26/02/2025
অজানা বন্ধুর চিঠি
সায়মা সবসময় হাসিখুশি মেয়ে ছিল। কলেজে সবার প্রিয়, পরিবারেও খুব আদরের। কিন্তু কেউ জানত না, ওর ভেতরের লড়াইটা কেমন।
গত কয়েক মাস ধরে কিছুই ভালো লাগছিল না ওর। রাতের পর রাত ঘুম আসত না, ছোট ছোট ব্যাপারেও মন খারাপ হতো, আর সারাদিন মনে হতো— “আমি কি আসলেই কারো জন্য গুরুত্বপূর্ণ?” বন্ধুদের সঙ্গে থাকলেও এক ধরনের শূন্যতা গ্রাস করতো ওকে। কেউ বুঝতে পারছিল না, ওর হাসির আড়ালে লুকিয়ে আছে এক বিশাল কষ্টের পাহাড়।
একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পোস্ট দেখল— “টেলিকাউন্সেলিং সেবা: আমরা আপনার পাশে আছি!” পোস্টটা দেখে ভাবল, “যদি আমি কল করি? যদি কেউ আমাকে বুঝতে চায়?” কিন্তু পরক্ষণেই মনে হলো, “নাহ, এসব বলে কি লাভ? কেউ তো আমায় সিরিয়াসলি নেবে না!”
কিন্তু সেদিন রাতে যখন ওর মন একদম ভেঙে গিয়েছিল, একরাশ কান্না চেপে রেখে অবশেষে নম্বরটা ডায়াল করল। ওপাশ থেকে এক শান্ত গলা জিজ্ঞেস করল—
“আপনি কেমন আছেন?”
এই একটা প্রশ্ন শুনেই সায়মার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও বুঝতে পারল, এতদিন ধরে এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। ধীরে ধীরে মনের সব কথা খুলে বলল কাউন্সেলরকে— ভয়, একাকীত্ব, হতাশা, এমনকি মাঝে মাঝে আসা অন্ধকার চিন্তাগুলোর কথাও।
ওপাশ থেকে কেউ ওকে থামায়নি, বিচার করেনি, শুধু শুনেছে। এবং বুঝিয়েছে— “আপনি একা নন। আপনি মূল্যবান। আপনার অনুভূতিগুলো গুরুত্ব দেওয়ার মতোই। এবং হ্যাঁ, আপনার জন্য সাহায্য আছে!”
সেই দিনটাকে সায়মা নতুন করে বাঁচার দিন বলে মনে করে। এখনো পুরোপুরি ঠিক হয়ে যায়নি, কিন্তু অন্তত জানে— “আমি একা নই। সাহায্য চাইতে লজ্জা নেই!”
আপনি যদি সায়মার মতো অনুভব করেন…
•মনে রাখবেন, “আপনার কষ্ট সত্যি, এবং সেটার সমাধান সম্ভব!”
•কথা বলা দুর্বলতা নয়, বরং সাহসের চিহ্ন।
•কাউন্সেলিং সেবা নেওয়া মানে “পাগল হওয়া” নয়, বরং নিজের প্রতি যত্নশীল হওয়া।
•আপনি একা নন, সাহায্য চাইলে কেউ না কেউ আছে আপনার পাশে।
আপনি যদি কখনো অনুভব করেন যে,কাউকে বলতে চান, ভয় পাবেন না। কথা বলুন, কারণ আপনার গল্প শোনার জন্য কেউ না কেউ আছে।
🔹 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টেলিকাউন্সেলিং সেবা 🔹
আমাদের অনেকেই সায়মার মতো মানসিক চাপ, হতাশা ও উদ্বেগের মধ্য দিয়ে যান। তবে মনে রাখবেন, আপনি একা নন! যদি আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, তাহলে এই অন্ধকার কাটিয়ে ওঠা সম্ভব।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ চালু করেছে টেলিকাউন্সেলিং সেবা।
📞 সেবা গ্রহণের সময়: প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত আমরা আপনাকে সহায়তা করতে প্রস্তুত।
📌 যোগাযোগের নম্বর:
📲 +8801712176908
📲 +8801712177941
📲 +8801712176857
📲 +8801712176627
আপনার মানসিক স্বাস্থ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না, কারণ আপনার পাশে আমরা আছি!