20 Minute Medical

20 Minute Medical 20 Minute Medical is a platform to improve the skills of medical student, Psychology Student, Nutrition Students & Professionals the country in online media.

We also provide specialized Healthcare Consultancy services

10/05/2026

বাংলাদেশে একটি অদ্ভুত এবং উদ্বেগজনক প্রবণতা বহু বছর ধরে দেখা যাচ্ছে— শিশুর প্রকৃত বয়স ইচ্ছাকৃতভাবে কমিয়ে Birth Certificate তৈরি করা। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই কাজটি করে স্বয়ং পিতামাতাই। অনেক অভিভাবক মনে করেন বয়স এক বা দুই বছর কমিয়ে রাখাটা অনেক “চালাকি” বা ভবিষ্যতের জন্য “স্মার্ট সিদ্ধান্ত”। কিন্তু বাস্তবে এই ভুল সিদ্ধান্তের ক্ষতি বহন করতে হয় শিশুকেই।

একটি শিশুর বয়স শুধু একটি সংখ্যা নয়। বয়সের সাথে জড়িত থাকে তার শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ, সামাজিক দক্ষতা, শিক্ষাগত সক্ষমতা এবং চিকিৎসাগত প্রয়োজন। যখন জন্মসনদে বয়স ভুলভাবে কমিয়ে দেওয়া হয়, তখন শিশুর পুরো Developmental Identity-ই ভুলভাবে উপস্থাপিত হয়।

ধরুন, একটি শিশুর প্রকৃত বয়স ৭ বছর। কিন্তু তার Birth Certificate-এ বয়স লেখা হয়েছে ৫ বছর। এখন ডাক্তার যদি কাগজে থাকা বয়স অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা করেন, তাহলে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কারণ চিকিৎসাবিজ্ঞানে বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ওষুধের ডোজ, আচরণগত মূল্যায়ন, Developmental Milestone এবং থেরাপির পরিকল্পনা বয়স অনুযায়ী নির্ধারণ করা হয়। প্রকৃত বয়সের চেয়ে কম বয়স ধরে চিকিৎসা করা হলে অনেক সময় চিকিৎসা সঠিকভাবে কার্যকর হয় না।
মানসিক বিকাশের ক্ষেত্রেও এর প্রভাব অত্যন্ত গুরুতর। একটি ৭ বছরের শিশুর চিন্তাভাবনা, সামাজিক আচরণ, আবেগ নিয়ন্ত্রণ এবং খেলাধুলার ধরন স্বাভাবিকভাবেই ৫ বছরের শিশুর তুলনায় আলাদা হয়। কিন্তু বয়স কমিয়ে দেওয়ার কারণে তাকে ছোট শিশুদের সাথে তুলনা করা হয় বা ছোটদের সাথে মানিয়ে চলতে বাধ্য করা হয়। যে বয়সে তার সমবয়সী শিশুদের সাথে খেলাধুলা, শেখা ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠার কথা, সে তখন ছোটদের পরিবেশে আটকে যায়। এতে শিশুর সামাজিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।

শিক্ষাক্ষেত্রেও এই ভুল তথ্য শিশুর জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। শিক্ষকরা বয়স অনুযায়ী শিশুর পারফরম্যান্স মূল্যায়ন করেন। ফলে বয়স কম থাকলে শিশুর প্রকৃত সক্ষমতা সঠিকভাবে মূল্যায়িত হয় না। আবার অনেক সময় শিশুর কাছ থেকে বয়সের তুলনায় কম প্রত্যাশা করা হয়, যা তার আত্মবিশ্বাস ও বিকাশের ওপর প্রভাব ফেলে।

বিশেষ করে Autism, ADHD, Speech Delay, Learning Disability বা অন্যান্য Developmental Condition-এর ক্ষেত্রে সঠিক বয়স জানা অত্যন্ত জরুরি। কারণ Assessment Tool এবং Therapy Goal সবই বয়সভিত্তিকভাবে তৈরি করা হয়। বয়স ভুল হলে পুরো মূল্যায়নই বিভ্রান্তিকর হয়ে যেতে পারে।

সবচেয়ে কষ্টের বিষয় হলো— অনেক পিতামাতা এটিকে “স্মার্টনেস” মনে করেন, অথচ তারা বুঝতে পারেন না যে এই সাময়িক সুবিধার চিন্তা শিশুর দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। একটি শিশুর প্রকৃত বয়সই তার প্রকৃত পরিচয়। সেখানে ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া মানে শিশুর ভবিষ্যৎ বিকাশকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া।
শিশুর সুস্থ বিকাশ, সঠিক চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যের জন্য তার প্রকৃত বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Ashadujjaman Mondol
(Clinical Psychologist)

