29/03/2026
স্বাস্থ্য ও পরিবার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এর গত ২৫ মার্চ ২০২৬ অনুষ্ঠিত অনলাইন সভায় প্রদত্ত নির্দেশনা অনুসারে অধীনস্থ হাসপাতাল সমূহে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে সিভিল সার্জন, মাগুরা কর্তৃক নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এর অংশ হিসেবে আজ ২৯ মার্চ ২০২৬ শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা: শামীম কবির, সিভিল সার্জন, মাগুরা।
এসময় উক্ত হাসপাতালে পদায়িত ১৭ জন চিকিৎসক এর মধ্যে ১৪ জন কে তিনি উপস্থিত পান, ১ জন নৈমিত্তিক ছুটি এবং ২ জন ডেপুটেশনে অন্যত্র কর্মরত। উপস্থিত সকল চিকিৎসক যথাসময়ে হাসপাতালে উপস্থিত হয়ে জরুরী বিভাগ, বহি:বিভাগ এবং অন্ত:বিভাগে দায়িত্ব পালন করছিলেন। সিভিল সার্জন, মাগুরা সকল চিকিৎসককে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইডি কার্ড সহকারে এপ্রন পরিহিত অবস্থায় হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশনা দেন। হাসপাতালের অন্ত:বিভাগ পরিদর্শনকালে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে বলেন। একই সাথে হাসপাতাল কম্পাউন্ডে ঝোপ-জংগল, ড্রেন তথা সার্বিক পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শালিখাকে তিনি নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন কালে হাসপাতালের এক্স-রে কক্ষটি পরিষ্কার পাওয়া গেলেও ডার্ক রুমটি পরিছন্ন না থাকায়, দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দেন সিভিল সার্জন, মাগুরা। হাসপাতাল পরিদর্শনকালে বহি:বিভাগে এনসিডি কর্ণার, আইএমসিআই কক্ষ, ইপিআই কক্ষে সেবাদানকারী এবং সেবাগ্রহীতাদের সাথে তিনি কথা বলেন। পূর্বের তুলনায় চিকিৎসকের সংখ্যা বর্তমানে বৃদ্ধি পাওয়ায় সেবা গ্রহীতাগন তাদের সন্তুষ্টি জ্ঞ্যাপন করেন। পরিদর্শনকালে সিভিল সার্জন, মাগুরা হাসপাতালের বহি:বিভাগে অবস্থিত ব্রেস্ট ফিডিং কক্ষের ফ্যান নষ্ট থাকায় দ্রুত সারানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শালিখাকে নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন এবং সেটিকে প্রয়োজনীয় সংস্কার এর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শালিখাকে নির্দেশনা দেন। রোগীদের জন্য দৈনিক যে পরিমান খাবার "ডায়েট" এ দেয়ার কথা, সেই খাবার এর পরিমাণ এবং এর গুণগত মান যাতে নিশ্চিত থাকে এই ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার এবং নার্সিং ইনচার্জকে নির্দেশনা দেন সিভিল সার্জন, মাগুরা। উল্লেখ থাকে যে, আজ ২৯ মার্চ ২০২৬ শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহি:বিভাগে মোট সেবাগ্রহীতা ছিলেন ৫৪১ জন, পরিদর্শনকালে অন্ত:বিভাগে রোগী ভর্তি ছিলেন ৯৬ জন এবং আজ সকাল ৮ টা থেকে জরুরী বিভাগে সেবা নিয়েছেন ৩৬ জন।