24/08/2024
বন্যাকবলিত এলাকায় খামারপ্রাণি/গবাদি প্রাণি এবং পথপ্রাণি রক্ষা ও উদ্ধার নির্দেশনা:
Salma Sultana, ডিভিএম
এমএস-ফার্মাকোলজি, পিএইচডি ফেলো-মাইক্রোবায়োলজি
চেয়ারম্যান, মডেল লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন
নির্বাহী পরিচালক, মডেল লাইভস্টক ইনস্টিটিউট ও ভেটেরিনারি হাসপাতাল ঢাকা
গবেষণা সহকারী, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
বন্যাপ্রবণ এলাকায় খামারপ্রাণি, এবং পথপ্রাণিদের সুরক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা গুরুত্বপূর্ণ। এখানে কিছু কার্যকরী পন্থা তুলে ধরা হলো, যেগুলি বন্যাকবলিত এলাকার প্রাণিদের উদ্ধার, তাদের স্বাস্থ্য ঝুঁকি কমানো এবং পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে পারে:
১. উদ্ধার কার্যক্রম ও অস্থায়ী আশ্রয়স্থল তৈরি:
👉 প্রত্যন্ত এলাকা থেকে প্রাণীদের নিরাপদ স্থানে স্থানান্তর করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠন গুলি যৌথভাবে ছোট নৌকা, বাঁশের ভেলা ইত্যাদি ব্যবহার করে বিপদগ্রস্ত প্রাণীদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে পারে।
👉 উঁচু জায়গা বা নিরাপদ স্কুল ভবন, মসজিদ, মন্দির ইত্যাদিকে অস্থায়ী আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এসব স্থানে প্রাণিদের জন্য খাদ্য ও পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
👉 আশ্রয়ের অভাবে পানিতে আটকে পরা প্রাণিদের জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাহায্যে দ্রুত অস্থায়ী আশ্রয় তৈরি করতে হবে যেখানে পর্যাপ্ত বায়ুচলাচল এবং পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা থাকবে যাতে সংক্রামক রোগের বিস্তার রোধ করা যায়।
২. খাদ্য এবং পুষ্টি সরবরাহ:
👉 তৃণভোজী প্রাণিদের জন্য ঘাস, খড়, এবং শস্য সরবরাহের ব্যবস্থা করতে হবে। ত্রাণ বিতরণে বিশেষ প্যাকেজ তৈরি করা যেতে পারে যাতে। প্রোটিন এবং পুষ্টিসমৃদ্ধ খাবার যেমন ভুট্টা, গমের চূর্ণ, দানাদার খাদ্য সরবরাহ করতে হবে যাতে তারা দুর্বল না হয়ে পড়ে।
👉 পথপ্রাণিদের জন্য: কুকুরের জন্য শুকনো কুকুরের খাবার (dog kibble) উপযুক্ত হলেও, সহজলভ্যতার কারণে ভাত বা রুটি সামান্য সেদ্ধ মুরগি, ডিম বা মাছের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। বিড়ালের জন্যও শুকনো খাবার (cat kibble), তবে ভাত বা মাছ সেদ্ধ করে দেওয়া যেতে পারে। কুকুরের জন্য সেদ্ধ আলু বা গাজর এবং বিড়ালের জন্য হালকা সেদ্ধ সবজি দেওয়া যেতে পারে, তবে খাদ্যতালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার প্রাধান্য দিতে হবে।
👉 সকল প্রাণিদের জন্য পরিচ্ছন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বোতলজাত পানি কিংবা ফিল্টার ব্যবহার করা যেতে পারে।
৩. স্বাস্থ্য ঝুঁকি ও সংক্রমণ প্রতিরোধ:
👉 প্রাণি চিকিৎসা দল গঠন করে তাদের প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসাসেবা সরবরাহ করা জরুরী।
👉 প্রাথমিক চিকিৎসার জন্য ব্যথানাশক ও অ্যান্টিসেপ্টিক ওষুধ ব্যবহার করা যায় ও সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ব্যবহার করা প্রয়োজন, বিশেষত যারা বন্যার পানির সংস্পর্শে এসেছে।
👉 যদি প্রাণিদের টিকা দেওয়া না হয়, দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
👉 মানসিক চাপ ও প্রাণিকল্যাণ ব্যবস্থাপনা করতে প্রাণিদের অন্য প্রাণীদের সাথে রাখা উচিৎ।
৪. স্থানীয় জনগণের ভূমিকা ও সমন্বয়:
👉 স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থা এবং স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে যাতে দ্রুত চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা যায়।
👉 প্রাণি চিকিৎসা শিবির স্থাপন করা যেখানে প্রাণিদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা যাবে।
প্রাণি সংরক্ষণের জন্য স্থানীয় সংস্থার সাথে যোগাযোগ করে বিশেষ প্যাকেজের মাধ্যমে খাদ্য ও ওষুধ সরবরাহ করা।
👉 প্রতিনিয়ত আপডেট প্রদান করা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বা স্থানীয় মিডিয়ার মাধ্যমে পরামর্শ প্রদান করে সচেতনতা বৃদ্ধি করা যেন খামারী ও সাধারণ জনগণ কিভাবে নিজেরাই প্রাথমিক সহায়তা করতে পারে।
৫. দীর্ঘমেয়াদি সুরক্ষা:
👉 ভবিষ্যতে খামারগুলোতে উঁচু মাঁচা তৈরি করা যেতে পারে, যাতে বন্যার সময় প্রাণিগুলি নিরাপদে থাকতে পারে ও খাদ্য, পানি এবং ওষুধ মজুত রাখা অধিকতরও খারাপ অবস্থা মোকাবেলা করার জন্য।
👉 টিকা প্রদান ও স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প চালু করে প্রাণিদের রোগ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া দরকার।
উপরোক্ত নির্দেশনাগুলো অনুসরণের মাধ্যমে খামার প্রাণি ও পথপ্রাণিদের বাঁচিয়ে রাখা এবং তাদের জন্য খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করা সম্ভব হবে, যা বন্যার সময় পানিবন্দি খামারী তথা যে কোন সাধারণ মানুষের উপকারে আসতে পারে। ধন্যবাদ।
#ফেনী #নোয়াখালী #কুমিল্লা #বন্যা #পশু