14/04/2026

রাজনীতিতে সাইকোলজিস্টের ভূমিকাঃ কেন উন্নত বিশ্বে আজ এটা অপরিহার্য?
আমরা অনেকেই ভাবি রাজনীতি মানে শুধু ক্ষমতা, নির্বাচন আর দলীয় কার্যক্রম। কিন্তু বাস্তবে রাজনীতি গভীরভাবে জড়িত মানুষের মন, আবেগ ও আচরণের সাথে যা সরাসরি Social Psychology-এর অন্তর্গত।

একজন সাইকোলজি পেশাদার হিসেবে বিষয়টি সহজভাবে তুলে ধরতে চাই।
🔹 মানুষকে বোঝা ছাড়া রাজনীতি সম্ভব নয়
মানুষ কেন কোনো দলকে সমর্থন করে, কেন হঠাৎ মত পরিবর্তন করে, বা কেন সমাজ বিভক্ত হয়ে পড়ে এসবই মনোবিজ্ঞানের বিষয়। রাজনীতি আসলে মানুষের মনোজগতের বাস্তব প্রতিফলন।

🔹 ভুল তথ্য ও প্রভাব (Misinformation) মোকাবেলা
অনেক সময় মানুষ আবেগের বশে বা ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। সাইকোলজিস্টরা cognitive bias চিহ্নিত করে সমাজে সচেতনতা তৈরি করতে পারেন এবং তথ্য যাচাইয়ের মানসিক দক্ষতা গড়ে তুলতে সাহায্য করেন।

🔹 দলীয় বিভাজন কমানো (Us vs. Them মানসিকতা)
রাজনীতির সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো "আমরা বনাম তারা" মানসিকতা। এটি সামাজিক দ্বন্দ্ব ও বিদ্বেষ বাড়ায়। সাইকোলজিস্টরা empathy, tolerance এবং healthy dialogue-এর সংস্কৃতি গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

🔹 সহিংসতা ও আগ্রাসন প্রতিরোধ
রাজনৈতিক উত্তেজনা থেকে প্রায়ই সহিংসতার জন্ম হয়। Psychological intervention-এর মাধ্যমে anger management, conflict resolution এবং সংলাপের পরিবেশ তৈরি করা সম্ভব যা দীর্ঘমেয়াদে সমাজকে স্থিতিশীল রাখে।

🔹 সুস্থ ও কার্যকর নেতৃত্ব গঠন
একজন ভালো নেতা কেবল জনপ্রিয় হলেই চলে না, তাকে emotionally intelligent হতে হয়। সাইকোলজিস্টরা leadership development, stress management এবং ethical decision-making উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

🔹 রাজনৈতিক নেতাদের মানসিক সুস্থতা (Leader's Mental Fitness)
একজন রাষ্ট্রনায়ক প্রতিদিন কোটি মানুষকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত নেন। Burnout, chronic stress বা undiagnosed personality disorder থাকলে পুরো জাতি তার মাশুল দেয়। উন্নত বিশ্বে তাই নেতাদের regular psychological screening একটি প্রাতিষ্ঠানিক বাস্তবতা।

🔹 সংকটকালীন মানসিক ব্যবস্থাপনা (Crisis Psychology)
যুদ্ধ, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে জনগণের মধ্যে mass panic, collective trauma এবং conspiracy thinking দ্রুত ছড়িয়ে পড়ে। সাইকোলজিস্টরা সরকারকে এমন communication strategy দিতে পারেন যা আতঙ্ক না বাড়িয়ে জনগণের আস্থা ও সহযোগিতা নিশ্চিত করে।

🔹 নির্বাচনী আচরণ বিশ্লেষণ (Voter Psychology)
মানুষ বেশিরভাগ সময় যুক্তি নয়, emotion ও identity দিয়ে ভোট দেয়। এই মনস্তাত্ত্বিক বাস্তবতা না বুঝলে প্রকৃত গণতন্ত্র কার্যকর হয় না। Voter behavior বোঝা মানে জনগণকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করতে পারা।

🔹 প্রপাগান্ডা চেনার দক্ষতা তৈরি (Propaganda Literacy)
রাজনৈতিক manipulation সবচেয়ে সহজে কাজ করে যেখানে মানুষ psychological defense সম্পর্কে অজ্ঞ। সাইকোলজিস্টরা নাগরিকদের মধ্যে critical thinking ও media literacy গড়ে তুলতে পারেন—যা একটি সুস্থ গণতন্ত্রের ভিত্তি।

🔹 সংসদীয় আচরণ ও গ্রুপ ডায়নামিক্স
Groupthink, echo chamber এবং authority bias-এর কারণে অনেক সময় সংসদে ভুল সিদ্ধান্ত সর্বসম্মতিতে পাস হয়ে যায়। সাইকোলজিস্টরা এই প্রাতিষ্ঠানিক ফাঁদ চিহ্নিত করে স্বাধীন ও যুক্তিভিত্তিক সিদ্ধান্তের পরিবেশ নিশ্চিত করতে পারেন।

