29/04/2026
সারাদিনের কোলাহল যখন থেমে যায়, পৃথিবী যখন নিঝুম, ঠিক তখন আমাদের ভেতরের মানুষটা কথা বলতে শুরু করে।
দিনের আলোয় আমরা অনেক মুখোশ পরি, অনেক ভূমিকা পালন করি; কিন্তু রাতের এই নিস্তব্ধতা আমাদের মুখোমুখি করে দেয় আমাদের আসল সত্ত্বার।
ইসলামিক দর্শনে রাত কেবল বিশ্রামের সময় নয়, এটি হলো আত্মবিশ্লেষণের শ্রেষ্ঠ সুযোগ।
আজকের দিনটি আপনি কীভাবে কাটালেন?
কারোর মনে কি কষ্ট দিয়েছেন?
নাকি কারো মুখে হাসি ফুটিয়েছেন?
কি কি কাজ আপনি আজ করেছেন তা নিয়ে করা বিশ্লেষন আপনাকে অনেক বেশি পরিনত করে তুলবে। আপনাকে সাহায্য করবে আপনার পরবর্তী দিনিকে সুন্দর করে গড়তে।
পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছেন:
“তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আবরণস্বরূপ এবং ঘুমকে করেছেন আরামপ্রদ...” (সূরা আল-ফুরকান: ৪৭)
এই আরাম কি কেবল শরীরের জন্য?
না! এটি আত্মার প্রশান্তির জন্যও। রাতের এই নির্জনতায় যখন আপনি আপনার রবের সামনে দাঁড়ান বা দু হাত তুলে নিজের ভুলগুলো স্বীকার করেন, তখন এক অলৌকিক প্রশান্তি হৃদয়কে ছুঁয়ে যায়।
রাতের এই প্রতিফলনের জন্য ৩টি ছোট ধাপ অনুসরন করুন;
কৃতজ্ঞতার তালিকা:
ঘুমানোর আগে অন্তত ৩টি নেয়ামতের কথা স্মরণ করুন যা আজ আপনি পেয়েছেন। কৃতজ্ঞ হৃদয় নিয়ে ঘুমানো এক গভীর ইবাদত।
ক্ষমার উদারতা:
নিজের বালিশে মাথা রাখার আগে সবাইকে ক্ষমা করে দিন। রাসূল (সা.) আমাদের শিখিয়েছেন ঘুমানোর আগে অন্তরকে পরিষ্কার করে নিতে।
আগামীর সংকল্প:
কালকের সূর্যটা যেন আজকের চেয়ে একটু বেশি উজ্জ্বল হয়, সেই নিয়ত নিয়ে চোখ বন্ধ করুন।
রাতের এই শেষ সময়টাকে কাজে লাগান, নিজেকে বিশ্লেষন করে নিজেকে পরিশুদ্ধ করুন। আপনার প্রতিটা রাত যেন আপনাকে নতুন করে চেনাতে সাহায্য করে সেভাবে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন।