ডাঃমোঃ রেজাউল করিম অপু

ডাঃমোঃ রেজাউল করিম অপু সকলের সেবার ব্যবস্থা করা

08/02/2026

রোজা ও হৃদরোগ: যা জানা জরুরি

রমজান সংযম ও ইবাদতের মাস। তবে ইসলাম কখনোই অসুস্থ ব্যক্তিকে কষ্টে ফেলতে চায় না। হৃদরোগীদের ক্ষেত্রে রোজা রাখার সিদ্ধান্ত রোগের ধরন, বর্তমান অবস্থা ও ওষুধের ওপর নির্ভর করে।

সব হার্ট রোগীর জন্য রোজা নিষিদ্ধ নয়, আবার সবার জন্য নিরাপদও নয়।



✅ কারা রোজা রাখতে পারেন (ডাক্তারের পরামর্শে)

নিচের রোগীরা সাধারণত রোজা রাখতে পারেন, যদি বর্তমানে কোনো জটিলতা না থাকে:
• পুরনো হার্ট অ্যাটাক, এখন বুক ব্যথা নেই
• হার্টে স্টেন্ট বসানো হয়েছে ৬ মাসের বেশি সময় আগে
• রক্তচাপ (BP) ভালোভাবে নিয়ন্ত্রণে
• হার্ট ফেইলিউর হালকা মাত্রার (NYHA Class I–II)
• হার্টবিটের সমস্যা নিয়ন্ত্রণে আছে

👉 তবুও রোজার আগে নিজের চিকিৎসকের সাথে আলোচনা করা অত্যন্ত জরুরি।



❌ কারা রোজা না রাখাই নিরাপদ

নিচের অবস্থাগুলোতে রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে:
• সাম্প্রতিক হার্ট অ্যাটাক বা চলমান বুক ব্যথা
• তীব্র শ্বাসকষ্টসহ হার্ট ফেইলিউর (NYHA III–IV)
• অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ
• বারবার মাথা ঘোরা বা অজ্ঞান হওয়া
• সম্প্রতি হার্ট অপারেশন বা স্টেন্ট বসানো হয়েছে (< ১–৩ মাস)

👉 এসব ক্ষেত্রে রোজা না রাখা চিকিৎসাগতভাবে প্রয়োজনীয় এবং ধর্মীয়ভাবে সম্পূর্ণ জায়েজ।



💊 ওষুধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা
• নিজের ইচ্ছেমতো কোনো ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না
• দিনে ১ বার খাওয়ার ওষুধ → ইফতার বা সেহরিতে
• দিনে ২ বার খাওয়ার ওষুধ → ইফতার + সেহরি
• দিনে ৩ বার খাওয়ার ওষুধ → রোজায় সমস্যা হতে পারে, ডাক্তারের পরামর্শ দরকার
• প্রস্রাব বাড়ায় এমন ওষুধ (যেমন: Furosemide) → ডোজ পরিবর্তনের আগে অবশ্যই ডাক্তার দেখান

⚠️ বিশেষভাবে মনে রাখবেন—
Aspirin, Clopidogrel, Statin ও প্রেসারের ওষুধ কখনোই নিজে নিজে বন্ধ করবেন না।



🍽️ খাবার বিষয়ে সতর্কতা

🌙 ইফতারে
• পানি ও ১টি খেজুর দিয়ে শুরু করুন
• খুব দ্রুত বা অতিরিক্ত খাবেন না
• ভাজাপোড়া, অতিরিক্ত তেল ও লবণ এড়িয়ে চলুন
• চর্বিযুক্ত ও মিষ্টি খাবার সীমিত রাখুন

🌅 সেহরিতে
• ধীরে হজম হয় এমন খাবার খান (আটার রুটি, ওটস, ভাত)
• প্রোটিন হিসেবে মাছ বা ডিমের সাদা অংশ
• অতিরিক্ত চা-কফি ও লবণ এড়িয়ে চলুন



💧 পানি পান
• ইফতার থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে পানি পান করুন
• মোটামুটি ১.৫–২ লিটার (যদি ডাক্তার পানি কমাতে না বলেন)
• একসাথে বেশি পানি পান করবেন না



🚨 কখন রোজা ভেঙে ফেলবেন

নিচের কোনো উপসর্গ হলে রোজা ভাঙা জরুরি:
• বুক ব্যথা বা চাপ
• শ্বাসকষ্ট
• মাথা ঘোরা বা অজ্ঞান ভাব
• বুক ধড়ফড় করা বা অস্বাভাবিক দুর্বলতা

👉 এ অবস্থায় রোজা ভাঙা গুনাহ নয়—বরং জীবন রক্ষা করা ফরজ।



🕊️ শেষ কথা

“আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে কষ্টে ফেলতে চান না।
সুস্থ থাকা ইবাদতের পূর্বশর্ত।”

ডা. মো. রেজাউল করিম অপু

20/01/2026

Way for good life......