🔹 শালিশি কমিটিতে সাইকোলজিস্টের ভূমিকা
স্থানীয় পর্যায়ে বিরোধ মেটাতে শালিশি কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে সাইকোলজিস্ট থাকলে পক্ষগুলোর আবেগ ও মানসিক অবস্থা বোঝা যায়, নিরপেক্ষভাবে সমস্যা বিশ্লেষণ করা সম্ভব হয় এবং স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান বের করা অনেক সহজ হয়।

🔹 রাজনৈতিক সহিংসতার পর পুনরুদ্ধার (Post-conflict Reconciliation)
সহিংসতার পর শুধু আইনি বিচার যথেষ্ট নয়। Rwanda ও South Africa-র অভিজ্ঞতা প্রমাণ করেছে Psychological reconciliation ছাড়া সমাজ সত্যিকার অর্থে সেরে ওঠে না। ন্যায়বিচার ও মানসিক নিরাময় একসাথে চলতে হয়।

🔹 নীতিনির্ধারণে সহায়তা (Evidence-based Policy Making)
মানুষের আচরণ বুঝে নীতি তৈরি করলে তা অনেক বেশি কার্যকর হয়-স্বাস্থ্য সচেতনতা, আইন মানার প্রবণতা বা সামাজিক উন্নয়ন-সবক্ষেত্রেই behavioral insight কাজে আসে।

পরিশেষে:
রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটি মানুষের মন ও আচরণের জীবন্ত প্রতিফলন। একটি সুস্থ, সহনশীল ও টেকসই সমাজ গড়তে রাজনীতির সাথে মনোবিজ্ঞানের সম্পৃক্ততা আজ আর বিকল্প নয় এটি অপরিহার্য।


লিখেছেন, Jahidul Hasan

14/04/2026

মিথ্যা বলে কি সত্যিই মানুষ পার পেয়ে যায়?

Forensic Psychology-এর দৃষ্টিতে বাস্তবতা

Forensic Psychology আমাদের শিখায় মিথ্যা ধরা শুধু “body language” দেখার বিষয় না, বরং এটি একটি বিশ্লেষণাত্মক প্রক্রিয়া।

একজন দক্ষ সাইকোলজিস্ট যেভাবে কাজ করেন:
✔️ কথার ভেতরের অসামঞ্জস্য (inconsistency) খুঁজে বের করেন
✔️ ঘটনার টাইমলাইন মিলিয়ে দেখেন
✔️ ব্যক্তির উদ্দেশ্য (motivation) ও প্রেক্ষাপট বিশ্লেষণ করেন
✔️ প্রয়োজন হলে বৈজ্ঞানিক পদ্ধতি ও structured interview ব্যবহার করেন
গুরুত্বপূর্ণ বিষয় হলো
-কেউ নার্ভাস হলেই সে মিথ্যা বলছে, এটা সত্য না
-আবার কেউ আত্মবিশ্বাসী হলেই সে সত্য বলছে, সেটাও নিশ্চিত না

Forensic Psychology-এর মূল লক্ষ্য সত্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানো evidence, logic এবং behavior সবকিছু একসাথে বিশ্লেষণ করে।

মানুষ অনেক সময় মিথ্যা বলে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। অন্যের হক মেরে দেওয়ার জন্য।
তাই বিচার করার আগে বুঝতে শেখাটাও সমান গুরুত্বপূর্ণ।
সত্যকে প্রতিষ্ঠা করতে হলে শুধু অনুভূতি না, প্রয়োজন বিশ্লেষণ।
এটাই Forensic Psychology আমাদের শেখায়

লিখেছেন, Jahidul Hasan

14/04/2026

২টি প্রফেশনাল কোর্সের Next Batch এর রুটিন তৈরি হয়েছে। এখন কেউ ভর্তি হলে কম টাকায় ভর্তি হতে পারবেন।
01.Cognitive Behavioral Therapy (03 Months)
02.Clinical Nutrition and Dietetics (02 Months)
বিস্তারিত জানতে Inbox করুন।

14/04/2026

আমাদের প্রিয় ডা মো কামাল উদ্দিন ভাইয়ার চমৎকার একটি লেখা।

"অভাব শুধু খাবারের না,স্বপ্নেরও হয়"

তখন ১৯৯৯ সাল। আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। আমাদের বাড়িটা ছিল মাটির ভিটের ওপর টিনের একচালা কাচাঘর। বর্ষায় চালের ফুটো দিয়ে পানি পড়ত, শীতের রাতে হু হু করে ঢুকত হাওয়া। বাবা দিনমজুর। যেদিন কাজ জোটে সেদিন ভাত, যেদিন জোটে না সেদিন আধপেটা। মায়ের চোখের নিচে অভাবের কালি স্থায়ী হয়ে বসেছিল।

