30/11/2025
৬ মাস পূর্ণ হওয়ার পর থেকেই বাচ্চাকে ধীরে ধীরে সলিড খাবারের সঙ্গে পরিচয় করানো শুরু হয়। এ বয়সে বাচ্চার পরিপাকতন্ত্র আগের তুলনায় পরিণত হয়, তাই বুকের দুধের পাশাপাশি সামান্য করে বিভিন্ন খাবার দেওয়া যায়। মূল লক্ষ্য হবে স্বাদ, টেক্সচার এবং বিভিন্ন ধরনের খাবার চিনানো, পেট ভরানো নয়। প্রতিটি বাচ্চার গ্রহণক্ষমতা আলাদা, তাই কোনো নিয়মকে কঠোরভাবে না মানিয়ে নিজের বাচ্চার আচরণ অনুযায়ী এগোনো উচিত।
শুরুর দিকে বেশি ভারী বা জটিল খাবার না দিয়ে সহজপাচ্য খাবার বেছে নিন। যেমন— নরম ফল (কলা, পাকা পেপে, আপেল, আম, ড্রাগনফল), হালকা সবজি (মিষ্টি কুমড়া, ব্রকলি, ফুলকপি, মিষ্টি আলু, আলু, বরবটি, টমেটো, গাজর)
প্রতিটি খাবার খুব অল্প পরিমাণে দিয়ে দুই-তিন দিন লক্ষ্য করুন। কোনো র্যাশ, পেট ব্যথা, পায়খানা পরিবর্তন বা বমি হলে খাবারটি বন্ধ রাখুন।
ভাত চটকে, ডিমের কুসুম আধা সিদ্ধ করে সামান্য করে দেওয়া যেতে পারে। খাবার ব্লেন্ড না করে চটকে দেওয়া ভালো, কারণ এতে বাচ্চা ধীরে ধীরে খাবারের স্বাভাবিক টেক্সচার শিখে।
♦️ পিউরি কী এবং কীভাবে করবেন?
পিউরি বলতে মূলত যেকোনো ফল বা সবজি নরম করে চটকে তরল আকারে তৈরি করা খাবারকে বোঝায়। যেসব ফল কাঁচা খাওয়া যায়, সেগুলো শুধু চটকে দিলেই হয়।সবজি বা শক্ত ফল সিদ্ধ করে নরম করে ভাতের মাড় বা সামান্য দুধ দিয়ে পাতলা করা যায়। চিড়া খেজুর বা ফল দিয়ে খুব ভালো বিকল্প হতে পারে। খাবারে মিষ্টির প্রয়োজন হলে চিনি বা মিসরি না দিয়ে খেজুর, কিসমিস বা প্রাকৃতিক ফলের মিষ্টি ব্যবহার করুন।
♦️ খাবারের সময়সূচিঃ
প্রথম দুই সপ্তাহ দিনে একটি মিলই যথেষ্ট—মাত্র দুই-তিন চামচ খাবে, এটাই স্বাভাবিক। ধীরে ধীরে দুই বেলা, তারপর তিন বেলা করতে পারেন। এই সময় লক্ষ্য থাকবে—খাবার খেতে শেখা, নতুন স্বাদ চিনে নেওয়া, চিবানোর অভ্যাস হওয়া। বাচ্চার পায়খানা নিয়মিত হচ্ছে কি না খেয়াল রাখুন। হঠাৎ কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা হলে নতুন দেওয়া খাবার বন্ধ রাখুন।
♦️মাছ কখন থেকে দেবেন?
৭ মাস থেকে শিং, পাবদা, শোল, রুই, টেংরা, মাগুর—এই ধরনের মাছ দেওয়া যায়। পাতলা করে ঝোল রান্না করে ১–২ চামচ দিয়ে শুরু করুন। মাছের পেটির অংশ দিলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায়। রান্নায় সামান্য তেল, খুব অল্প হলুদ, পেঁয়াজ দিলে সমস্যা নেই।
ইলিশ মাছ ৮ মাস পর থেকে দেওয়া যায়, তবে কাঁটার ঝুঁকি বেশি বলে অত্যন্ত সতর্ক হতে হবে। নদীর কোরালও দিতে পারবেন। বড় সামুদ্রিক মাছ (টুনা, স্যামন, ম্যাকারেল) এক বছর বয়সের পর নিরাপদ।
♦️মাংস ও কলিজাঃ
বাচ্চার আয়রন চাহিদা মেটাতে কলিজা খুব ভালো খাবার—
কোয়েল, দেশি মুরগি, কবুতর, গরু বা খাসির কলিজা ৮ মাসের পর থেকে দেওয়া যায়। তবে কবুতরের মাংস এক বছরের আগে না দেওয়াই উত্তম। খুব অল্প করে রান্না করে সপ্তাহে ১ বার দিলেও উপকার পাওয়া যায়।
♦️রুচি না থাকলে কী করবেন?
যেসব বাচ্চার মুখের রুচি চলে যায় বা খাবার দেখে মুখ ফিরিয়ে নেয়, তাদের অল্প করে আমলকির রস দিন। এতে ভিটামিন C বেশি থাকে, যা রুচি বাড়াতে সাহায্য করে।
যদি বারবার পায়ুপথ চুলকানো, খাবারে অরুচি বা ওজন না বাড়ার মতো সমস্যা থাকে—কৃমি হতে পারে। এক থেকে ১৬ মাস বয়সী বাচ্চার ক্ষেত্রে এসব লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ জরুরি।
♦️টক দই এর উপকারিতাঃ
১ বছর বয়সের পর থেকেই টক দই পরিচয় করানো যায়। সরাসরি না খেলে ভাত, চিড়া বা ফলের সঙ্গে মিশিয়ে দিন।
ঘরে পাতা টক দই সবচেয়ে উপকারী—এতে প্রাকৃতিক প্রোবায়োটিক থাকে, যা হজমে দারুণ সাহায্য করে।ডায়েরিয়া হলে অনেক সময় টক দই খুব উপকারী হতে পারে।
♦️গরুর দুধ কখন থেকে?
দুই বছরের আগে সরাসরি গরুর দুধ না দেওয়া ভালো।
এক বছর পর থেকে দুধ দিয়ে তৈরি খাবার যেমন—
পায়েস, পুডিং দেওয়া যায়।
সব বাচ্চা একই রকম নয়—কারও হজম শক্তি বেশি, কারও কম। শুইয়ে খাবার খাওয়ানো একেবারেই নিষেধ— এতে দম আটকে যাওয়ার ঝুঁকি থাকে। একসঙ্গে অনেক খাবার মিশিয়ে খাওয়ালে বাচ্চা আলাদা স্বাদ চিনতে পারে না, ভবিষ্যতে খাবারের বেছে বেছে খাওয়ার প্রবণতা তৈরি হয়।
নতুন খাবার ধীরে ধীরে, বাচ্চার লক্ষণ দেখে এগোবেন।
প্রতিটি বাচ্চার বৃদ্ধি ও সহনশীলতা আলাদা—তাই কোনো rigid তালিকা না ধরে, নিজের বাচ্চার আচরণ, ক্ষুধা ও হজম ক্ষমতা অনুযায়ী খাবার ঠিক করাই সবচেয়ে স্বাস্থ্যকর পদ্ধতি।