শীত মানেই শুধু ঠান্ডা নয়—শ্বসনতন্ত্রের জন্য বাড়তি ঝুঁকির সময়! শীতকালে কাশি, সর্দি ও শ্বাসকষ্টের মতো সমস্যা দ্রুত বেড়ে যা...
09/01/2026

শীত মানেই শুধু ঠান্ডা নয়—শ্বসনতন্ত্রের জন্য বাড়তি ঝুঁকির সময়!

শীতকালে কাশি, সর্দি ও শ্বাসকষ্টের মতো সমস্যা দ্রুত বেড়ে যায়। ঠান্ডা আবহাওয়ায় জীবাণু বেশি সক্রিয় থাকে এবং শ্বসনতন্ত্র সহজেই সংক্রমিত হতে পারে, যার ফলে নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

⚠️ কারা বেশি ঝুঁকিতে?

৫ বছরের কম বয়সী শিশু

৬৫ বছরের বেশি বয়সী বয়স্ক ব্যক্তি

ডায়াবেটিস, হৃদরোগ বা ফুসফুসের রোগে আক্রান্ত রোগী

রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষ

🛡️ শীতকালীন সুরক্ষায় কী করবেন?

নিউমোনিয়া প্রতিরোধে সময়মতো ভ্যাকসিন গ্রহণ করুন

ঠান্ডা ও ধুলাবালি থেকে শ্বসনতন্ত্রকে সুরক্ষিত রাখুন

কাশি বা শ্বাসকষ্ট অবহেলা করবেন না

শীতের আগেই সুরক্ষা নিন—নিউমোনিয়া ভ্যাকসিনে শ্বসনতন্ত্রকে রাখুন নিরাপদ!

29/12/2025

গর্ভাবস্থায় কোন ভিটামিন কখন খাবেন

১. আয়রন ও ফলিক অ্যাসিড (Iron – Folic Acid)

ফলিক অ্যাসিড
• গর্ভধারণের আগে থেকেই
• গর্ভাবস্থার প্রথম ১–৩ মাস (প্রথম ট্রাইমেস্টার) পর্যন্ত নিশ্চিতভাবে

আয়রন
• দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে

কিভাবে খাবেন
• খাবারের পরে দুপুর বা রাতে নিলে বেশি সহনশীলতা হয়
• খালি পেটে শোষণ বেশি, কিন্তু গর্ভাবস্থায় সমস্যা সৃষ্টি করতে পারে
• দুধ, দই, চা, কফি, ক্যালসিয়ামের সঙ্গে একসাথে খাবেন না
• আয়রন ও ক্যালসিয়ামের মধ্যে অন্তত ২ ঘণ্টা বিরতি
• ভিটামিন C সমৃদ্ধ খাবার আয়রন শোষণে সহায়তা করে

২. ক্যালসিয়াম ট্যাবলেট

সময়
• দুপুর বা রাতে খাবার পরে
• আয়রন ট্যাবলেট নেওয়ার অন্তত ২ ঘণ্টা পর

ক্যালসিয়াম ও আয়রন একসাথে নিলে দুটোই কম শোষিত হয়।

৩. মাল্টিভিটামিন / প্রেনাটাল ভিটামিন
• সকালের নাশতার পরে খাওয়া ভালো
• খালি পেটেও খাওয়া যাবে
• যাদের বমিভাব বেশি, তারা খাবারের পর নেবেন
• সব সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবেন
• কারওটা দেখে নিজে নিজে শুরু করবেন না

সঠিক সময় মেনে সাপ্লিমেন্ট নিলে
• মায়ের রক্তের পরিমাণ বাড়ে
• শিশুর হাড় মজবুত হয়
• গর্ভকালীন ঝুঁকি কমে