সেই বছর প্রথম সাময়িক পরীক্ষায় আমি তৃতীয় হলাম। ফলাফলের দিন ক্লাশটিচার সাজু স্যার নাম ডাকলেন, “মোঃ কামালউদ্দিন, তৃতীয় স্থান।” প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি। সারা ক্লাস হাততালি দিল। বাড়ি ফেরার পথে বুকের ভেতর একটা অচেনা আলো জ্বলছিল। মা শুনে কাঁদলেন। কান্নাটা আনন্দের না দুঃখের, আমি সেদিনও বুঝিনি। শুধু দেখলাম আঁচলে চোখ মুছতে মুছতে আম্মা বললেন, “আমার পোলাডা মনে হয় মানুষ অইব।”

কিছুদিন পর খবর এলো। স্থানীয় এক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নাম 'প্রত্যয়' আমাদের স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ব্যাচের প্রথম তিনজনকে সম্মাননা দেবে। তারিখ দেওয়া হলো শুক্রবার। আমার জীবনের প্রথম মঞ্চ।

সেদিন আম্মা তাঁর পুরোনো শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা পাঁচ টাকার নোটটা বের করে দিলেন। “হাইট্রা যাইয়োনা বাজান, পায়ে ব্যথা করবো, টেম্পুতে করে যাইয়ো। যাওয়া আসা দুই দুগুনে চার আর এক ট্যাহা দিয়া কিছু খাইয়ো।” বাবা বাহির থেকে ফিরে এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, “যাইন বাজান, মাথাডা উঁচা কইরা যাইন।” প্রসঙ্গত উল্লেখ্য যে, আমার আব্বা আমাকে বাজান আর আপনি বলে সম্বোধন করতেন। আব্বার কণ্ঠে কোনদিন 'তুই' সম্বোধন শুনিনি।

তখনকার সময়ে সবচেয়ে ব্যস্ত মিলনায়তন ছিলো লাল ইটের তৈরি টাউন হল যেন এক বিশাল গাম্ভীর্য, আভিজাত্য ও ঐতিহ্যের প্রতিক। আমাদের জন্য সেটাই ঠিক করা হয়েছিলো। গিয়ে দেখি টাউন হল মাঠে সামিয়ানা টানানো। মাইকে দেশাত্মবোধক গান বাজছে। আমাদের স্কুল ছাড়াও শহরের অন্যান্য স্কুলের ছেলেমেয়েরাও এসেছে। আমরা চৌদ্দ কি পনেরোজন ছেলেমেয়ে লাইন ধরে দাঁড়ালাম। নাম ডাকা হলো। আমি কাঁপা কাঁপা পায়ে মঞ্চে উঠলাম। একজন সাদা পাঞ্জাবি পরা ভদ্রলোক আমার হাতে তুলে দিলেন একটা সনদপত্র। শক্ত বোর্ডের কাগজ, ওপরে লাল কালিতে লেখা “সম্মাননা সনদ”। চারপাশে সোনালি বর্ডার। আমি জীবনে অমন সুন্দর কাগজ দেখিনি। পরে জেনেছি তিনি ময়মনসিংহ পৌরসভার মেয়র জনাব মাহমুদ আলনূর তারেক।

তিনি মাইক হাতে বললেন, “এই সনদ যত্ন করে রাখবে। এটা দিয়ে তোমাদের চাকরি হবে। একটা সার্টিফিকেটের দাম লাখ টাকার চেয়েও বেশি। এটা যোগ্যতা। এটা সবাই পায় না।”

কথাগুলো আমার বুকের ভেতর গেঁথে গেল। চাকরি। অভাব শেষ। মায়ের ছেঁড়া শাড়ি বদলাবে। বাবার খালি পা জুতো পাবে। আমাদের ঘরে সেদিন প্রথমবার আশা এলো, অতিথি হয়ে।

বাড়ি ফিরে আমি কী করব বুঝতে পারছিলাম না। সনদটা এত দামি, কোথায় রাখি? আলমারি নেই, ট্রাঙ্ক নেই। শেষে মা একটা পলিথিন দিলেন। আমি খুব যত্নে সনদটা মুড়িয়ে সুতলি দিয়ে বাঁধলাম। তারপর কাচাঘরের বাঁশের আড়ার সাথে, চালের ঠিক নিচে, ঝুলিয়ে রাখলাম। যাতে পানি না লাগে, ইঁদুর না কাটে, চুরি না হয়।

এরপর শুরু হলো আমার নতুন রুটিন। দুদিন পরপর আমি টুলের ওপর দাঁড়িয়ে সনদটা নামাতাম। পলিথিন খুলে দেখতাম ঠিক আছে কিনা। একটা কোণা ভাঁজ পড়ল কিনা, রং জ্বলে গেল কিনা। দেখে আবার নিশ্চিন্তে ঝুলিয়ে রাখতাম। মা হাসতেন। “পাগল পোলা আমার।” আমি গম্ভীর হয়ে বলতাম, “এইডা দিয়া চাকরি নিমু আম্মা। তোমার আর কষ্ট থাকব না।”

