারে। সেটা খাওয়া আর পানি খাওয়া সমান কথা। সেই ঔষধের সাথে রোগীর কোনো সংবেদনশীলতাই থাকে না। কাজেই তার কাজ থেকেও রোগীতে খুব বেশি অনিষ্ট সাধন হয় না (যদি না বোতল বোতল মাদার-টিংচার, প্যাটেন্ট বা যে কোনো প্রকারের অহোমিওপ্যাথিক উপায়ে রোগীকে আক্রমণ ও আহত করেন)। কিন্তু মাঝামাঝি দক্ষতার চিকিৎসকগণ সেই শক্তিশালী আংশিক সদৃশ ঔষধ প্রদান করতে থাকেন ও কেইস ডিসরাপটেড করতে থাকেন।

খুব গভীর ও সূক্ষ্মভাবে লক্ষ করলে একটা মজার বিষয় দেখতে পাবেন। আপনাদের মনে কখনো এই ব্যাপারটা দেখার বা বোঝার কৌতূলহ নিশ্চয়ই জেগেছে যে, ঔষধগুলোর সম্পর্ক বা রেমেডি রিলেশনশিপের তালিকায় শত্রু ঔষধ কিংবা এন্টিডোটিং ঔষধ হিসাবে আমাদের শাস্ত্রে যে নোট দেয়া আছে - সেই পারস্পরিক সম্পর্কিত ঔষধগুলো কেন এই সম্পর্ক ধারণ করে, এদের মাঝে সম্পর্কগুলো কোন প্রাকৃতিক বা সায়েন্টিফিক নীতির ভিত্তিতে সেটা ধারণ করে! কিংবা এই যে অনুকূল বা প্রতিকূল ঔষধ লেখে - এগুলো কোন সম্পর্কের ভিত্তিতে বা কোন নীতির ভিত্তিতে লিখে?

আমার প্রশ্ন জেগেছে, বহু বছর জ্বালিয়েছে। ধীরে ধীরে হয়তো কিছুটা বুঝতে পেরেছি। ধরুন, দুটি শত্রু ঔষধ - কস্টিকাম ও ফসফরাসের কথা। লক্ষণে প্রচণ্ড মিল! রোগী দেখতে গেলে কিংবা রেপার্টরি করতে গেলে দেখবেন - দু’টো মানিকজোড়ের মতো এসে বসে আছে। দুটো ঔষধকে যে খুব ভালোমতো বুঝতে পারেনি- কেবল লক্ষণের তালিকা দেখে এদের পার্থক্য করা তাদের জন্য অধিকাংশ সময়ই মুশকিল হয়ে দেখা দেয়। তার মানে এবার দেখুন - এ দুটোর একদিকে এত গভীর সূক্ষ্ম ও সার্বিক মিল; অন্যদিকে, একটা ঔষধ যদি রোগীতে প্রযোজ্য হয় - অন্যটি রোগীর জন্য বিষতূল্য। এমনকি একটার পরে আরেকটার ভুল ব্যবহারও এমন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যে, একবারের প্রয়োগও কেইসকে দীর্ঘকালের জন্য ডিসরাপট করে রাখতে পারে। এটাই হচ্ছে শত্রু ঔষধ বা এনিমি রেমিডিসের ব্যাখ্যা (আমার বিবেচনা অনুসারে)।

কাজেই, দেখতে পাচ্ছেন কেন আমি বলেছিলাম- কেইস ডিসরাপশনের ভিত্তিমূলে যে নীতি বা সম্পর্কটি রয়েছে সেটা হচ্ছে - সংবেদনশীলতার সম্পর্ক। এবার আমার প্রশ্ন,

”ব্যক্তির সবচাইতে সূক্ষ্ম, গভীর, সার্বিক সংবেদনশীলতার ক্ষেত্রটিতে আরোগ্যকারী নয়, কিন্তু সবচাইতে শক্তিশালী প্রভাব সৃষ্টি করে তাকে অত্যন্ত ভেতর থেকে পরিবর্তিত করতে পারার মতো প্রভাবকটি - উক্ত বৈশিষ্ট্যযুক্ত আংশিক সদৃশ ঔষধ ব্যতীত জগতের বুকে আর কোনটি হতে পারে?”

এই উত্তরটি পেলেই আপনি বুঝতে পারবেন - কেন আমি আংশিক সদৃশ ঔষধের মাধ্যমে সৃষ্ট ডিসরাপশনকে সবচাইতে ভয়ানক ও মারাত্মক বলছি! রোগীকে হালকা প্যালিয়েশন দিন, পরে অন্য কিছু না করলে- কয়েকদিন পরে তার মূল জায়গায় আবার ফেরত যাবে। খুব বাজে হেলথ না হলে, হালকা মাত্রার সাপ্রেশন করে দেখুন - রোগী প্রতিকূল অবস্থায় না থাকলে কিছুদিন পরে আবার তার রোগটিও ফেরত আসবে। কিন্তু উক্ত আংশিক সদৃশ ঔষধ যে পরিবর্তন সাধন করবে সেটা কিন্তু কেবল সময়-গত নয়! সেখানে পরিবর্তিত অবস্থার দীর্ঘসূত্রিতা তো থাকবেই, কিন্তু সেই সাথে সেখানে সে পরিবর্তন সাধন করবে গুণগত, বৈশিষ্ট্যগত ও রূপগত; যেখানে এতগুলো বৈশিষ্ট্যের এমন গভীর ও সূক্ষ্ম পরিবর্তন সাধন অন্য কোনো প্যাথি বা অন্য কোনো থেরাপিউটিক এপ্রোচ সাধারণভাবে পারে না। কাজেই, অন্য সমস্ত থেরাপির চাইতে যে কোনো বিবেচনায়, হোমিওপ্যাথিক আংশিক ঔষধের প্রয়োগ-সৃষ্ট কেইস-ডিসরাপশন ভয়ানক।

এরকম রোগী মাঝে মাঝেই দেখতে হয়। এদের অবস্থা ভয়ানক! তাদের আরোগ্য এভারেস্টে উঠার কিংবা তাকে উঠানোর মতো একটা ব্যাপার। বিশেষ করে, আমাদের দেশের হোমিওপ্যাথিক চিকিৎসক কম্যুনিটি ও শিক্ষার্থীদের অবস্থা সবচাইতে ভয়াবহ! তাদের এই বিশৃঙ্খল অবস্থা নিয়ে তারা রোগীতে কতটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন!