17/12/2025

৬মাস বয়সী শিশুদের বুকের দুধের পাশপাশি সলিড খাবার শুরু করার ধাপগুলো চলুন জানি❣️
৬ মাস বয়স মানেই শিশুর Complementary Feeding শুরু করার উপযুক্ত সময়। তবে মনে রাখবেন—
👉 সলিড খাবার শুরু মানে বুকের দুধ বন্ধ নয়
👉 বুকের দুধ এখনো শিশুর প্রধান খাবার
এক মাসে কীভাবে নিরাপদ ও সঠিকভাবে সলিড শুরু করবেন 👇
🍼 প্রথম সপ্তাহ (পরিচয়ের ধাপ)
কতবার দেবেন?
✅ দিনে ১ বার
কখন দেবেন?
🕙 সকাল ১০টা অথবা 🕒 বিকেল ৩টা
কী দেবেন?
পাতলা ভাতের মাড়
সেদ্ধ আলু ভালো করে চটকে
সেদ্ধ ডাল ছেঁকে পাতলা করে
📌 টিপস:
আগে বুকের দুধ, পরে সলিড
২–৩ চা-চামচ দিয়েই শুরু করুন
🍌 দ্বিতীয় সপ্তাহ (অভ্যস্ত করার ধাপ)
কতবার দেবেন?
✅ দিনে ২ বার
খাবারের তালিকা:
পাতলা সুজি
কলা ভালো করে চটকে
সেদ্ধ গাজর / মিষ্টি কুমড়া
⚠️ গুরুত্বপূর্ণ নিয়ম
👉 এক সময়ে এক নতুন খাবার
👉 প্রতিটি নতুন খাবার কমপক্ষে ৩ দিন পর্যবেক্ষণ
🥣 তৃতীয় সপ্তাহ (পরিমাণ বাড়ানোর ধাপ)
কতবার দেবেন?
✅ দিনে ২–৩ বার
খাবার:
পাতলা খিচুড়ি (ভাত + ডাল)
সেদ্ধ পেঁপে / আপেল
📌 শিশুর ইচ্ছা অনুযায়ী পরিমাণ বাড়ান
📌 জোর করে খাওয়াবেন না
🍽️ চতুর্থ সপ্তাহ (রুটিন তৈরির ধাপ)
কতবার দেবেন?
✅ দিনে ৩ বার
খাবার:
খিচুড়ি
সুজি
ফল ও সেদ্ধ সবজি
ডিমের কুসুম (অল্প পরিমাণে) 🥚
❌ ডিমের সাদা অংশ এখন নয়
🚫 কখন সলিড খাবার দেবেন না
❌ রাতে ঘুমানোর আগে
❌ খুব ক্ষুধার্ত বা কান্নার সময়
❌ জ্বর, ডায়রিয়া বা অসুস্থ থাকলে
👉 এসব সময় শুধু বুকের দুধ দিন
🔍 হজম হচ্ছে কিনা বুঝবেন যেভাবে
✅ স্বাভাবিক পায়খানা
✅ পেট ফাঁপা বা অস্বস্তি নেই
❌ হজম না হলে লক্ষণ
পেট ফুলে যাওয়া
অতিরিক্ত কান্না
ডায়রিয়া / কোষ্ঠকাঠিন্য
❗ হজম না হলে করণীয়
✔️ ওই খাবার বন্ধ করুন
✔️ ১–২ সপ্তাহ বিরতি দিন
✔️ পরে আবার অল্প করে চেষ্টা করুন
🧡 তাই
✔️ খাবার সবসময় নরম ও পাতলা রাখুন
✔️ লবণ, চিনি, মধু দেবেন না
✔️ পরিষ্কার চামচ ও বাটি ব্যবহার করুন
✔️ শিশুকে বসিয়ে খাওয়ান

DrMd Rezaul Karim Apu

15/12/2025

কর্ম ক্ষেত্রে নিজেকে safe রাখার ১০টি সহজ কৌশল :
১. পেশাদার হোন,
সময়মতো, মনোযোগ দিয়ে কাজ করুন। কে কী বলল বা করল এসবের পিছনে না ছুটে নিজের কাজে মন দিন। ব্যক্তিগত বিষয় অফিসে টেনে আনবেন না।
২. কম কথা, বেশি কাজ,
অফিস গসিপ বা কানাঘুষা এড়িয়ে চলুন। কথা যত কম, বিপদ তত কম।
৩. কৌশলী হোন, কিন্তু সন্দেহপ্রবণ নন,
সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। তবে অকারণে সন্দেহ করলে নিজেই অস্থির হয়ে পড়বেন।
৪. দলবাজি নয়, সবাইকে সম্মান দিন,
কোনো নির্দিষ্ট দলে নিজেকে জড়াবেন না। সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন।
৫. নিজের সীমা নির্ধারণ করুন
সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। ‘না’ বলতে শিখুন। কে আপনার সময় অপচয় করছে, তা চিনে নিন।
৬. যুক্তি দিয়ে প্রতিক্রিয়া দিন
কারও কথায় উত্তেজিত হয়ে আবেগে ভেসে যাবেন না। ঠান্ডা মাথায় ভাবুন, প্রয়োজনে ঊর্ধ্বতনদের জানান।
৭. দক্ষতা গড়ুন ও আপডেট থাকুন
আপনি যদি কাজের বিষয়ে দক্ষ হন, তবে কেউ সহজে আপনাকে দুর্বল করে তুলতে পারবে না।
আর শুধু এই প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে থাকবেন না। মনে রাখবেন এই প্রতিষ্ঠান চিরকাল আপনার থাকবে না। তাই নিজের স্কিল আপডেট রাখুন, নতুন দক্ষতা অর্জন করুন, ট্রেনিং নিন, সার্টিফিকেট অর্জন করুন।
৮. নম্র থাকুন, আত্মমর্যাদা বজায় রেখে
নম্রতা মানে সবাইকে "হ্যাঁ-স্যাঁ" বলা নয়। কারো সঙ্গে দ্বিমত হলে সেটিও ভদ্রভাবে প্রকাশ করা যায়। ভদ্রতা ও বিনয় হলো এমন এক গুণ, যা আপনাকে অনেক দূর নিয়ে যাবে।
৯. একজন মেন্টর বা বিশ্বাসযোগ্য সহকর্মী রাখুন
যার সঙ্গে আপনি নিজের কথা খোলাখুলি ভাগ করতে পারেন। মানসিকভাবে এটা খুব সহায়ক।
১০. মানসিক শান্তি বজায় রাখুন
অফিসের দুশ্চিন্তা যেন বাসায় না পৌঁছায়। পরিবার, প্রার্থনা, ঘুম ও নিজের ভালো লাগার কাজের মাধ্যমে নিজেকে ভারসাম্যপূর্ণ রাখুন।(C)