এভাবে দিন গেল। মাস গেল। বছর গেল। আমি সপ্তমে উঠলাম, অষ্টমে উঠলাম। অভাব যেন আমাদের পিছু ছাড়ল না। বাবার কাশিটা বাড়ল। মায়ের চোখের কালি গাঢ় হলো। কিন্তু চালের সাথে ঝোলানো সনদটা ছিল আমার বিশ্বাস। আমার প্রার্থনা। রাতে ঘুমানোর আগে আমি তাকিয়ে দেখতাম। মনে হতো ওটা একটা আলো, একদিন ঠিকই আমাদের অন্ধকার তাড়াবে।

দেখতে দেখতে চার বছর কেটে গেল। আমি তখন দশম শ্রেণিতে। সামনে এসএসসি পরীক্ষা। স্যার বলেছেন ভালো করলে শহরে কলেজে ভর্তি হতে পারব। আমি রাত জেগে পড়ি। কুপির তেলে টান পড়ে, তবু পড়ি। কারণ আমার একটা সনদ আছে। চাকরির চাবি।

তারপর এলো সেই দিন। চৈত্রের শেষ। দুপুর থেকেই আকাশটা ভার। বাতাস থমকে আছে। বিকেল না হতেই চারিদিক কালো করে এলো কালবৈশাখী। প্রথমে দমকা বাতাস। তারপর শোঁ শোঁ শব্দ। গাছের ডাল ভাঙার আওয়াজ। আম্মা আমাকে আর আমার বোনের ছোট ছেলেটাকে বুকে চেপে ধরলেন। বাবা দৌড়ে গিয়ে আমাদের পালের ছাগলগুলোকে ঘরে তুললেন।

হঠাৎ প্রচণ্ড এক ঝাপটা। কাচাঘরটা কেঁপে উঠল। তারপর আরেকটা। মনে হলো কোনো দানব চাল ধরে টানছে। আমরা চিৎকার করলাম। পরের মুহূর্তে বিকট শব্দ করে উড়ে গেল আমাদের টিনের চাল। বৃষ্টির সাথে হুড়মুড় করে ঢুকল ভাঙা বাঁশ, গাছের পাতা, ধুলো।

ঝড় থামল এক ঘণ্টা পর। তখন চারিদিক নিস্তব্ধ। ভাঙা ঘরের মেঝেতে দাঁড়িয়ে আমি প্রথম খুঁজলাম তাকে। আমার সনদ। পলিথিনে মোড়া আমার ভবিষ্যৎ। পেলাম না। উঠানে ছুটে গেলাম। কাদা, পাতা আর ভাঙা টিনের মধ্যে খুঁজতে লাগলাম পাগলের মতো। বাবা পেছন থেকে ডাকলেন, “বাজান আইয়া পড়েন।” আমি শুনিনি।

অবশেষে পেলাম। নদীর পাড়ে কাঁঠাল গাছের ডালে আটকে আছে। ছিন্নভিন্ন। পলিথিন ছিঁড়ে সনদটা তিন টুকরো হয়ে গেছে। সোনালি বর্ডার কাদায় মাখামাখি। কালো কালির “সম্মাননা সনদ” শব্দটা বৃষ্টিতে ধুয়ে আবছা। আমি কাঁপা হাতে টুকরোগুলো বুকের কাছে জড়ো করলাম।

আম্মা দৌড়ে এলেন। আমার হাতের দিকে তাকিয়ে তিনি আর দাঁড়াতে পারলেন না। হাঁটু ভেঙে বসে পড়লেন কাদায়। তারপর দুহাতে মুখ ঢেকে এমন করে কাঁদলেন, যেন আজ তার ছেলের মৃত্যু হয়েছে।

আব্বা কিছু বললেন না। শুধু আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে পানি ছিল না। ছিল শূন্যতা। যে শূন্যতা শুধু প্রান্তিক বাবারা চেনে।

আমি সেদিন একটা শব্দও করিনি। চিৎকার করিনি। শুধু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। চার বছর ধরে যে কাগজটাকে আমি চাকরি ভেবেছি, যে কাগজটাকে আমি মায়ের নতুন শাড়ি ভেবেছি, বাবার ওষুধ ভেবেছি, তা এখন আমার হাতে কাদা মাখা তিন টুকরো মৃত কাগজ।

সেই রাতে আমরা ভাঙা ঘরে, খোলা আকাশের নিচে বসে রইলাম। বৃষ্টি থেমে গেছে। কিন্তু আমার ভেতরে তখনও ঝড়। আমি বুঝে গেলাম, অভাব শুধু ভাতের হয় না। স্বপ্নেরও অভাব হয়। আর স্বপ্ন ভাঙার শব্দ পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শব্দ।

পরদিন সকালে আমি টুকরোগুলো আর খুঁজিনি। জোয়ারের পানি এসে হয়তো ভাসিয়ে নিয়ে গেছে। আমার শৈশব, আমার বিশ্বাস, আমার প্রথম অর্জন। সব।

