26/03/2026
এক রাকির পোস্ট সামনে এলো। কোন এক জায়গায় তিনি রুকইয়াহ করতে গিয়ে কী করলেন না করলেন সেটাই লিখছেন। কিন্তু ছবি দিলেন এক মহিলার। মহিলার পরনে সালোয়ার কামিজ এবং মাথায় উড়না দেয়া, হাত পা মুখ খোলা। এই অবস্থাতেই এই ব্যক্তি ছবি তুলে সেটা দিয়ে দিয়েছেন। তবে অনুগ্রহ করে মুখ আর হাতে স্কিকার লাগিয়ে দিয়েছেন!
এই ধরনের প্রেকটিস খুবই খারাপ। প্রথম কথা হলো,তিনি রুকইয়াহ করতে গেলেন কিন্তু রোগীর পর্দার কথা খেয়াল করলেন না, এটা কেমন হলো! ওই রুকইয়াতে কী ফায়দা যেখানে ফরজ বিধান লঙ্ঘিত হচ্ছে? দ্বিতীয়ত, রোগীর ছবি তিনি অনুমতি ব্যতীত নিবেন এবং পেইজে দিবেন কেন? যদি বলা হয় অনুমতি নিয়েছেন তারপরও প্রশ্ন থাকে পেইজে কেন ছবি দিতে হবে? বেশি রিচ হবার জন্য?
এতো গেলো একজনের কথা। বিভিন্ন রাকি বিভিন্ন মেসেজের স্ক্রিনশট, অদ্ভুত অদ্ভুত ঘটনা, যেগুলো অনেক সময় মারাত্মক অসামাজিক, শেয়ার করে থাকেন নিজেদের রুকইয়ার ঘটনা লিখতে। ভাই, রুকইয়াহ ফিল্ড জিনিসটাই অস্বাভাবিক ঘটনার। এসব কথা তো সবার জানা জরুরি না। জরুরি শিক্ষাটুকু। সেটুকুই লেখা বাঞ্ছনীয়।
হ্যাঁ, আমি বুঝি রুকইয়াহ যেহেতু একটি সার্ভিসও, সেহেতু তার প্রচারণার দরকার আছে বটে। কিন্তু এজন্য দৃষ্টিকটু উপায় অবলম্বন না করাই ভালো। ভালোভাবে কাজ করলে প্রচার এমনিতেই হবে।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।