কাজেই এতগুলো পর্ব ও এর অন্তর্নিহিত বিষয়গুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে বিষয়টির অবতারণা। আমরা অলরেডি বিপযর্য়ে পড়ে গেছি, সাবধান না হলে সামনে হাহাকার একটা অবস্থা দেখতে পাবার সম্ভাবনা রয়েছে।

[পার্ট - ১, সমাপ্ত]

ডা. শাহীন মাহমুদ
চিফ ট্রেইনার, হোমিওডাইজেস্ট এডুকেশন ফ্যাকাল্টি
ফ্যাকাল্টি হেড ও চিফ ইনভেস্টিগেটর, হোমিওডাইজেস্ট রিসার্চ ফ্যাকাল্টি
বাংলাদেশ
মেইল: dr.shaheen.mahmud@gmail.com

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয় পর্ব - ৬অনাকাঙ্ক্ষিত ও বিস্ময়কর হলেও সত্য যে, ভুল হোমিওপ্যাথিক চিকিৎসা সবচ...
03/03/2026

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়
পর্ব - ৬

অনাকাঙ্ক্ষিত ও বিস্ময়কর হলেও সত্য যে, ভুল হোমিওপ্যাথিক চিকিৎসা সবচাইতে বাজে জাতের কেইস ডিসরাপশন সৃষ্টি করে থাকে। এ ব্যাপারে বিগত বহু মনীষী কিছু কিছু আভাস দিলেও বিশদ আলোচনা খুব একটা চোখে পড়েনি। আজকে এই পর্বটিতে এই ব্যাপারটি খোলাসা করে আলোচনা করছি।

ভিথোলকাস বলেন, হোমিওপ্যাথির চিকিৎসা ক্ষেত্রে খুব ভালো চিকিৎসক কিংবা খুব বাজে চিকিৎসক - এই দুই ক্যাটাগরির দ্বারা কেইসের তত বেশি অনিষ্ট সাধন হয় না, হয় মাঝামাঝি ক্যাটাগরির চিকিসক দ্বারা; যিনি একদম সঠিক কিংবা একদম ভুল ঔষধ নির্বাচন না করে, এবং কেইসের সঠিক গভীরতায় তাকে বিবেচনা না করে - আংশিক সদৃশ ঔষধ প্রদান করেন এবং করতে থাকেন। এই আংশিক সদৃশ ঔষধের ক্রিয়া সম্বন্ধে ডা. কেন্ট বলেন- তা একটি কেইসকে আরোগ্য করতে পারে, আবার বিনষ্টও (Spoil) করতে পারে।

ব্যাপারটি বোঝার জন্য - আংশিক সদৃশ ঔষধ ও কেইস ডিসরাপশনের সম্পর্কটাকে আমাদের একটু গভীরভাবে বুঝতে হবে। তাহলে আমরা এটাও বুঝতে পারবো যে, কোন ধরনের আংশিক সদৃশ ঔষধ, কিংবা কোন কোন ক্ষেত্র এ ধরনের ঔষধ প্রয়োগ আরোগ্যের দিকে নিয়ে যেতে পারে এবং কোন ক্ষেত্রগুলোতে, কেন তার উল্টো গতি সৃষ্টি হবে।

আর এই সম্পর্কটার ভিত্তি হচ্ছে - রোগীর সংবেদনশীলতা। এখানে সংবেদনশীলতা সম্বন্ধে দু’টি কথা না বললেই নয়। কারণ, আমি যতদূর লক্ষ করেছি - সংবেদনশীলতা ব্যাপারটা ধারণায় আনা অনেকের জন্য বেশি কঠিনই হবার কথা এবং আদতে এটা ঠিকঠাক উপলব্ধি করেছেন কম মানুষই। সংবেদনশীলতা বলতে আমরা সহজে যেভাবে বুঝতে পারি সেটা হচ্ছে: সংবেদনশীলতা হচ্ছে দুই বা ততোধিক বস্তু, বিষয় বা সত্তার মধ্যে বিদ্যমান এমন একটি সম্পর্কগত ক্ষমতা (relational capacity) — যেখানে একটির অবস্থা, পরিবর্তন বা প্রভাব অন্যটিতে একটি সুনির্দিষ্ট (ও সম্ভবত পরিমাপযোগ্য) প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই প্রতিক্রিয়ার মাত্রা, গতি ও প্রকৃতি নির্ভর করে গ্রহীতা সত্তার অন্তর্নিহিত গঠন, বিন্যাস, অবস্থা ও প্রস্তুতি ইত্যাদির (internal constitution, arrangement, state, and readiness, etc.) ওপর।

এই কথাটা জাস্ট রেফারেন্স হিসাবে আর্টিকেলটাতে উল্লেখ করে রাখছি যে: আমার যতদূর মনে হয়, এরই খুব সূক্ষ্ম, গভীর, ব্যাপক, ইমপ্লিকেট, এনফোল্ডেড ব্যাপারটাই কোয়ান্টাম এনট্যাংগেলম্যান্টের কারণ। এবং যদি এই দৃষ্টিভঙ্গি সত্য হয়, তাহলে সংবেদনশীলতা কেবল একটি প্রতিক্রিয়ার পরিমাপ নয় — এটি আসলে সত্তার অন্তর্নিহিত সংযোগের (inherent connectedness) একটি প্রকাশ। হোমিওপ্যাথিতে আমরা যখন বলি একজন ব্যক্তি ওষুধের প্রতি 'সংবেদনশীল', তখন আমরা আসলে বলছি — তার জীবনীশক্তি সেই ওষুধের সূক্ষ্ম কম্পনের (dynamic signature) সাথে resonance স্থাপন করতে সক্ষম। এটি কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়; এটি একটি dynamic, non-local relationship (যা ফিজিসিস্ট ডেভিড বোমের তত্বানুসারে implicate order-এর স্তরে ঘটে এবং explicate (প্রকাশিত) জগতে লক্ষণ হিসেবে দৃশ্যমান হয়।

উপরের ব্যাপারটা আমরা কিছুটা সহজে বুঝতে পারবো- প্রফেসর ভিথোলকাসের ‘এনার্জি/ফ্রিকোয়েন্সি তত্ব’ অনুসারে। দু’টো কম্পমান বস্তু একই ফ্রিকোয়েন্সিতে সবচাইতে শক্তিশালীভাবে রেজোন্যান্স - প্রকৃতির এই নীতির সাপেক্ষে তিনি (পুরো) হোমিওপ্যাথির যে পূর্ণাঙ্গ মৌলিক, সায়েন্টিফিক ও ভিত্তিমূলক ব্যাখ্যাটি প্রদান করেছেন - তার ভিত্তিতে। ভিথোলকাসের ‘সায়েন্স অব হোমিওপ্যাথি’ গ্রন্থে তার বিস্তারিত পেয়ে যাবেন; অন্যান্য গবেষণা, মৌলিক তত্ব ও তার ভিত্তিতে সর্বাধুনিক প্রযুক্তিগুলোর আবিষ্কার, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে তার প্রদত্ত বক্তৃতা ও তার নিজস্ব ভিডিওগুলোতে বাদবাকি বিষয় পেয়ে যাবেন।

যাই হোক, আমাদের শাস্ত্রগুলোতে সংবেদনশীলতা ব্যাপারটিকে নিয়ে যতটুকু গুরুত্ব ও গভীরতা নিয়ে আলোচনা মৌলিকভাবে করা প্রয়োজন ছিলো - তা একদমই করা হয়নি। হোমিওপ্যাথিকে বুঝতে চাইবেন, অথচ সংবেদনশীলতা ব্যাপারটিকে ধারণায় রাখবেন না - এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার!