আজ আমি বড় হয়েছি। চাকরিও করি। আমার ঘরে এখন ফাইলের পর ফাইল সার্টিফিকেট। কিন্তু বিশ্বাস করো, ষষ্ঠ শ্রেণির সেই পলিথিনে মোড়া সনদটার মতো দামি কিছু আর পাইনি। ওটার ভেতর লেখা ছিল না কোনো নম্বর, কোনো গ্রেড। ওটার ভেতর লেখা ছিল এক প্রান্তিক ছেলের চার বছরের ঘুমহীন রাত, এক মায়ের শাড়ির আড়ালে লুকানো পাঁচ টাকা, এক বাবার নীরব প্রার্থনা।

কালবৈশাখী সেদিন শুধু আমার ঘরের চাল উড়িয়ে নেয়নি। উড়িয়ে নিয়েছিল আমার শৈশবের সবচেয়ে দামি সম্পদ। আর রেখে গিয়েছিল একজীবনের কান্না, যা আজও চৈত্রের আকাশ কালো করলে আমার চোখে নেমে আসে।

~ ডা. মো. কামাল উদ্দিন
ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ

09/04/2026

সমাজে দীর্ঘদিন ধরে একটি বিষয় আমি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি—বিশেষ করে নিম্নশিক্ষিত মেয়েদের জীবনে বৈষম্যের উপস্থিতি। এই বৈষম্য কখনো পারিবারিক, কখনো সামাজিক, আবার অনেক ক্ষেত্রে অর্থনৈতিক বা পেশাগত।

ছোটবেলা থেকেই আমার মনে হতো মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা আলাদা করে গুরুত্ব পাওয়া উচিত। কিন্তু বয়স, অভিজ্ঞতা এবং সাইকোলজির আলোকে বিষয়টি এখন আরও পরিষ্কারভাবে বুঝতে পারি।

মনোবিজ্ঞানের দৃষ্টিতে, যেসব মানুষ বা গোষ্ঠী কাঠামোগত বৈষম্যের (structural inequality) মধ্যে থাকে, তাদের জন্য শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়—এটি একটি protective factor।

একজন শিক্ষিত নারী— ✔ নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়
✔ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে
✔ অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার সুযোগ পায়
✔ অন্যায়, শোষণ বা abuse চিহ্নিত ও প্রতিরোধ করতে পারে

অন্যদিকে, একজন কম শিক্ষিত নারী প্রায়ই নির্ভরশীলতার একটি চক্রে আটকে যায়, যেখানে তার vulnerability বহুগুণে বৃদ্ধি পায়।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—
আমি মনে করি না যে মেয়েদের “স্বভাবগতভাবে” বেশি পড়াশোনা দরকার। বিষয়টি মোটেও biological বা inherent কোনো পার্থক্যের উপর নির্ভর করে না।

বরং বাস্তবতা হচ্ছে,
আমাদের সমাজে মেয়েরা তুলনামূলকভাবে বেশি risk exposure-এর মধ্যে থাকে, যেমন:
-অল্প বয়সে বিয়ে
-অর্থনৈতিক নির্ভরতা
-সামাজিক ও পারিবারিক সিদ্ধান্তে সীমিত অংশগ্রহণ
-বিভিন্ন ধরনের মানসিক ও সামাজিক চাপ

এই প্রেক্ষাপটে, শিক্ষার ভূমিকা তাদের জন্য শুধু career development নয়—বরং survival, dignity, এবং empowerment-এর ভিত্তি।

লজিক্যালি চিন্তা করলে আমরা দেখতে পাই—
একজন ছেলে কম শিক্ষিত হয়েও অনেক ক্ষেত্রে সামাজিকভাবে টিকে থাকতে পারে।
কিন্তু একজন মেয়ে কম শিক্ষিত হলে তার জন্য ঝুঁকি ও সীমাবদ্ধতা অনেক বেশি হয়ে যায়।

সুতরাং বলা যায়—
শিক্ষা সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু সামাজিক বাস্তবতায় মেয়েদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ (না থাকলে ঝুঁকি/ক্ষতি বাড়বে)

সবশেষে, আমি বিশ্বাস করি—
সমাজের প্রতিটি মেয়েকে মানসম্মত শিক্ষার সুযোগ দেওয়া শুধু একটি নৈতিক দায়িত্ব নয়, বরং এটি একটি টেকসই, ন্যায়ভিত্তিক এবং সচেতন সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত।



লিখেছেন, Jahidul Hasan
Founder, 20 Minute Medical

বেশী দামে কেনা জীবন কম দামে বেঁচি!মানুষ সারাজীবন হাড়ভাঙা খাটুনি দিয়ে একটি অর্থ বা পরিচয় তৈরি করে , কিন্তু শেষ পর্যন্ত মৃ...
04/04/2026

