24/04/2026
৬ মাসের গর্ভবতী এক রোগী আসলেন স্বামীর সাথে। অনেক বছর ধরে এলার্জি ছাড়াও তার বিভিন্ন রোগ কিন্তু কখনো ডাক্তার দেখাননি! এমনকি প্রেগন্যান্ট হওয়ার পর এই ৬ মাসে একবারও আল্ট্রাসনোগ্রাম করেননি, ডাক্তারের কাছে কোন চেকআপ ও করেননি! এর মধ্যে একবার নাকি শরীরে রক্তশূন্যতা হয়ে সাদা হয়ে গেছিল তারপরেও চিকিৎসা করেন নি। এখন অনেকটা না পারতে আমার কাছে এসেছে এমন অবস্থা!
আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে জিগেস করলাম "ডাক্তার না দেখানোর কারণ কি!"
রোগীর স্বামী মহোদয় বিরস গলায় বললেন, "এসব তো ইসলামে মানা আছে তাই।"
আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না! কোনমতে বললাম, "কোনগুলো ইসলামে মানা?"
রোগীর স্বামীঃ "এইযে আল্ট্রা করা, চিকিৎসা করা, ওষুধ খাওয়া এগুলো তো ইসলামে পছন্দ করে না।"
আমিঃ "ইসলামে চিকিৎসা করতে মানা এটা তো জানি না! আমি তো জানি জান বাঁচানো ফরজ! রোগ হলে চিকিৎসা করতে তো কোথাও মানা করা হয় নি! আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি ব্যবহার করে মানুষ নতুন নতুন চিকিৎসা আবিস্কার করেছে, এগুলো তো আল্লাহর নিয়ামত! আল্লাহর নিয়ামত গ্রহণ করতে মানা কেন হবে?!"
রোগীর স্বামীঃ "আগের কালে তো এসব কিছুই ছিল না। তখন তো কেউ চিকিৎসা নিত না। এখন অযথা এসব আবিষ্কার করেছে।"
আমিঃ "আগের কালে তো গাড়িও ছিল না। মানুষ উটের পিঠে করে চলাচল করতো। আপনি আমার এখানে আসার সময় গাড়িতে এসেছেন নাকি উটের পিঠে করে এসেছেন?"
এটা শুনে স্বামী চুপ, আর বউটা ফিক করে হেসে দিল! মনে হলো এতো সুন্দর মেয়েটা অনেক দিন পর মন খুলে হাসলো। কোন মতে বুঝিয়ে সুঝিয়ে কিছু চিকিৎসা দিয়ে অন্তত একটা আল্ট্রাসনোগ্রাম করতে পাঠালাম।