এবার মূল প্রসঙ্গে ফিরি। কাজেই, রোগীতে প্রদত্ত একটি ঔষধ যদি সর্বোচ্চ সংবেদনশীল হয় এবং সেটা যদি সার্বিকভাবে হয় - সেটাকেই আমরা সিমিলিমাম ঔষধ বলি। অর্থাৎ, উক্ত ঔষধটি রোগীতে সবচাইতে শক্তিশালী স্টিমুলেশন দিতে সক্ষম এবং যার ঝংকার রোগীতে দীর্ঘদিন ধরে গভীরভাবে বিদ্যমান থাকবে। মানুষের মায়াজমেটিক জটিলতা, বিভিন্ন প্রকার কেমিক্যাল (এলোপ্যাথিক) ঔষধ, স্টেরয়েড, ভ্যাকসিন, স্ট্রেস, শক বা পরিবেশগত ও পারিপার্শ্বিকতাগত দুষণ ইত্যাদি কারণে বর্তমানে এই সিমিলিমাম খুব সুচিন্তিত বোধ ও পদক্ষেপ ছাড়া পাওয়া অসম্ভব। প্রফেসর ভিথোলকাসের এটাও একটা বড় আবিষ্কার যে, স্বাতন্ত্রতার ভিত্তিতে ব্যক্তির জীবনের যে কোনো সময়ে তার স্বাস্থ্যের বৈজ্ঞানিক পরিমাপ সম্পাদন করে, তার সাপেক্ষে তার জন্য ঠিক সেই মুহুর্তের সিমিলিমাম ঔষধটিকে নিশ্চিত করা। তিনি বলেন, বর্তমানের এই জটিলতার প্রেক্ষাপটে বড় সংখ্যক রোগীতেই পর পর যথাসময়ে কয়েকটি সঠিক ধারাবাহিকতায় ঔষধ প্রেসক্রাইব নিশ্চিত করতে হবে।

অনেকেই হয়তো বলবেন, এত চিন্তা, তত্ব বা সায়েন্সকে বিবেচনা না করেও তো আমরা বেশ বহু রোগীকে ভালো করছি। তারা একটা বিশাল বড় ভ্রান্তির মধ্যে রয়েছেন....

(চলবে)

ডা. শাহীন মাহমুদ
চিফ ট্রেইনার, হোমিওডাইজেস্ট এডুকেশন ফ্যাকাল্টি
ফ্যাকাল্টি হেড ও চিফ ইনভেস্টিগেটর, হোমিওডাইজেস্ট রিসার্চ ফ্যাকাল্টি
বাংলাদেশ
মেইল: dr.shaheen.mahmud@gmail.com

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়পর্ব - ৫আমরা বুঝতে চেষ্টা করছিলাম- বিভিন্ন ধরনের থেরাপিউটিক এপ্রোচ কীভাবে এ...
01/03/2026

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়
পর্ব - ৫

আমরা বুঝতে চেষ্টা করছিলাম- বিভিন্ন ধরনের থেরাপিউটিক এপ্রোচ কীভাবে একটা কেইসের ডিসরাপশনে ভূমিকা রাখতে পারে এবং সে প্রসঙ্গে আমরা ‘কনভেনশনাল ও অন্যান্য থেরাপিউটিক এপ্রোচ ’ নিয়ে কথা বলেছি। এবার অন্যান্য এপ্রোচগুলোতে খানিকটা চোখ বুলিয়ে নেয়া যাক:

খ) সার্জারি: এটি সবাই অবগত যে, সার্জারি আদতে কোনো চিকিৎসা নয়। এটি হচ্ছে - থেরাপিউটিক্যালি আরোগ্যে অপারগতা কিংবা অসম্ভাব্যতার ক্ষেত্রে বিকল্প পন্থা, যাকে বলা যায়- রোগাবস্থার কোনো নিরসন না করে, রোগীকে আপাতত বাঁচিয়ে রাখার কিংবা একটা প্যালিয়েটিভ সমাধান দেবার বাইপাস সিস্টেম। বহু ক্ষেত্রে, সেখানে অর্গান রিমুভ করা হয়। সামান্য সার্জারি কিংবা বহু ক্ষেত্রে অর্গান রিমুভ করা হলেও আমাদের শরীর সেখানে পুনঃভারসাম্য সৃষ্টি করতে সক্ষম হয় এবং তাতে খুব বেশি বিপত্তির সৃষ্টি হয় না। কিন্তু বহুসময় এই অর্গানের অভাব যেমন শরীর পূরণ করতে পারে না, আবার এই বাইপাস সিস্টেমের দরুন রোগাবস্থা ভিন্ন খাতে প্রবাহিত হয় এবং ভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। কিন্তু সচরাচর সেখানেও জীবনীশক্তির ‘বিচ্ছিন্ন’ নিয়ন্ত্রণজনক অবস্থা সৃষ্টি হয় না। কিন্তু এই ঘটনা যদি বার বার ঘটতে থাকে - তাহলে সেখানে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, তা একটা কেইসে ডিসরাপশন সৃষ্টি করতে পারে। বিশেষ করে, রোগী যখন তার সাথে অন্যান্য প্যালিয়েটিভ ও সাপ্রেসিভ মেজারসকে যুগপৎ ব্যবহার করতে থাকেন।

গ) ভ্যাকসিনেশন: এককথায় বললে, ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা ইচ্ছাকৃতভাবে ব্যক্তির ইমিউন সিস্টেমকে ম্যানিপুলেট করি, মডিফাই বা পরিবর্তন করি। ব্যাপারটা আজ অবধি, প্রকৃতির কোনো সার্বজনিন বৈজ্ঞানিক তত্বকে ভিত্তিতে রেখে করা হয় না; বরঞ্চ আমাদের ইমিউন সিস্টেমের ফ্রাগমেন্টেড রেসপন্সকে বিবেচনা করে প্রয়োগ করা হয় এবং পরীক্ষা বা ট্রায়ালের মাধ্যমে বোঝার চেষ্টা করা হয় সেটা ব্যক্তিতে সার্বিকভাবে কোনো অনিষ্ট সৃষ্টি করে কিনা। বহুসময় তার শর্ট-টার্ম ইফেক্টে, বা নগদে কোনো অনিষ্ট হবার প্রমাণ না পেয়ে তাকে ঢালাওভাবে প্রয়োগ করা হয়; যদিও পরবর্তীতে লং-টার্ম ইফেক্টে বহু মারাত্মক ও ভয়ানক ক্ষতি ধরা পড়ে।

মূলত এখানে জোর করে ব্যক্তির মাঝে ক্রনিক প্রিডিসপোজিশনকে ইনোকুলেট করানো হয়। প্রকৃতির একটি সার্বজনিন নীতি অর্গাননে বর্ণনা করা হয়েছে যে, ব্যক্তিতে শক্তিশালী বা ক্রনিক, গভীরতর রোগের প্রিডিসপোজিশন থাকলে - সেখানে কম শক্তিশালী সিমিলার কিংবা ডিস-সিমিলার রোগ আক্রমণ করতে পারে না। কাজেই, সাময়িকভাবে ব্যক্তি এপিডেমিক বা একিউট আক্রমণ থেকে রক্ষা পেলেও- আমরা ব্যক্তির সার্বিক স্বাস্থ্যের পদস্খলন ঘটিয়ে এই সুবিধাটি লাভ করি। এবং কেইস ডিসরাপশনে এই কাজটি বিশেষ ভূমিকা রাখার সম্ভাবনা রাখে।