25/11/2025

অতি চঞ্চল (হাইপার) বাচ্চাদের জন্য খাবারের তালিকা থেকে নিচের কিছু খাবার সম্পূর্ণ বাদ বা খুব কম দেওয়া উচিত—কারণ এগুলো চঞ্চলতা, অস্থিরতা, মনোযোগ কমিয়ে দেয়।

❌ যে খাবারগুলো বাদ দেওয়া উচিত (বা যতটা সম্ভব কম)

১) অতিরিক্ত চিনি–যুক্ত খাবার
চকোলেট
কেক, পেস্ট্রি
মিষ্টি, রসমালাই
প্যাকেট জুস
আইসক্রিম
♦️ চিনি হঠাৎ এনার্জি বাড়িয়ে বাচ্চাকে আরও অস্থির করে।

২) রং–যুক্ত খাবার (Artificial Colors)
লাল/হলুদ রঙের টফি, ললিপপ
রঙিন পানীয়
বাচ্চাদের রঙিন জেলি
♦️ রঙিন খাবারে থাকা কেমিক্যাল বহু শিশুকে অতিরিক্ত চঞ্চল করে তোলে।

৩) প্যাকেটজাত স্ন্যাকস
চিপস
চানাচুর
নুডলস (ইনস্ট্যান্ট নুডলস)
বিস্কুট (চিনি বেশি)
♦️ এগুলোতে সোডিয়াম, ফ্লেভার, মনোযোগ কমানোর মতো উপাদান থাকে।

৪) ফাস্টফুড
বার্গার
পিজ্জা
ফ্রাইড চিকেন
♦️অতিরিক্ত ফ্যাট + MSG → হাইপারঅ্যাকটিভিটি বাড়ায়।

৫) সফট ড্রিঙ্ক / এনার্জি ড্রিঙ্ক
কোক/স্প্রাইট/ফান্টা
এনার্জি ড্রিঙ্ক
♦️ ক্যাফেইন + প্রচুর চিনি → আচরণ আরও অস্থির।

৬) অতিরিক্ত চকলেট (বিশেষ করে ডার্ক চকলেট)
♦️এতে ক্যাফেইন থাকে → ঘুম কমায় → চঞ্চলতা বাড়ে।

৭) অতিরিক্ত ভাজাপোড়া
পকোড়া, সিঙ্গারা, সমুচা
♦️ হজমে সমস্যা করে, irritability বাড়ায়।

✅✅যে খাবারগুলো বেশি দেওয়া উচিত (Balanced Alternative)
মাছ (ওমেগা–৩)
ডিম
দই
ফল
শাকসবজি
ওটস/সীম/ডাল
বাদাম/চানা
পানি

✅দিনে চিনি ২০–২৫% কমানোর সাথে সাথেই অনেক বাচ্চার চঞ্চলতা কমে যায়।
খাবার রুটিন ঠিক রাখলে আচরণও স্থির হয়।

©️

08/11/2025

শীতকালীন যে ৪ টি সবজি খেলেই বিপদে পড়বেন থাইরয়েড সমস্যায় আক্রান্তরা :

বাজারে পাওয়া যাচ্ছে শীতকালীন হরেক রকম সবজি। মৌসুমি এসব সবজি খেতে সুস্বাদু হলেও এগুলো অনেকের জন্য হতে পারে বিপদের কারণ। যারা থাইরয়েড রোগী তাদের শীতকালীন সবজি খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা জরুরি।
থাইরয়েড রোগীদের শীতকালীন ৪ সবজি এড়িয়ে যাওয়া প্রয়োজন।
শীতকালীন কিছু সবজি থাইরয়েড গ্রন্থির কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তাই থাইরয়েড রোগীদের শীতকালীন ৪টি সবজি এড়িয়ে চলা উচিত।

আজ শীতকালীন ৪ সবজি সম্পর্কে আপনাদের জন্য থাকছে তথ্য -

১. বাঁধাকপি: বাঁধাকপি গোইট্রোজেনিক উপাদান সমৃদ্ধ, যা থাইরয়েড হরমোন উৎপাদনে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে কাঁচা বাঁধাকপি বেশি ক্ষতিকর হতে পারে, তাই থাইরয়েড রোগীদের জন্য এটি খাওয়া পরিহার করা উচিত।

২. ব্রোকলি: ব্রোকলিতেও গোইট্রোজেনিক উপাদান থাকে। এটি থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা হ্রাস করতে পারে এবং হরমোন উৎপাদন কমিয়ে দিতে পারে।

