18/02/2025
ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন প্রয়োজন কেন ও ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন যেভাবে নিবেন।চলুন জেনে নিই:-
🛑ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন প্রয়োজন কেন:ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকে বলে তাদের স্নায়ু ও রক্তনালীর ক্ষতি হয়। তাই এই ধরনের রোগীর পায়ের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন হয়, নয়তো বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে।
🛑যেসব কারণে পায়ে সমস্যা হয়
১. পেরিফেরাল নিউরোপ্যাথি: স্নায়বিক ক্ষতি পায়ের স্নায়ু অনুভূতির ক্ষমতা কমিয়ে দেয়। অনুভূতি কমে যাওয়ার কারণে তারা তাদের পায়ে ব্যথা বা চাপ অনুভব করতে পারেন না। এর ফলে ছোটখাট ক্ষত, ফোসকা বা আঘাতের ব্যাপারে তারা সচেতন হতে পারেন না, যেটা পরে বড় ক্ষতে পরিণত হয় এবং অনেক ক্ষেত্রে জীবাণু আক্রান্ত হয়।
২. পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ: ডায়াবেটিস রোগীদের রক্তনালী ব্লক হয়ে রক্ত-সঞ্চালন কমে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। ফলে যেকোনো ক্ষত দ্রুত সারে না।
৩. হাইপারগ্লাইসেমিয়া: রক্তে অতিরিক্ত শর্করার উপস্থিতিও যেকোনো ক্ষত দ্রুত সারাতে বাধা সৃষ্টি করে।
ডায়াবেটিস আছে যাদের তারা পায়ের যত্ন না নিলে বা খেয়াল না রাখলে তাই বিভিন্ন সমস্যা হতে পারে। পায়ে ক্ষত ও সংক্রমণ হতে পারে, ছোট ক্ষত বড় আকার ধারণ করতে পারে এবং সংক্রমণ হতে পারে। পায়ে ঘা বা আলসার হতে পারে, যা গুরুতর হতে পারে। এ ছাড়া গ্যাংগ্রিন হওয়ার ঝুঁকি থাকে, পায়ের টিস্যু নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে পা কেটে ফেলতেও হতে পারে।
🛑কাদের ঝুঁকি বেশি
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি বেশি। যাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে না, যারা ধূমপানকারী এবং উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরল আছে যাদের, স্থূলকায় বা শরীরের ওজন বেশি যাদের, তাদের ঝুঁকি বেশি
🛑ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন যেভাবে নিবেন:
আরামদায়ক ও সঠিক মাপের জুতা পরতে হবে। জুতার কারণে পায়ে যেন আঘাত না লাগে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।দিনশেষে ভালোভাবে পা ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। পায়ের দুই আঙুলের মাঝের জায়গা যেন ভেজা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই ফাঁকেই ছত্রাক সংক্রমণ হয় বেশি।
ডায়াবেটিক রোগীর পায়ের চামড়া ফেটে সংক্রমণ হতে পারে। এ রকম হলে পেট্রোলিয়াম জেলি বা ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। শীতের রাতে পায়ে সুতি মোজা পরলে পা ফাটবে কম।
প্রতিদিন পায়ের পাতার ত্বক পরীক্ষা করুন। পায়ের পাতার ত্বক পরীক্ষা করে দেখার জন্য আয়না ব্যবহার করুন বা অন্যকে দেখে দিতে বলুন। পায়ের ত্বকের রঙের কোনো পরিবর্তন, ফোসকা বা লালচে দাগ চোখে পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
পায়ের বাড়তি নখ সোজাসুজিভাবে কাটুন।কোণা করে ও বেশি ছোট করে নখ কাটা উচিত নয়। এতে নখের কোণার মাধ্যমে ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি থাকে।
রক্ত চলাচল ঠিক রাখার জন্য নিয়মিত পায়ের ব্যায়াম করতে হবে।কখনোই খালি পায়ে হাঁটবেন না, মোজা ছাড়া জুতা পরবেন না। ময়লা বা ভিজা মোজা পরবেন না।গরম পানি ব্যবহার করার আগে অত্যধিক গরম কি না, অন্য কাউকে দেখে দিতে বলুন। ডায়াবেটিক রোগীর পায়ে বোধশক্তি কম থাকে, যে কারণে পানি বেশি গরম হলে পা পুড়ে যেতে পারে।
👫জনসচেতনতায়:
🩺ডাঃ মোস্তাক আহম্মেদ শান্ত
এম.বি.বি.এস ।