এগুলো প্রচলিত চিকিৎসা-পদ্ধতি ও সার্জারিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কেইস ডিসরাপশনে তাদের ভূমিকা এবং এগুলো উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে - কীভাবে ব্যক্তিতে কেইস ডিসরাপশন হতে পারে, বা ডিসরাপটেড কেইসগুলোতে আমাদের কী কী ফ্যাক্টরকে বিবেচনা করতে হতে পারে - তাকে বোঝার চেষ্টা। বিস্তৃত পরিসরে চিন্তা করলে আরো ফ্যাক্টর এতে যোগ হবার সম্ভাবনা আছে, যেমন - মাদকদ্রব্যের ব্যবহার, তেজষ্ক্রিয়তা ইত্যাদি।

তবে যে বিষয়টি সবচাইতে সূক্ষ্মভাবে, গভীরভাবে ও অনন্যরূপে কেইস ডিসরাপশন ঘটাতে পারে - সেটা পৃথিবীর মূল আরোগ্যকারী চিকিৎসার ভুল ব্যবহার বা ভুল প্রয়োগ; অর্থাৎ, ভুল হোমিওপ্যাথিক চিকিৎসা।

বহুজনের কাছে ব্যাপারটি অবিশ্বাস্য ও বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু আদতে এটা সত্য। চলুন, আমরা একটু গভীরভাবে দেখার চেষ্টা করি- কীভাবে ভুল হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যক্তিতে সূক্ষ্ম, গভীর ও অনন্য কেইস ডিসরাপশন ঘটাতে পারে।

(চলবে)

ডা. শাহীন মাহমুদ
চিফ ট্রেইনার, হোমিওডাইজেস্ট এডুকেশন ফ্যাকাল্টি
ফ্যাকাল্টি হেড ও চিফ ইনভেস্টিগেটর, হোমিওডাইজেস্ট রিসার্চ ফ্যাকাল্টি
বাংলাদেশ
মেইল: dr.shaheen.mahmud@gmail.com

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়পর্ব - ৪এ প্রসঙ্গে প্রথমেই যে প্রশ্নটি করা দরকার তা হচ্ছে, প্রাকৃতিকভাবে কী...
27/02/2026

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়
পর্ব - ৪

এ প্রসঙ্গে প্রথমেই যে প্রশ্নটি করা দরকার তা হচ্ছে, প্রাকৃতিকভাবে কী একটা কেইস ডিসরাপটেড হতে পারে?

ব্যাপারটা প্রায় অসম্ভব ও অতি-বিরল। কোনো ধরনের মানবীয় হস্তক্ষেপ বা ঔষধ-প্রয়োগ, সার্জারি, ভ্যাকসিনেশন বা কোনো প্রকার অসঙ্গত থেরাপি প্রয়োগ ব্যতীত, কেবল প্রাকৃতিকভাবে কোনো কেইসকে ডিসরাপটেড হতে গেলে জীবন-প্রবাহের ক্ষেত্রে প্রায় অপ্রাকৃতিক ও অস্বাভাবিক ঘটনা-পরম্পরার মধ্যে দিয়ে যেতে হয়। অর্থাৎ, একজন ব্যক্তি কোনো একটা প্রতিকূল পরিস্থিতির দরুন তার মধ্যে লক্ষণের উদ্ভব ঘটছে এবং সেই সময় আরো একটা প্রতিকূল পরিস্থিতির প্রভাব এবং সেটা বিদ্যমান অবস্থায় আরো একটা...এভাবে পরপর শক্তিশালী প্রভাব যদি জীবনীশক্তিকে কিংকর্তব্যবিমূঢ় করে দিতে পারে - সেখানে আমরা প্রাকৃতিকভাবেই কেইস-ডিসরাপশনের ঘটনা পেলেও পেতে পারি- যা চিন্তা করা একদমই ইমাজিনারি হয়ে যায়।

মূলত কেইস ডিসরাপশন ঘটে দুই ভাবে:

১. প্রচলিত চিকিৎসা, সার্জারি, সাপ্রেশন, প্যালিয়েশন, ভ্যাকসিনেশন ইত্যাদি নন-কিউরেটিভ থেরাপি প্রয়োগ

২. ভুল, বিশেষ করে আংশিক সদৃশ (হোমিওপ্যাথিক) ঔষধ প্রয়োগের মাধ্যমে

এই দুই প্রকারের কেইস ডিসরাপশনকেই আমাদের একটু গভীরভাবে বুঝতে হবে। তবে, অনেকের জিজ্ঞাসা জাগতে পারে। ভুল ও আংশিক সদৃশ হোমিওপ্যাথিক চিকিৎসাকে তো আমি আলাদা করে না লিখে, এক নং পয়েন্টের সাথেই যুক্ত রাখতে পারতাম এবং এক কথায় বলতে পারতাম - যে কোনো অনারোগ্যকারী বা বেঠিক চিকিৎসার মাধ্যমে।

হ্যা, পারতাম। কিন্তু কেইসকে ডিসরাপট করার ক্ষেত্রে এ দুটোর খুব মৌলিক ও প্রকৃতিগত পার্থক্য আছে। এবং হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগে ডিসরাপশনের ক্ষেত্রে ব্যাপারটা এতটাই মারাত্মক যে, এই ক্ষেত্রটি আলাদাভাবে মনোযোগের দাবি রাখে। আমি ধীরে ধীরে এই দু’টো ব্যাপারকেই ধারাবাহিকভাবে আলোচনা করতে যাচ্ছি। আশা করছি, তাতে সকলের নিকট ব্যাপারটি স্বচ্ছ হবে। চলুন প্রথমে আলোচনা করা যাক, প্রথম কারণটিকে: প্রচলিত চিকিৎসা, সার্জারি, সাপ্রেশন, প্যালিয়েশন, ভ্যাকসিনেশন ইত্যাদি নন-কিউরেটিভ থেরাপি প্রয়োগ থেকে সৃষ্ট কেইস ডিসরাপশন। এবং তা বুঝতে গেলে এই চিকিৎসাগুলোর এই বিচিত্র থেরাপিউটিক ও সার্জিক্যাল পন্থাগুলো আমাদের জীবনীশক্তির ক্ষেত্রে কী ঘটনা ঘটায় তা আলাদা আলাদাভাবে একটু বুঝে নেয়া অধিকতর সঙ্গত হবে:

