10/05/2026
আমার এক রোগীর একটি কথা আমাকে সত্যিই খুব অবাক করেছে.....
আজ সেই ঘটনাটি থেকেই কিছু কথা বলতে চাই—বিশেষ করে তাদের জন্য, যারা মনে করেন “বিয়ে হয়ে যাওয়া” মানেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শেষ, এরপর নিজের সৌন্দর্য, ব্যক্তিত্ব বা নিজেকে ভালো রাখার আর কোনো প্রয়োজন নেই।
এবার ঘটনাটি বলি.....
এক মহিলা রোগী আমার কাছে এসেছিলেন দাঁতের ট্রিটমেন্ট করাতে , আর্থিকভাবে তারা মোটামুটি স্বচ্ছল। তার সামনের দুটো দাঁত অনেক ফাঁকা ছিল, যা তার হাসিকে বিব্রতকর অবস্থায় ফেলছিলো। তাই আমি তাকে বললাম, “আপু, চাইলে সামনের দাঁতগুলো ঠিক করিয়ে নিতে পারেন। আপনাকে সুন্দর লাগবে।”
উনি হেসে উত্তর দিলেন,
“আমার তো বেচাকেনা হয়ে গেছে!”অর্থাৎ, তার বিয়ে হয়ে গেছে—এখন আর নিজের সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই।
কথাটা শুনে সত্যিই খারাপ লেগেছিল। কারণ এমন অনেক নারী রোগীই আমি পাই, যারা মনে করেন সৌন্দর্য বা নিজেকে গুছিয়ে রাখা শুধু বিয়ের আগ পর্যন্তই জরুরি—ভালো একটা বিয়ে হওয়ার জন্য। বিয়ে হয়ে গেলে নিজের প্রতি যত্ন, আত্মবিশ্বাস বা সুন্দর থাকার আর কোনো মূল্য নেই।
এই ধারণাটি খুবই দুঃখজনক।
প্রতিটি মানুষই সুন্দরকে ভালোবাসে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো—নিজের কাছে নিজেকে সুন্দর লাগা। কারণ আপনি যখন আয়নায় নিজেকে দেখে ভালো অনুভব করবেন, তখন আপনার মনও ভালো থাকবে। আর মন ভালো থাকলে আপনি পরিবার, সংসার এবং সমাজ—সব জায়গাতেই ইতিবাচকতা ছড়াতে পারবেন।
অন্যদিকে, যদি নিজের কাছেই নিজেকে অবহেলিত বা অনাকর্ষণীয় মনে হয়, তাহলে সেই অস্বস্তি ধীরে ধীরে মনের উপর প্রভাব ফেলে। তখন শুধু সমাজ নয়, নিজের সংসারেও পুরোপুরি আনন্দ ও আত্মবিশ্বাস নিয়ে কিছু দেওয়া কঠিন হয়ে যায়।
বিয়ে কোনো নারীর “শেষ গন্তব্য” নয়।
নিজেকে ভালো রাখা, নিজের প্রতি যত্ন নেওয়া এবং আত্মবিশ্বাসী থাকা—এসবের প্রয়োজন জীবনের প্রতিটি ধাপেই আছে। কারণ আপনি সুন্দর থাকবেন প্রথমত নিজের জন্য, তারপর অন্য কারও জন্য।