৩. ফুলকপি: ফুলকপিও একই ধরনের গোইট্রোজেনিক প্রভাব তৈরি করতে পারে। কাঁচা ফুলকপি খাওয়া থেকে বিরত থাকা ভালো, কারণ এতে থাইরয়েডের সমস্যা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে।

৪. মূলা: মূলা খাওয়ার অভ্যাসেও শরীর থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না। যে কারণে থাইরয়েডের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

তাই থাইরয়েড রোগীরা বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি ও মূলা খাওয়া থেকে বিরত থাকুন। যদি খেতে ইচ্ছা হয় উচ্চতাপে রান্না করে খান। কখনই এসব সবজি রান্না না করে সালাদ হিসেবে খাবেন না।

ডা. মো. রেজাউল করিম অপু

20/10/2025

কোন ব্যথায় ঠান্ডা স্যাক আর কোনটাতে গরম স্যাক দেবেন জানেন? 🤔🌡️

অনেকেই ভুল স্যাক ব্যবহার করে ব্যথা আরও বাড়িয়ে ফেলেন!
চলুন সহজভাবে জেনে নেই 👇

❄️ ঠান্ডা স্যাক (Cold Compress / Ice Pack)

🩹 যখন ব্যবহার করবেন:
✅ নতুন আঘাত, চোট বা ফোলা
✅ হঠাৎ মচকানো বা টান লেগে ব্যথা
✅ রক্ত জমে ফোলা (bruise)
✅ দাঁতের ব্যথা বা ইনফ্লামেশনের জন্য মাথাব্যথা

🕒 সময়: আঘাতের পর প্রথম ২৪–৪৮ ঘণ্টার মধ্যে, প্রতি বার ১০–১৫ মিনিট করে দিন।

💡 কাজ করার নিয়ম:
ঠান্ডা স্যাক রক্তনালী সংকুচিত করে (vasoconstriction), ফলে ফোলা, ব্যথা ও প্রদাহ কমে যায়।

🔥 গরম স্যাক (Hot Compress / Warm Pack)

🩺 যখন ব্যবহার করবেন:

✅ পেশির টান, ঘাড় বা পিঠের ব্যথা
✅ জয়েন্টের ব্যথা বা আর্থ্রাইটিস
✅ পিরিয়ডের ব্যথা (menstrual pain)
✅ পুরনো বা দীর্ঘদিনের ব্যথা, যেখানে ফোলা নেই

🕒 সময়: আঘাতের ৪৮ ঘণ্টা পর বা পুরনো ব্যথায়, প্রতি বার ১৫–২০ মিনিট করে দিন।

💡 কাজ করার নিয়ম:
গরম স্যাক রক্তনালী প্রসারিত করে (vasodilation), ফলে রক্ত চলাচল বাড়ে, টিস্যুতে অক্সিজেন পৌঁছায়, আর পেশি শিথিল হয়ে ব্যথা কমে যায়!

⚠️ সতর্কতা:
🚫 খোলা ক্ষতে গরম স্যাক দেবেন না
🚫 বরফ সরাসরি ত্বকে নয় – কাপড়ের ওপর দিন
🚫 ডায়াবেটিস বা স্নায়ু অসাড়তা থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নিন

📍Dr. Md Rezaul Karim Apu

18/10/2025

🤔 আপনার ডায়াবেটিসের আসল কালপ্রিট(Culprit) কে⁉️ মিষ্টি বা ভাত নয়, আপনার পেটই পর্দার পেছনের আসল খেলোয়াড়!

"পেটের সাথে -ইনসুলিন রেজিস্ট্যান্স" এর সম্পর্ক— এ এক অদৃশ্য ষড়যন্ত্র, যা আপনার সুগার ও ওজনের আসল নিয়ন্ত্রক! 🚦⚖️

🔺 পেটের চর্বি কি চুম্বকের মতো আটকে আছে, কিছুতেই যাচ্ছে না?
🔺 ভাত বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর কি প্রচন্ত ঘুম পায়? 😴
🔺 ঘাড়ে, গলায় বা বগলে কি কালো ছোপ পড়ছে?
🔺 ছোট ছোট আঁচিল ও Skin Tag কি বাড়ছে?
🔺 মিষ্টি বা ভাজাপোড়া খাওয়ার জন্য কি মন সারাক্ষণ ছটফট করে? 🍩
🔺 খাওয়ার একটু পরেই কি আবার ক্ষুধা লাগে?
🔺 খান কিন্তু সারাদিন শরীরে শক্তি পান না, ক্লান্ত লাগে?
🔺 ওজন কমাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন?
🔺 কাজে মন দিতে পারছেন না, মনোযোগ হারিয়ে ফেলছেন (Brain Fog)?
🔺মাসের পর মাস ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু সমাধান মিলছে না?