ক) প্রচলিত কনভেনশনাল ও অন্যান্য থেরাপিউটিক এপ্রোচ: থেরাপিউকি উপায়ে ক্রনিক ডিজিজ আরোগ্যের ক্ষেত্রে কনভেনশনাল চিকিৎসা পদ্ধতি প্রায় পুরোটাই ব্যর্থ। অন্যান্য থেরাপিউটিক এপ্রোচেরও অধিকাংশের ক্ষেত্রেও একই কথা খাটে। কিছু কিছু হলিস্টিক দর্শন, যেমন - চাইনিজ ট্রাডিশনাল মেডিসিন, আকুপাংচার, প্রাচীন আয়ুর্বেদী ইত্যাদি চিকিৎসাগুলো বহুসময় কিউরেটিভ উপায়ে আরোগ্যের ঘটনা ঘটালেও সেগুলো আসলে অসম্পূর্ণ। বিশেষ করে, বর্তমান সময়ের প্যাথলজিক্যালি সুগভীর ও অগ্রসরমান স্বাস্থ্যের ক্ষেত্রে এগুলো প্রায় অকাযর্কর। তারচেয়েও বড় কথা, চিকিৎসা একটি বিজ্ঞান যার মূলে নিহিত থাকে প্রাকৃতিক বিধান-সংবলিত রোগতত্ব, আরোগ্যতত্ব বা বলা যায় কিছু সায়েন্টিফিক সূত্র; যা উক্ত চিকিৎসা-ব্যবস্থাগুলোতে অনুপস্থিত। কাজেই, সেখানে মূলত যে ব্যাপারটিতে জোর প্রদান করা হয় তা হচ্ছে- রোগের অগ্রসরতাকে স্তিমিত করা, যথাসম্ভব পার্শ্ব-প্রতিক্রিয়া এড়িয়ে রোগীর লক্ষণগুলোকে হ্রাস করা, কিংবা দূর করা, রোগীর কেইসের ম্যানেজমেন্ট; এককথায়, প্যালিয়েশন এন্ড সাপ্রেশন।

(চলবে)

ডা. শাহীন মাহমুদ
চিফ ট্রেইনার, হোমিওডাইজেস্ট এডুকেশন ফ্যাকাল্টি
ফ্যাকাল্টি হেড ও চিফ ইনভেস্টিগেটর, হোমিওডাইজেস্ট রিসার্চ ফ্যাকাল্টি
বাংলাদেশ

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়পর্ব - ৩আমরা জানি, প্রকৃতি অত্যন্ত সুশৃঙ্খল ও ব্যত্যয়হীন পদ্ধতিতে কাজ করে। ...
25/02/2026

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়
পর্ব - ৩
আমরা জানি, প্রকৃতি অত্যন্ত সুশৃঙ্খল ও ব্যত্যয়হীন পদ্ধতিতে কাজ করে। মানুষের হস্তক্ষেপ ছাড়া সে নিজে একটা বিশাল শৃঙ্খলার নেটওয়ার্ক নিয়ে কাজ করে। আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ করেন - দেখবেন, রোগ যদিও কিছু প্রভাবসৃষ্ট জীবনীশক্তিকে কৃত আক্রমণের ফল কিন্তু জীবনীশক্তি কিন্তু অত সহজে বেতাল হয় না। সেই রোগাবস্থায়ও আপনি দেখবেন-

১. ম্যালেরিয়াতে নিদির্ষ্ট সময়ের পিরিয়ডিসিটিতে জ্বরের প্রকোপ
২. টাইফয়েডে জ্বরের নিদির্ষ্ট প্রকারের ছন্দময় বৃদ্ধি
৩. শীত-তাপ-ঘামের বিভিন্ন সুনির্দিষ্ট বিন্যাস
৪. বিভিন্ন একিউটের সুনিদির্ষ্ট সুপ্তিকাল, ভোগকাল, চূড়া-প্রকাশকাল ও সমাপ্তিকাল
৫. বিভিন্ন লক্ষণের সুনির্দিষ্ট পিরিয়ডিসিটি ও অল্টারনেশন
৬. বিভিন্ন লক্ষণগুচ্ছের চক্রাকার প্রকাশ

ইত্যাদির মতো অসংখ্য ঘটনা - যা অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, রোগাবস্থায়ও জীবনীশক্তির নিয়ন্ত্রণ থাকে। সে নড়েচড়ে বসতে বাধ্য হলেও, নিয়ন্ত্রণ থাকে পুরোমাত্রায়। সেখানে বায়ো-ক্লকের বিভিন্ন কিছুতে একদম ছন্দময় কিছু পরিবর্তন ঘটতে দেখা যায়। অর্থাৎ, এখানে আগের বায়ো-রিদমের জায়গায় জীবনীশক্তি স্রেফ নতুন ধরনের একটা বায়ো-রিদম তৈরি করতে বাধ্য হয়েছে, যা আগের মতো আরামদায়ক নয়।

আবার আমাদের নিরন্তর বিভিন্ন প্রকারের প্রকৃতি-বিরোধী সাপ্রেসিভ কিংবা প্যালিয়েটিভ কর্মকাণ্ডের, বিশেষ করে এন্টিবায়োটিকের অপব্যবহার ও ভ্যাকসিনেশনের ফলে বহু রোগীতে এখন আমরা পরীক্ষায় টাইফয়েড হয়েছে কিংবা ম্যালেরিয়া হয়েছে দেখতে পাই কিন্তু প্রকাশের সেই সুনির্দিষ্টি ছন্দ একদমই অনুপস্থিতও আমরা দেখতে পাই। কিংবা একজন রোগীতে বেশ ল্যাক ক্যানিনামের লক্ষণ হিসাবে তার ক্রনিক ফ্যারিন্জাইটিসের গলার ব্যথা দুই পাশে সুনির্দিষ্টভাবে পার্শ্ব-পরিবর্তন করে দেখা দিচ্ছিলো কিন্তু চিকিৎকের ভুল ঔষধের দরুন - অন্য সমস্ত লক্ষণের তারতম্যের সাথে সাথে এই পিরিয়ডিসিটিটিও মডিফায়েড হয়ে ছন্দ হারালো। এই যে পরিবর্তিত, সাথে ছন্দহীন একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে - এটাকেই বলে উক্ত কেইসটা ডিসরাপটেড হয়েছে। কেইসটা প্রাকৃতিক শৃঙ্খলাপদ্ধতির এমন জটিল জালে প্রবেশ করেছে যে, আমাদের বর্তমান জ্ঞানে তাকে আর বোঝা সম্ভব হচ্ছে না।

এই যে রোগীর কেইসের একটি বিচ্ছিন্ন (Discrete), অসুষম, এলোমেলো একটা অবস্থা, যেখানে প্রকৃতি বা ভাইটাল ফোর্সের কর্মকান্ড অযৌক্তিক ও নন-লিনিয়ার বলে মনে হচ্ছে- এটাকেই বলে কেইস ডিসরাপশন।

এখানকার মারাত্মক ব্যাপারটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন- এই কেইসের লক্ষণসমগ্রতা থেকে প্রাপ্ত টোটালিটি উক্ত কেইসটিকে আদতে আমাদের বোধযোগ্য উপায়ে রিপ্রেজেন্ট করছে না। আমাদের হোমিওপ্যাথিক কর্মপদ্ধতি যে লক্ষণ-সমগ্রতার ও লক্ষণ-সুষমতার উপর নির্ভর করে - এ ধরনের কেইসে তা পথ দেখাতে ব্যর্থ হয়।

আমরা জানি, ওয়ান-সাইডেড কেইস চিকিৎসা করা অত্যন্ত কঠিন, কারণ সেখানে প্রয়োজনীয় রকমের লক্ষণের অনুপস্থিতি থাকে। কিন্তু ডিসরাপটেড কেইসের ভয়াবহতা হচ্ছে - এখানে লক্ষণ উপস্থিত থাকে, হয়তো বহু কেইসে প্রয়োজনের চাইতে বেশিই থাকে, কিন্তু তা আমাদের হাতে থাকা কেইসটিকে উপস্থাপন করে না। ফলে, নতুন চিকিৎসক তো বটেই, অভিজ্ঞ চিকিৎসকদেরও পথহারা হবার ও ভুল সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা থাকে অনেক প্রবল।

ব্যাপারটাকে আরো ভালোভাবে বুঝতে- কীভাবে কেইস ডিসরাপটেড হয়, সে ব্যাপারে একটু আলোকপাত করা দরকার....