বেশী দামে কেনা জীবন কম দামে বেঁচি!
মানুষ সারাজীবন হাড়ভাঙা খাটুনি দিয়ে একটি অর্থ বা পরিচয় তৈরি করে , কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু বা ভাগ্যের নির্মমতায় তা অর্থহীন হয়ে পড়ে । আলবেয়ার কামুর 'দ্য মিথ অফ সিসিফাস' (The Myth of Sisyphus) অস্তিত্ববাদের একটি অত্যন্ত শক্তিশালী রূপক। গ্রীক পুরাণের সিসিফাসকে দেবতারা শাস্তি দিয়েছিলেন যে, তাকে একটি বিশাল পাথর ঠেলে পাহাড়ের চূড়ায় তুলতে হবে। কিন্তু চূড়ায় পৌঁছানোর সাথে সাথেই পাথরটি আবার নিচে গড়িয়ে পড়ে যেত। এই অন্তহীন এবং অর্থহীন পরিশ্রমই হলো জীবন।

Habibur Rahman Sajib
Course Instructor, Department of Psychology (20MM)

আজ যে মেয়েটা এসেছিল, সে বিবাহিত।তার হাতে সোনার আংটি। গলায় পাতলা চেইন। সবকিছু ঠিকঠাক।দেখলে বোঝার উপায় নেই, তার ভেতরে একটা...
28/03/2026

আজ যে মেয়েটা এসেছিল, সে বিবাহিত।
তার হাতে সোনার আংটি। গলায় পাতলা চেইন। সবকিছু ঠিকঠাক।
দেখলে বোঝার উপায় নেই, তার ভেতরে একটা ধীরে ধীরে ভেঙে পড়া ঘর আছে।
সে বলল, “ডাক্তার সাহেব, আমার বুক ধড়ফড় করে।”
আমি জিজ্ঞেস করলাম, “ভয় পান?”
সে বলল, “না… মানে… তেমন কিছু না।”
এই “তেমন কিছু না” কথাটা খুব ভয়ংকর।
ধীরে ধীরে কথা বলতে গিয়ে বুঝলাম—
তার স্বামী খারাপ মানুষ না।
মারে না।
চিৎকার করে না।
খরচ দেয়।
সব দায়িত্ব পালন করে।
তবু মেয়েটা একা।
কারণ দায়িত্ব আর ভালোবাসা এক জিনিস না।
সে বলল না—
কথা বলতে গেলে স্বামী ফোনে ব্যস্ত থাকে।
বলল না—
তার পছন্দ-অপছন্দ কেউ জানতে চায় না।
বলল না—
রাতে পাশাপাশি শুয়েও দুজনের মাঝখানে অদৃশ্য এক সমুদ্র থাকে।
সে শুধু বলল,
“আমি আগে এমন ছিলাম না।”
এই লাইনটা বলার সময় তার চোখে জল আসেনি।
বরং অদ্ভুত একটা শুকনো ভাব।
বিয়ের আগে সে হয়তো হাসত বেশি।
হয়তো গল্প করত।
হয়তো নিজের স্বপ্ন নিয়ে ভাবত।
এখন সে ভাবে—
গ্যাসের চুলা নিভল কি না।
বাচ্চার হোমওয়ার্ক শেষ হলো কি না।
শ্বশুরবাড়ির কারো মন খারাপ হলো কি না।
নিজের মন খারাপের খবর সে নিজেই রাখে না।
আমি প্রেসক্রিপশন লিখে দিলাম।
মৃদু অ্যান্টি-অ্যাংজাইটি, কিছু ভিটামিন।
কিন্তু জানি—
ওর দরকার ছিল ওষুধ না।
ওর দরকার ছিল একটা মানুষ,
যে বলবে,
“তুমি বদলে গেছো। আগের মতো হাসো না কেন?”
বিবাহিত মেয়েদের কষ্টটা খুব নীরব।
কারণ তারা “অভিযোগ” করতে পারে না।
কারণ সমাজ বলে—
“স্বামী তো খারাপ না।”
খারাপ না মানেই কি যথেষ্ট?
রাতে বাসায় ফিরে মনে হচ্ছিল—
একটা মেয়ের সবচেয়ে বড় দমবন্ধ হওয়া মুহূর্ত তখনই,
যখন সে বুঝে যায়—
তার জীবনে কোনো বড় সমস্যা নেই,
তবু সে সুখী না।
এই অসুখটার কোনো নাম নেই।
কোনো রিপোর্টে ধরা পড়ে না।
শুধু চোখের ভেতরে একটা নিভে যাওয়া আলো থাকে।
আর পৃথিবী ভাবে—সব ঠিক আছে।

collected

27/03/2026

Psychological Counseling (B4) এর ভর্তির শেষ সময় আজ রাত ১১টা।

25/03/2026

ফেরিতে ওঠার সময় গাড়িতে থাইকেন না।

পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দাঁড়াবেন।

লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হয়ে গেলে দ্রুত নেমে যাবেন।

ট্রেনের ছাদে উঠবেন না।

লাফ দিয়ে লঞ্চ ধরার চেষ্টা করবেন না।

অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাবেন না।

মহাসড়কে ছোট গাড়ি নিয়ে উঠবেন না।

আল্লাহ সবাইরে নিরাপদে রাখুক। এবারের ঈদটা একটা ট্রমা হয়ে গেলো জনগণ আর সরকার উভয়ের জন্যই।