আপনি হয়তো ভাবছেন—"সব দোষ আমার খাদ্যাভ্যাসের আর অলসতার!" 😔

কিন্তু সত্যিটা হলো, আপনার খাদ্যাভ্যাস বা শরীরচর্চার চেয়েও বড় একজন খেলোয়াড় আছে, যে আপনার পুরো শরীরকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে!
আর সেই মাস্টারমাইন্ড কে জানেন?
👉 আপনারই অন্ত্র বা Gut—আপনার শরীরের সবচেয়ে ক্ষমতাধর "সুগার কন্ট্রোল সিস্টেম"!

🏙️ চলুন, আবার আমাদের "শরীর নামক শহরে" ফিরে যাই!
আগের লেখায় আমরা জেনেছিলাম, অন্ত্র হলো এই শহরের প্রধান গেট।
এবার ভাবুন—
শহরের প্রতিটি ফ্যাক্টরির (কোষ) জন্য শক্তির প্রয়োজন, যার কাঁচামাল হলো গ্লুকোজ (চিনি)। আর এই কাঁচামাল ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার জন্য একজন ট্রাফিক পুলিশ (ইনসুলিন) আছে, যে সিগন্যাল দিয়ে রাস্তা ক্লিয়ার করে।
কিন্তু প্রশ্ন হলো, যদি শহরের প্রধান গেটই (অন্ত্র) ভেঙে যায়, তখন কী হবে?
👉 শহরের নিরাপত্তা, ট্রাফিক সিস্টেম—সবকিছুর চাবি আসলে ঐ গেটের হাতেই!

💥 Gut–Insulin Axis: পর্দার আড়ালের যুদ্ধ ⚔️
আপনার অন্ত্রে বাস করে কোটি কোটি জীবাণুর এক বিশাল সমাজ—Gut Microbiome।
এই সমাজে যখন ভালো নাগরিক (উপকারী ব্যাকটেরিয়া) বেশি থাকে, তখন শহরের ট্রাফিক সিস্টেম (ইনসুলিন সেনসিটিভিটি) একদম নিখুঁত চলে।
কিন্তু যখন দুর্নীতিবাজ সদস্য (খারাপ ব্যাকটেরিয়া) বেড়ে যায়, তখনই শুরু হয় আসল বিশৃঙ্খলা!
🔹 খারাপ খাদ্যাভ্যাস, স্ট্রেস বা অ্যান্টিবায়োটিকের কারণে অন্ত্রের ভালো জীবাণুরা মারা যায়।
🔹 এর ফলে অন্ত্রের ভেতরের দেয়ালে ছিদ্র তৈরি হয়, যাকে বলে "লিকি গাট" (Leaky Gut)।
🔹 এই ভাঙা গেট দিয়ে ক্ষতিকর টক্সিন (বিষ), হজম না হওয়া খাবার ও খারাপ ব্যাকটেরিয়া সরাসরি রক্তে ঢুকে পড়ে!
এটাকে বলা হয় “Inflammatory Cascade” বা প্রদাহের বন্যা—
একবার এই বন্যা শুরু হলে, আপনার ইনসুলিন সিস্টেম নড়বড়ে হয়ে যায়!

🚨 Gut নষ্ট হলে ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে হয়?👇

১️⃣ লিকি গাট (Leaky Gut):
ভাঙা গেট দিয়ে LPS (Lipopolysaccharide) নামক টক্সিন রক্তে প্রবেশ করে। শরীর এই টক্সিনকে শত্রু ভেবে এক জরুরি অবস্থা জারি করে, যাকে বলে Inflammation (প্রদাহ)। এই প্রদাহের আগুনে কোষগুলো এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে, তারা ইনসুলিনের সিগন্যাল আর শুনতে পায় না। ফলাফল—ইনসুলিন রেজিস্ট্যান্স!

২️⃣ Dysbiosis (খারাপ ব্যাকটেরিয়ার রাজত্ব):
খারাপ ব্যাকটেরিয়ারা চিনি ও প্রক্রিয়াজাত খাবার খেয়ে আরও শক্তিশালী হয় এবং এমন কিছু রাসায়নিক তৈরি করে যা সরাসরি ইনসুলিনের কাজে বাধা দেয়। অন্যদিকে, ভালো ব্যাকটেরিয়ার অভাবে হজমশক্তি কমে যায়, ফলে রক্তে হঠাৎ করে সুগারের মাত্রা বেড়ে যায়।

৩️⃣ বিপাকীয় বিপর্যয় (Metabolic Chaos):
আপনার অন্ত্রের জীবাণু নির্ধারণ করে আপনার শরীর চর্বি জমাবে নাকি শক্তি হিসেবে ব্যবহার করবে। খারাপ গাট মানে ধীরগতির মেটাবলিজম, যা পেটের জেদি চর্বি ও ওজন বৃদ্ধির মূল কারণ।

🌿 🧩শহরটাকে এই বিপর্যয় থেকে কীভাবে বাঁচাবেন?

আপনার ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের চিকিৎসা শুরু হোক শহরের গেট (Gut) মেরামত দিয়ে!