(চলবে)

ডা. শাহীন মাহমুদ
চিফ ট্রেইনার, হোমিওডাইজেস্ট এডুকেশন ফ্যাকাল্টি
ফ্যাকাল্টি হেড ও চিফ ইনভেস্টিগেটর, হোমিওডাইজেস্ট রিসার্চ ফ্যাকাল্টি
বাংলাদেশ

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়পর্ব - ২আরো একটা ব্যাপার আছে? আমরা জানি, জীবনীশক্তির বিশৃঙ্খলাই রোগের কারণ ...
23/02/2026

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়
পর্ব - ২

আরো একটা ব্যাপার আছে? আমরা জানি, জীবনীশক্তির বিশৃঙ্খলাই রোগের কারণ এবং তার প্রকাশিত চিহ্নগুলোই রোগলক্ষণ এবং তার সামগ্রিক চিত্রই টোটালিটি। তারমানে আমরা কিন্তু একবার ’রোগ’-কে বা ‘লক্ষণের সামগ্রিকতা’-কে “বিশৃঙ্খলা” বলছি রোগাবস্থা (Diseased State) নামে। আবার সেই একই ঘটনা-পরম্পরা বা কাজকেই আবার “বিশৃঙ্খলা” বলবো ডিসরাপশন নামে - সেটা কি যৌক্তিক হবে? নাম যেহেতু আলাদা- তার পরিচয়ও আলাদাই কী হবার কথা নয়? বা এই দুই প্রক্রিয়ার মধ্যে কী পার্থক্য থাকার কথা নয়?

তাহলে ডিসরাপশন কী? হ্যা, এটাও ভাইটাল ফোর্সের একধরনের বিশঙ্খলা - তবে রোগাবস্থা ভাইটাল ফোর্সের নিজের কাজের মধ্যে পরিবর্তন সূচিত করতে পারে কিন্তু সে সময় ভাইটাল ফোর্স নিজে এমন অবস্থায় থাকে না, যাকে বলা যেতে পারে আপাতদৃষ্টিতে নিয়ন্ত্রণহীন। সে রোগের অগ্রসরমানতার সাথে সাথে রোগীর দেহ-মনে প্রকৃতির বা বিজ্ঞানের সমস্ত নীতি অনুসরণ করে অনেকটা সরল পন্থায় ক্রিয়া করতে থাকে। ফলাফল স্বরূপ, রোগীর বংশগত ইতিহাস, রোগীর অতীত ইতিহাস, অতীত রোগের সাপ্রেশন ও বিবর্তন এবং এই দীর্ঘ পথপরিক্রমায় জীবনীশক্তির কাজ ও পরিবর্তনের একটি মোটমুটি স্বচ্ছ হলেও এক প্রকার রূপরেখা অঙ্কন করতে পারেন।

কিন্তু কেইস ডিসরাপশন - তার এমন এক ধরনের বিশৃঙ্খলা যেখানে জীবনীশক্তিকে মনে হয় খাপছাড়াভাবে নিয়ন্ত্রণহীন। একটা রোগের বিকাশ ও বিবর্তনের কোনো রেখা অঙ্কন করতে চাইলে সেখানে এক বা একাধিক বিচ্ছিন্ন (Discrete) ক্ষেত্র দেখতে পাওয়া যায়। ফলে জীবনীশক্তির কর্মধারা বোঝা কিংবা অনুমান করা যায় না।

ব্যাপারটা বোঝানোর জন্য একটা সুস্পষ্ট দৃষ্টান্ত উল্লেখ করা যায়: একজন প্রুভারকে ধরুন কোনো একটা ঔষধ প্রুভিং করা হচ্ছে। তাকে নিয়মতান্ত্রিকভাবে সতর্কতার সাথে কাজটি করা হচ্ছে এবং একবার ঔষধ ক্রিয়াশীল হলে - সে কী কী লক্ষণ প্রদর্শন করে তা নোট করা হচ্ছে। লক্ষণের সাপেক্ষে আগের ডোজের ক্রিয়া সমাপ্ত হলে পরবর্তী ডোজ দিয়ে পরীক্ষা করা হচ্ছে - আর কোন কোন নতুন লক্ষণ উৎপন্ন করতে পারে। এটা হচ্ছে, ঐ প্রুভিংকালীন সময়ে ব্যক্তিটির কৃত্রিম রোগাবস্থা।

এবার অন্য আরেকজন প্রুভারের কথা আমরা ভাবতে পারি, যে প্রদত্ত ঔষধটিতে একইরকম সংবেদনশীল ও লক্ষণ উৎপাদন করছে। কিন্তু তাকে একটা মাত্রা ঔষধ প্রয়োগের পর ও কিছু লক্ষণ উৎপাদন হবার পরই আবার আরেকটি মাত্রা প্রদান করা হলো এবং সেই মাত্রাও আরো কিছু লক্ষণ উৎপাদন করলো, আগের কিছু লক্ষণকে দূর করলো এবং কিছু লক্ষণকে তীব্র করলো; ঠিক সেই অবস্থায়ই আরেকটি মাত্রা প্রদান করা হলো এবং তার এই কৃত্রিম বিশৃঙ্খলাটি আরো বৃদ্ধি পেলো। মাত্র তিনটি মাত্রা প্রয়োগের দরুনই, আপনারা বুঝতে পারছেন- তার ঐ এত কষ্টের ও সাধের প্রুভিংয়ের আসলে কেনো মূল্য নেই। কারণ, এটা আমাদের জীবনীশক্তির একটি অযৌক্তিক ও কনফিউজড অবস্থাকে প্রকাশ করছে, যা ঔষধের প্রকৃত বিকাশ, বিবর্তন ও লক্ষণাবলীর একটি ভুল চিত্র উপস্থাপন করছে। এই কৃত্রিমভাবে সৃষ্টি বিশৃঙ্খলাটিই হচ্ছে: কেইস ডিসরাপশন। এটার সঠিক কী অনুবাদের উপস্থাপন করা যায়- সেটা স্থির করত পারিনি বলে; কেইসের এ ধরনের নষ্ট (Spoil) হওয়াকে আপাতত “কেইস বিনষ্ট” হওয়াই বলছি: যার অর্থ, একটা কেইসকে ভুল চিকিৎসার মাধ্যমে চিকিৎসার জন্য কষ্টকর, দুঃসাধ্য, ধ্বংস করে ফেলা।

আশা করি, এতক্ষণে কেইস ডিসরাপশন কাকে বলে এবং প্রাকৃতিক রোগাবস্থার সাথে এর পার্থক্য কী এবং স্বতন্ত্রভাবে তার পরিচয় কী - সেটা এতক্ষণে ধরতে পেরেছেন। তবে এটাকে ঠিকঠাকভাবে বুঝতে আরেকটু গোড়ার দিকের আরেকটা ব্যাপার সম্বন্ধে অন্তত ন্যূনতম ধারণা থাকতে হবে। আর সেটা হচ্ছে প্রকৃতির শৃঙ্খলার নীতি, যাকে কসমোলজি সায়েন্সের ভাষায় “কসমোলজিক্যাল অর্ডার” বলা যায়।

