12/05/2026
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নার্স দিবস ২০২৬ উদযাপিত
র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ বিশ্ব নার্স দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আয়োজিত র্যালিটি বিএমইউ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে বিএমইউর এ ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, বিএমইউর নার্সিং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। নার্সিং একটি পবিত্র পেশা এবং শিক্ষা, গবেষণা ও সেবার মান উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। তিনি সীমাবদ্ধতা অতিক্রম করে নার্সদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অপরিসীম। নার্সিং পেশার উন্নয়নে প্রয়োজনীয় পদ সৃষ্টি, আবাসন সুবিধা ও প্রশিক্ষণ কর্মশালা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে নার্সিং সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। তিনি রোগীদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণের মাধ্যমে সেবাদানের আহ্বান জানান।
অন্যান্য বক্তারা বলেন, বিএমইউর নার্সরা যেন পেশাগত দক্ষতা, মানবিকতা ও সেবার মানে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (হাসপাতাল), গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ গাজী, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, সহকারী অধ্যাপক ডা. নাসরীন আক্তার, উপাচার্যের একান্ত সচিব-২ মো. লুৎফর রহমান, সেবা তত্ত্বাবধায়ক রাশিদা বেগমসহ গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক, উপ-সেবা তত্ত্বাবধায়ক, কর্মকর্তা ও বিএমইউর নার্সবৃন্দ।