🧩 ধাপ ১: ভাঙা গেট মেরামত করুন 👇
লিকি গাট সারানোর জন্য সেরা "সিমেন্ট" হলো:
Bone Broth (হাড়ের স্যুপ): এটি কোলাজেন ও গ্লুটামিনে ভরপুর।
ফার্মেন্টেড খাবার: প্রোবায়োটিকের প্রাকৃতিক উৎস।
কলা ও ফাইবার: ভালো ব্যাকটেরিয়ার খাবার।

🧩 ধাপ ২: দুর্নীতিবাজদের শহরে ঢোকা বন্ধ করুন 👇
🚫 বাদ দিন:
প্রসেসড চিনি ও মিষ্টি পানীয়
গ্লুটেন (আটা, ময়দা, পাউরুটি, বিস্কুট)
ডেইরি (প্যাকেটজাত দুধ, চিজ)
সয়াবিন ও অন্যান্য প্রক্রিয়াজাত তেল
ফাস্টফুড ও ভাজাভুজি

🧩 ধাপ ৩: শহরে ভালো নাগরিকের সংখ্যা বাড়ান 👇
🌱 অন্ত্রের ভালো জীবাণু বাড়াতে খান:
প্রচুর ফাইবার: সব ধরনের শাক, সবজি, ইত্যাদি।
প্রিবায়োটিকস: পেঁয়াজ, রসুন, কাঁচাকলা, ওটস।
ফার্মেন্টেড ফুড: ঘরে পাতা টক দই, পান্তা ভাত, কিমচি, আচার।
স্বাস্থ্যকর ফ্যাট: দেশি ঘি, নারকেল তেল, অলিভ অয়েল, বাদাম, অ্যাভোকাডো।

🧩 ধাপ ৪: শহরে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন 👇
মানসিক চাপ কমান: মেডিটেশন, প্রার্থনা, যোগব্যায়াম করুন।
পর্যাপ্ত ঘুমান: রাতে ৭-৮ ঘণ্টা গভীর ঘুম অপরিহার্য।
হালকা ব্যায়াম: প্রতিদিন ৩০-৪০ মিনিট হাঁটুন।
প্রকৃতির কাছে যান: সবুজ পরিবেশে সময় কাটান।

🧩 ধাপ ৫: শরীরের বিপদ সংকেত শুনুন
যখন অন্ত্র অসুস্থ হয়, শরীর আপনাকে ছোট ছোট সিগন্যাল পাঠায়—
পেটে গ্যাস, হজমের সমস্যা, ত্বকের সমস্যা, ক্লান্তি, মিষ্টির লোভ, ওজন বৃদ্ধি—এগুলো হলো "গাটের SOS (Save Our Souls) অ্যালার্ম" 🚨

🚩🚠📣 শুধু ওষুধ দিয়ে ব্লাড সুগার কমানোটা হলো উপসর্গকে চেপে রাখা। শহরের গেট মেরামত না করে শুধু ট্রাফিক পুলিশ বাড়িয়ে দিলে যেমন জ্যাম কমে না, তেমনি অন্ত্রকে সুস্থ না করে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব।

💚 Asad Holistic Health Center-এর বার্তা:
ইনসুলিন রেজিস্ট্যান্স কোনো হরমোনের রোগ নয়, এটি মূলত অন্ত্রের অসুস্থতার একটি বিপাকীয় প্রকাশ। আপনার অন্ত্র যখন সুস্থ থাকবে, তখন আপনার কোষগুলো ইনসুলিনের কথা আবার শুনতে শুরু করবে।
তাই শুরু হোক “Gut First Revolution”—যেখান থেকে আপনার শক্তি, ওজন, মেটাবলিজম ও সার্বিক স্বাস্থ্য—সব ফিরে আসবে নিজের প্রাকৃতিক নিয়ন্ত্রণে।

✨🌿 শেষ কথা
পরেরবার যখন ব্লাড সুগার বা পেটের চর্বি নিয়ে চিন্তা করবেন, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটে হাত রাখুন—
কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার সুস্থতার আসল চাবিকাঠি—আপনার গাট! 👑

আপনার অন্ত্রকে ভালোবাসুন, আপনার শরীর আপনাকে আজীবন ধন্যবাদ জানাবে! ☘️💚

©️ তথ্য গবেষণা ও সংকলনে—
DR MD REZAUL KARIM APU
MBBS

মাসিক চক্র কেন তার সিডিউল মিস করে?জেনে রাখুন কাজে লাগবে --মাসিক চক্র নারীদেহের এক অত্যাশ্চর্য ঘড়ির মতো, যা নিয়ন্ত্রিত ...
14/10/2025

মাসিক চক্র কেন তার সিডিউল মিস করে?
জেনে রাখুন কাজে লাগবে --

মাসিক চক্র নারীদেহের এক অত্যাশ্চর্য ঘড়ির মতো, যা নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামিক-পিটুইটারি-ওভারিয়ান অ্যাক্সিস (HPO Axis) নামে একটি জটিল মস্তিষ্কের-হরমোনের সংযোগ ব্যবস্থার মাধ্যমে। যখন এই ঘড়ি তার সিডিউল মিস করে, বুঝতে হবে এই সূক্ষ্ম ভারসাম্যে কোথাও বড় ধরনের গোলযোগ ঘটেছে।
আসুন, সংক্ষেপে জেনে নেই কেন এই গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া তার সময়সূচি থেকে সরে যায়—কারণগুলো কিন্তু শুধু 'স্ট্রেস' নয়, বরং অনেক বেশি গভীর!