23/03/2026

একজন পেশাদার সাইকোলজিস্টরা নৈতিক নীতিমালা (ethical guidelines) অনুসরণ করে কাজ করেন এবং প্রফেশনাল বাউন্ডারি বজায় রাখা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। সে অনুযায়ী, একজন সাইকোলজিস্ট প্রয়োজনবোধে কোনো ক্লায়েন্টকে সেবা দিতে অস্বীকৃতি জানাতে পারেন—এটি তাদের পেশাগত অধিকার এবং স্বীকৃত নীতি।
এছাড়া, একটি সেশন শুরু হওয়ার পরও যে কোনো পর্যায়ে সাইকোলজিস্ট ক্লায়েন্টকে অন্য কোনো বিশেষজ্ঞের কাছে রেফার করতে পারেন বা সেবা দেওয়া সম্ভব নয় বলে জানাতে পারেন—এটিও পেশাগত নীতিমালার অংশ।
অনেক সময় কিছু ক্লায়েন্ট মনে করেন ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, অতিরিক্ত প্রশংসা বা “ইমপ্রেস” করার মাধ্যমে ভালো সেবা পাওয়া যায়। বাস্তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। সাইকোলজিক্যাল থেরাপিতে কার্যকর ফলাফলের জন্য ক্লায়েন্টের আন্তরিকতা যেমন জরুরি, তেমনি সাইকোলজিস্টের পেশাদার মনোভাব ও প্রচেষ্টাও সমান গুরুত্বপূর্ণ।
পেশাদার সম্পর্ককে ব্যক্তিগত সম্পর্কে রূপান্তর করার চেষ্টা করা উচিত নয়। বরং এতে উল্টো প্রভাব পড়তে পারে—এমন পরিস্থিতিতে একজন সাইকোলজিস্ট নৈতিক কারণে সেশন বন্ধ করে অন্য কারো কাছে রেফার করতে বাধ্য হতে পারেন। বিশেষ করে পরিচিত ব্যক্তিকে থেরাপি দেওয়া অনেক ক্ষেত্রে নৈতিকভাবে নিরুৎসাহিত বা নিষিদ্ধ।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—অপ্রাসঙ্গিক বা ব্যক্তিগত মন্তব্য। যেমন, সাইকোলজিস্টের ব্যক্তিগত চেহারা, হাসি বা বাহ্যিক বিষয় নিয়ে মন্তব্য করা পেশাগত পরিবেশে অনুচিত এবং অস্বস্তিকর। এর পরিবর্তে যদি আপনি থেরাপির উপকারিতা, পরিবর্তন বা অভিজ্ঞতা সম্পর্কে মতামত দেন—যেমন:
“আপনার সেশনের মাধ্যমে আমার এই পরিবর্তন এসেছে”
“আপনার কথা শুনে আমার ভালো লাগে এবং মানসিকভাবে উপকৃত হই”
এ ধরনের প্রতিক্রিয়া গ্রহণযোগ্য, প্রাসঙ্গিক এবং সাইকোলজিস্টকে আরও ভালোভাবে কাজ করতে অনুপ্রাণিত করে।
সাইকোলজিতে Transference এবং Countertransference নামে দুটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে, যা থেরাপিউটিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই একজন ক্লায়েন্টকে শুধুমাত্র ক্লায়েন্ট হিসেবেই দেখা হয়—এ সম্পর্কটি সম্পূর্ণ পেশাদার ও থেরাপিউটিক। এখানে বড় ভাই/বোন, বন্ধু বা অন্য কোনো ব্যক্তিগত পরিচয়ে সম্পর্ক তৈরি করা গ্রহণযোগ্য নয়।
মনে রাখতে হবে, একজন সাইকোলজিস্ট তার নৈতিক নীতিমালার মধ্যেই কাজ করেন। অপ্রাসঙ্গিক আচরণ, বিব্রতকর মন্তব্য বা সীমা লঙ্ঘনের কারণে যদি তিনি সেশন চালিয়ে যেতে অস্বীকৃতি জানান, তাহলে ক্ষতিটা মূলত ক্লায়েন্টেরই হয়—কারণ এতে তিনি একজন দক্ষ পেশাদারের সেবা থেকে বঞ্চিত হন।
সবশেষে, পেশাগত সম্পর্কের সীমা বুঝে সম্মান বজায় রেখে যোগাযোগ করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যা Emotional Intelligence বা আবেগীয় বুদ্ধিমত্তার অংশ। এই দক্ষতা চর্চার মাধ্যমে উন্নত করা সম্ভব এবং এটি ব্যক্তিগত ও পেশাগত—উভয় ক্ষেত্রেই অত্যন্ত কার্যকর।
— Psychologist, Umme Salma
B.Sc in Psychology & MSc in Psychology

Address

College Road, Shibganj-Chapainawabganj, Rajshahi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when 20 Minute Medical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to 20 Minute Medical:

Share