02/02/2026
সামাজিক মাধ্যমে 'এপস্টেইন ফাইল' নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। অনেকেই আবার দ্বিধান্বিত বিষয়টি নিয়ে, অনেক জায়গায় আংশিক তথ্য পাওয়া যাচ্ছে, তাই এই বিষয়ে একটি সারসংক্ষেপ জানাচ্ছি।
"এপস্টেইন ফাইল" বলতে মূলত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইন (Jeffrey Epstein) সংক্রান্ত হাজার হাজার পৃষ্ঠার আইনি নথিপত্রকে বোঝানো হয়েছে। এপস্টেইন একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী ছিলেন, যার বিরুদ্ধে প্রভাবশালী ব্যক্তিদের জন্য একটি আন্তর্জাতিক যৌন পাচার চক্র চালানোর অভিযোগ ছিল। এই চক্র মূলত ১৮ এর নীচে, ১২-১৭ বছরের মেয়েদের টার্গেট করতো।
২০২৪ সালের শুরুর দিকে আদালত এই নথির একটি বড় অংশ জনসমক্ষে প্রকাশ করার নির্দেশ দিলে এটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে।
ফাইলগুলো সম্পর্কে মূল বিষয়বস্তুঃ
১. এই ফাইলগুলো কোথা থেকে এলো?
এই নথিগুলো মূলত ভার্জিনিয়া জুফ্রে (Virginia Giuffre) নামক এক নারীর দায়ের করা একটি মামলা থেকে এসেছে। তিনি এপস্টেইনের সহযোগী গিলেইন ম্যাক্সওয়েল (Ghislaine Maxwell) এর বিরুদ্ধে মামলা করেছিলেন। জুফ্রে অভিযোগ করেছিলেন যে, অপ্রাপ্তবয়স্ক থাকাকালীন তাকে এপস্টেইন এবং তার প্রভাবশালী বন্ধুদের সাথে যৌনকর্মে বাধ্য করা হয়েছিল।
২. এই ফাইলে কাদের নাম আছে?
নথিতে প্রায় ১৫০ জনেরও বেশি মানুষের নাম উঠে এসেছে, যার ভেতর বিল ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রু, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, স্টিফেন হকিং-এর মতো বিখ্যাত ব্যক্তিদের নাম দেখা গেছে। তবে এদের অনেকের বিরুদ্ধেই কোনো অপরাধের প্রমাণ মেলেনি।
এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি; সেটা হচ্ছে তালিকায় নাম থাকা মানেই তারা যে অপরাধী, এমনটা নয়। বিভিন্ন কারণেই তালিকায় নাম থাকতে পারে। যেমনঃ-
*তারা এপস্টেইনের বন্ধু বা পরিচিত ছিলেন।
*তারা এপস্টেইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন।
*তারা এপস্টেইনের বাড়িতে অতিথি হিসেবে গিয়েছিলেন।
৩. কেন এটি এত গুরুত্বপূর্ণ?
এপস্টেইন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ ছিলেন। ফাইলগুলো থেকে বোঝা যায়, কীভাবে প্রভাবশালী ব্যক্তিরা এই চক্রের সাথে যুক্ত ছিলেন বা এটি সম্পর্কে জানার পরও, তারা সেটি গোপন করে গেছেন।
উপসংহারঃ
২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এপস্টেইনকে। বিচার চলাকালীন ম্যানহাটনের একটি জেলখানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটিকে 'আত্মহত্যা' বলা হলেও এই মৃত্যু নিয়ে প্রচুর বিতর্ক এবং ষড়যন্ত্রতত্ত্ব প্রচলিত আছে।
এই ফাইল কোনো গোপন তালিকা নয় বরং আদালতের আইনি নথি, যা সমাজের উচ্চস্তরের মানুষের অন্ধকার দিকগুলো প্রকাশ করে দিয়েছে।
- Maksudul Haque