29/04/2026
বজ্রপাত থেকে বাঁচার উপায়
পৃথিবীতে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও ১০০ বজ্রপাত হয়। ফলে বজ্রপাতে মৃত্যুর হাত থেকে বাঁচা একটু কঠিনই বটে। তবে সতর্ক থাকলে মৃত্যুহার কমানো যায়। বজ্রপাত থেকে বাঁচতে যা করবেন:
১. বজ্রপাতের সময় খোলা মাঠে বা খোলা স্থানে দাঁড়াবেন না। গাছের নিচেও আশ্রয় নেওয়া উচিৎ নয়। কারণ খোলা স্থানে গাছের ওপর বজ্রপাত বেশি হয়। এর একটা কারণ আছে। গাছ মাটি বা ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত। বজ্রপাতের সময় ভূপৃষ্ঠে যে ধনাত্মক চার্জ আবিষ্ট হয়, তা ভূপৃষ্ঠ থেকে মেঘের ঋণাত্মক চার্জের আকর্ষণে গাছের মাথায় চলে যায়। ফলে বড় গাছের মাথা মেঘের কাছাকাছি থাকে। তাই বড় গাছে বা টাওয়ারের ওপর বেশি বজ্রপাত হয়। সম্ভব হলে বজ্রপাতের সময় বিল্ডিংয়ে থাকা ভালো। কারণ, বিল্ডিংয়ে থাকে লোহার রড। এগুলো বিদ্যুৎ পরিবাহী। ফলে পাকা বাড়িতে বজ্রপাত হলে মেঘ থেকে ইলেকট্রন লোহার রডের ভেতর দিয়ে মাটিতে চলে যায়।
২. পানির কাছে যাওয়া যাবে না। কারণ পানি বিদ্যুৎ সুপরিবাহী।
৩. মোটর সাইকেল বা সাইকেলে থাকলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।
৪. বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করা যায়। তবে ল্যান্ড ফোন খুব বিপদজনক। কারণ এটি তার দিয়ে যুক্ত থাকে।
৫. বাড়ির সব ইলেকট্রিক জিনিস, যেমন টিভি, ফ্রিজ, ফ্যান, এসি ইত্যাদির প্লাগ খুলে রাখতে হবে।
৬. ফাঁকা মাঠে থাকলে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বসে পড়ুন। তবে মাটিতে শুয়ে পড়বেন না।
৭. গাড়িতে থাকলে জানালা বন্ধ করে দিন। গাড়ির ধাতব পদার্থগুলো বিদ্যুৎ সুপরিবাহী। ফলে গাড়িতে বজ্রপাত হলে গাড়ির ধাতব পদার্থের মধ্য দিয়ে মেঘ থেকে আসা ইলেকট্রন মাটিতে চলে যায়। তাই গাড়িতে বসে গাড়ির ধাতব পদার্থ স্পর্শ করবেন না।
collectd
#বজ্রপাত