11/03/2026
ঐক্যের আহ্বানে ময়মনসিংহে আহলে সুন্নাতের ইফতার-মিলাদ মাহফিল — ১৩ উপজেলায় শক্তিশালী কমিটি গঠনের উদ্যোগ, দ্বীনি খেদমতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে এক প্রেরণাদায়ক ইফতার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় তারাকান্দা উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিল সুন্নি জনতার মধ্যে ঐক্য, সংগঠন ও দ্বীনি খেদমতের নতুন প্রত্যাশা জাগিয়ে তোলে।
মাহফিলে বক্তারা বলেন, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার সমন্বয়ে একটি শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকরী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সুন্নি জনতার আকিদা-আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি। দ্বীনি শিক্ষা বিস্তার, মানবিক সেবা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
মাহফিলে উপস্থিত আলেম-ওলামা ও সংগঠকরা বলেন, পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই সুন্নি সমাজকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে পবিত্র মিলাদ শরিফ পাঠ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং সম্মিলিত ইফতারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠক শাহ সুফি মাওলানা শেখ জুলহাস নূরী, শাহ সুফি মাওলানা ছামিদুল ইসলাম সবুজ রেজভী, বুলবুল আহমদ মোমেনশাহী, আব্দুল কুদ্দুস ভাণ্ডারী, উজ্জ্বল মাস্টার, মাহবুব রেজভী ও সোহানুর রহমান রাব্বীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
প্রাণবন্ত এ মাহফিল সুন্নি সমাজের ঐক্য ও দ্বীনি খেদমতে নতুন উদ্দীপনা সৃষ্টির বার্তা দিয়ে শেষ হয়।