(চলবে)

ডা. শাহীন মাহমুদ
চিফ ট্রেইনার, হোমিওডাইজেস্ট এডুকেশন ফ্যাকাল্টি
ফ্যাকাল্টি হেড ও চিফ ইনভেস্টিগেটর, হোমিওডাইজেস্ট রিসার্চ ফ্যাকাল্টি
বাংলাদেশ

22/02/2026

অর্গানন সম্পর্কে যে বিষয়টি সবাইকে জানতেই হবে

অর্গানন অব মেডিসিন গ্রন্থটি আসলে কী? এটি কি বিজ্ঞান, নাকি দর্শন, নকি আর্ট? অনেকের মনেই এ প্রশ্নগুলো ঘোরপাক খায়। আজ এ বিষয়টি পরিচ্ছন্নভাবে আলোচনা করেছেন ডা, শাহীন মাহমুদ স্যার।

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়!পর্ব - ১বহু বছর ধরেই, এটা নিয়ে লিখবো লিখবো ভাবছি। কিন্তু হয়ে উঠছিলো না। আজ...
21/02/2026

কেইস ডিসরাপশন: ভুল চিকিৎসা সৃষ্ট গোপন বিপর্যয়!
পর্ব - ১
বহু বছর ধরেই, এটা নিয়ে লিখবো লিখবো ভাবছি। কিন্তু হয়ে উঠছিলো না। আজকে ঠেলেঠুলে বসে পড়লাম।

কেইস ডিসরাপশন বা হাতে আসা রোগীর স্বাস্থ্যগত অবস্থার ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা! খুব অগভীরভাবে পড়লে মনে হবে, ব্যাপারটা বুঝে গেছি। কিন্তু লেখাটা দেখতে যত সহজ - ঠিকঠাক বোঝা তত সহজ না। আমি এখনো এই ব্যাপারটি ঠিকমতো বুঝতে না পারায় - গ্লোবাল হোমিওপ্যাথিক কম্যুনিটির বহুজনকে রেপার্টরির বহু রুব্রিককে ভুল বুঝতে ও ভুল ব্যবহার করতে দেখেছি; নিদেনপক্ষে অস্বচ্ছ ধারণা নিয়ে তা ব্যবহার করতে দেখেছি।

আরো বড় ব্যাপার! কেইস ডিসরাপশন ব্যাপারটা আপনার চোখে স্বচ্ছভাবে ধরা পড়েনি মানে, আপনি হোমিওপ্যাথির ড্রাগস প্রুভিং, রোগীর টোটালিটি অব সিম্পটম্পস, দ্য মেকানিজম অব ভাইটাল ফোর্স, উইথ মাইন্ড-ইমোশন-বডি একটিভিটি উইথ দ্য রিলেশনশিপ অব ভাইটাল ফোর্স ইত্যাদি ব্যাপারগুলো আপনার কাছে স্বচ্ছ নয়। এবং ঘটনাটি এটাও নিশ্চিত করে যে, আপনার হাতে আপনার চিকিৎসাকৃত রোগীর অনিষ্ট হবার সম্ভাবনা প্রায় ষোল আনা।

কাজেই, যাকে ঠিকভাবে দেখতে ও বুঝতে পারা এতটা গুরুত্বপূর্ণ - সবার আগে তার পরিচয়টাতেই আগে আলোকপাত করা যাক। অর্থাৎ, আমরা বুঝে নিই - কেইস ডিসরাপশন কাকে বলে? এবং কেন ব্যাপারটা বোঝার ক্ষেত্রে আমাদের ত্রুটি থাকতে পারে।

এটা বলছি কারণ, আমি যা দেখতে পেয়েছি - অধিকাংশ জনই এই ডিসরাপশন বলতে বোঝেন রোগীতে প্রকাশিত লক্ষণের কোনো এক প্রকারের বিশৃঙ্খলা। কারো কাছে কি এর কোনো স্বচ্ছ উত্তর আছে যে সেই বিশৃঙ্খলা কোন প্রকারের? বা এই বিশৃঙ্খলার পেছনে প্রিন্সিপলস কী? সায়েন্সটা কী?

কেউ কেউ বলতে পারেন, দরকার কী? আমরা তো লক্ষণের নির্দেশনা অনুযায়ীই আমাদের চিকিৎসার কাজটি সম্পন্ন করবো, তাহলে তার পেছনের প্রিন্সিপলস আমাদের অন্তত এখানে কী কাজে লাগবে? তাদেরকে বলছি, এখানে বিপত্তিটা হচ্ছে- আপনি কিংবা আমি কিভাবে নিশ্চিত হবো যে, আমি বা আপনি আমাদের জ্ঞানের একদম পরিপূর্ণ সম্পূর্ণতায় গিয়ে পৌঁছেছি। আমার কাছে যে কেইস বিশৃঙ্খল, আপনার জ্ঞানের অগ্রসরতার গুণে সেটা আপনার কাছে অতি সরল কেইস হতে পারে কিংবা এর বিপরীতক্রমও সত্য হতে পারে।

একটা কেইস বিশৃঙ্খল কিনা - সেটা বোঝার জন্য যদি লক্ষণকেই কেবল নির্দেশক হিসাবে বিবেচনা করেন সেখানে আরেকটি বিপত্তি হচ্ছে: তা করতে আপনাকে বৈজ্ঞানিক হিসেব-নিকেশসহ ঘোষণা করতে হবে যে, আমাদের মেটেরিয়া মেডিকা পূর্ণ হয়ে গিয়েছে। আমাদের পক্ষে আর কোনো নতুন লক্ষণ পাওয়া বা ঔষধ পাওয়া সম্ভব নয়। কেন?! কারণ, আপনি খুব গভীরভাবে যদি লক্ষ করেন - দেখতে পারেন যে, রোগীর লক্ষণগুলোর শৃঙ্খলা ও বিশৃঙ্খলার ব্যাপারটি আমরা সবসময়ই একটি রিলেটিভ সম্পর্কের সাপেক্ষে চিন্তা করি। এবং সেই চিন্তার মূলবিন্দু হচ্ছে - আমাদের মেটেরিয়া মেডিকা।

অর্থাৎ, কোনো একজন ব্যক্তির ঔষধ যদি মেটেরিয়া মেডিকার কোনো একটা ঔষধের লক্ষণগুচ্ছের সাথে খুব যত ভালোভাবে মিলে যায় - কেইসটাকে আমরা তত সুশৃঙ্খল ভাবি। জ্ঞানের অপূর্ণাঙ্গতার ফ্যালাসি ও মেটেরিয়া মেডিকার জ্ঞানের ক্ষেত্রে চিকিৎসকের সীমাবদ্ধতা ছাড়াও, বড় যে ত্রুটিটি ঘটে তা হচ্ছে - আমরা ব্যক্তি বা বিচিত্র মানবজাতির ইন্ডিভিজুয়ালিটিকে একটা সীমাবদ্ধ চিন্তার সাপেক্ষে সীমিত করে নিচ্ছি। মানুষের অসীম সংখ্যক সম্ভাব্য লক্ষণকে আমি সীমিত কিছু ঔষধের আবর্তে ভাবতে বাধ্য হচ্ছি। অর্থাৎ, আমি একটা অসীম পরিসীমাকে কাজের সুবিধার্থে সসীম ক্ষেত্রফলে আটকে নিচ্ছি।

এমনকি মেটেরিয়া মেডিকার যে চর্চা আমাদের মধ্যে বিদ্যমান - অত্যন্ত সীমিত কিছু জায়গা ছাড়া আর সর্বত্র এই ত্রুটিজনক ভিত্তি নিয়েই চলমান। তার প্রমাণ পাবেন, সেরকম কিছু কেইস কি আপনি দেখেননি, যেখানে আপনি নিশ্চিত রোগীর কেইসটা একদম পানির মতো সহজ, ঔষধ দিলেই ভালো হয়ে যাবে; কিন্তু আপনাকে চরম বিস্মিত করে দিয়ে সেই কেইসে আপনি কোনো রেসপন্সেই করতে পারেননি, বা রেসপন্স সন্তোষজনক নয়, কিংবা বহু পরে গিয়ে রেসপন্স করতে পেরেছেন? আমার মতে, এর প্রকৃত প্রিন্সিপলটাতে অবগত থাকা অতি-জরুরি। এই আলোচনায়ও হয়তো কিছুমাত্রায় উঠে আসবে।

তাহলে, আমাদের কী দেখতে হবে? কীসের ভিত্তিতে আমরা নিশ্চিত করবো যে, একটা কেইস বিশৃঙ্খল কিনা? কেইস ডিসরাপশন আসলে কী জিনিস?

(চলবে)

ডা. শাহীন মাহমুদ
চিফ ট্রেইনার, হোমিওডাইজেস্ট এডুকেশন ফ্যাকাল্টি
ফ্যাকাল্টি হেড ও চিফ ইনভেস্টিগেটর, হোমিওডাইজেস্ট রিসার্চ ফ্যাকাল্টি
বাংলাদেশ

“অর্গানন গ্রন্থটি আসলে কী?: বিজ্ঞান, দর্শন, নাকি শিল্প হিসাবে লেখা?” আজ রাত ৯:৩০ এ হোমিওপ্যাথির মৌলিক এ বিষয়ে ক্লাস অনুষ...
20/02/2026

“অর্গানন গ্রন্থটি আসলে কী?: বিজ্ঞান, দর্শন, নাকি শিল্প হিসাবে লেখা?” আজ রাত ৯:৩০ এ হোমিওপ্যাথির মৌলিক এ বিষয়ে ক্লাস অনুষ্ঠিত হয়। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সাওম সাধনার মাসেও ক্লাসে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ক্লসটিকে প্রাণবন্ত করে তুলেছেন। হোমিওপ্যাথির প্রতি আপনাদের ভালোবাসা সত্যিই প্রশংসনীয়।

Address

116, Central Basabo, Shabujbag
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Homeodigest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Homeodigest:

Share

প্রকৃত ধারার হোমিওপ্যাথি চর্চায় আমাদের অভিযাত্রা

বহু সময় ও সংগ্রামের পর আজ বাংলাদেশে হোমিওপ্যাথিতে একটি নতুন দিগন্ত সূচনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিগত সময়ের চাইতে একদিকে যেমন হোমিওপ্যাথিক শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বহুগুণে বৃদ্ধি পেয়েছে জনমানুষের মধ্যে এর জনপ্রিয়তা। এটি একই সাথে যেমন একটি উপভোগ্য পরিস্থিতি, তেমনি থাকে এক আশংকা ও দায়িত্ববোধের প্রশ্ন। কারণ সংখ্যাগত বৃদ্ধির সাথে গুণগত মানটি অনেকসময়ই ব্যস্তানুপাতিক।

বিগত কয়েক দশকে এদেশে বহু হোমিওপ্যাথিক শিক্ষা-প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু সংখ্যায় বাড়লেও গুণগত মানটি কিন্তু এখনো প্রশ্নবিদ্ধই রয়ে গেছে। এদের মধ্যে কতজন শিক্ষার্থী হ্যানিমানের মূল লেখাগুলো পড়েছে ও উপলব্ধি করতে পারছে? কলেজ থেকে বেরোনোর পর কতজন দাবী করতে পারবে যে তারা হ্যানিমান, বাউনিংহোসেন, ক্লার্ক, কেন্ট, বোগার, লিপ, হেরিং বা আমাদের প্রবীণ শিক্ষকদের গুরুত্বপূর্ণ লেখাগুলো পড়েছে? কলেজের শিক্ষাব্যবস্থায়ই বা এদের মূল লেখাগুলোকে কতটা অনুসরণ করা হয়? হোমিওপ্যাথিক শিক্ষার্থীদের কতজন প্রকৃত ধারার চিকিৎসার ফলপ্রসূ ক্লিনিক্যাল ট্রেনিং পায়? হ্যানিমানের মূলনীতিগুলোর ব্যাপারে কতটা দক্ষতা শিক্ষার্থীদের মাঝে অর্জিত হয়?

সময়ের প্রয়োজনে হোমিওপ্যাথিতে বহু নতুন চিন্তার আবির্ভাব ঘটেছে। এর মধ্যে সবই যে হোমিওপ্যাথির মূলনীতি দ্বারা সমর্থিত তা নয়- আবার সবকিছুকে এককথায় উপেক্ষা করাও বাস্তবউপযোগী নয়। কিন্তু মূলধারায় দক্ষতা লাভের আগেই একজন শিক্ষার্থী হুটহাট কোন একটা নতুন কনসেপ্ট বা আইডিয়ার পেছনে অনেক সময় ছুটতে শুরু করে। প্রথম জেনারেশনের হোমিওপ্যাথদের শিক্ষার ব্যাপারে কোন ধারণা লাভ না করেই, নিজেদের ভিত্তিকে হোমিওপ্যাথির প্রকৃত নিয়ম-নীতির উপর প্রতিষ্ঠিত না করেই, তারা এসব ধারণাগুলোতে প্রবিষ্ট হয় কিংবা এই ধারণাগুলো তাদের মধ্যে প্রবিষ্ট হয়। এর ফলাফল কিন্তু অত্যন্ত নেতিবাচক হবার সম্ভাবনাই প্রবল।

মূলত আমাদের শিক্ষাক্ষেত্রটিতে, একদিকে যেমন হোমিওপ্যাথির ক্লাসিক্যাল শিক্ষার ভিত্তিটি অপরিহার্য, অন্যদিকে সময়ের প্রয়োজনে হোমিওপ্যাথির সেই মূল নিয়ম-নীতি ও ভিত্তির উপর গড়ে উঠা আধুনিক অগ্রগতিকেও প্রত্যেকটি হোমিওপ্যাথের জানতে হবে। তার সাথে, শিক্ষার্থীদের প্রয়োজন যথাযথ ক্লিনিক্যাল প্রশিক্ষণ। শিক্ষার মান বৃদ্ধি করা, তাকে একটি আদর্শ রূপদান করা এখন সময়ের দাবী।