মূল কারণগুলো সংক্ষেপে:

১. হরমোনের 'ব্রেন ড্যামেজ' (হাইপোথ্যালামিক অ্যামেনোরিয়া):
তীব্র মানসিক চাপ, ওজন কমে যাওয়া বা অতিরিক্ত ব্যায়াম মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশকে প্রভাবিত করে। এর ফলে GnRH (গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন)-এর নিঃসরণ কমে যায়। GnRH কম নিঃসৃত হলে ডিম্বাণু পরিপক্ক হয় না, ডিম্বস্ফোটন (Ovulation) হয় না এবং মাসিক বন্ধ থাকে। একেই বলে 'হাইপোথ্যালামিক অ্যামেনোরিয়া'।

২. PCOS: হরমোনের যুদ্ধে পরাজয়:
পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) হলো ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত একটি সমস্যা, যা অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) উৎপাদন বাড়িয়ে দেয়। এই অতিরিক্ত অ্যান্ড্রোজেন ডিম্বাশয়কে নিয়মিতভাবে ডিম্বাণু মুক্ত করতে বাধা দেয়। ডিম্বস্ফোটন না হলে পর্যাপ্ত প্রোজেস্টেরন তৈরি হয় না, যার ফলস্বরূপ মাসিক অনিয়মিত হয় বা মিস হয়।

৩. প্রোজেস্টেরন উইথড্রয়ালের অভাব:
সাধারণত ডিম্বাণু নিষিক্ত না হলে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা হঠাৎ কমে যায় এবং মাসিক শুরু হয়। একে বলে "প্রোজেস্টেরন উইথড্রয়াল ব্লিডিং"। যখন ডিম্বস্ফোটনই হয় না, তখন পর্যাপ্ত প্রোজেস্টেরন তৈরিই হতে পারে না। ফলে হরমোনের এই 'উইথড্রয়াল ট্রিগার' তৈরি হয় না, এবং মাসিক হয় না।

৪. থাইরয়েড গণ্ডগোল:
থাইরয়েড হরমোন (T3, T4) প্রজনন হরমোনগুলোকেও প্রভাবিত করে। থাইরয়েডের সমস্যায় প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে, যা সরাসরি GnRH নিঃসরণকে দমন করে এবং ডিম্বস্ফোটনে বাধা দেয়।

কি পদক্ষেপ নিবেন?

১. জীবনধারা পরিবর্তন (Scientific Lifestyle Adjustments)
* স্ট্রেস ম্যানেজমেন্ট: দৈনিক মেডিটেশন, যোগা বা গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে কর্টিসল (স্ট্রেস হরমোন) এর মাত্রা কমিয়ে GnRH (মাসিক সংকেত) নিঃসরণ স্বাভাবিক রাখুন।
* ওজন ভারসাম্য: আপনার উচ্চতা অনুসারে একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। অতিরিক্ত বা কম ওজন উভয়ই হরমোনের ভারসাম্য নষ্ট করে।
* পরিমিত ব্যায়াম: উচ্চ-তীব্রতার বা অতিরিক্ত পরিশ্রমের ব্যায়ামের পরিবর্তে হালকা কার্ডিও, স্ট্রেংথ ট্রেনিং বা সাঁতার বেছে নিন।
* ইনসুলিন নিয়ন্ত্রণ: খাদ্যতালিকায় কম শর্করা এবং উচ্চ ফাইবার যুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন, যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় (বিশেষ করে PCOS-এর জন্য গুরুত্বপূর্ণ)।

২. প্রাকৃতিক ও খাদ্যভিত্তিক সমর্থন (Natural & Nutritional Support)
* দারুচিনি (Cinnamon): প্রতিদিন ১ চামচ দারুচিনি গুঁড়ো সেবন করুন, যা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে।
* ভিটামিন D: পর্যাপ্ত পরিমাণে ভিটামিন D গ্রহণ করুন (রোদ পোহানো বা সাপ্লিমেন্টের মাধ্যমে), যা ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন উৎপাদনে সহায়ক।
* ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: চিয়া বীজ, ফ্ল্যাক্স বীজ, আখরোট বা ফিশ অয়েল সেবন করুন। এটি শরীরের প্রদাহ কমিয়ে হরমোনের কাজে সহায়তা করে।
* B-ভিটামিন (বিশেষত B6): ডিম, মাছ, দুধ ও সবুজ সবজি খান, যা প্রোজেস্টেরন হরমোনকে সহায়তা করে।
* আদা (Ginger): নিয়মিত আদা চা পান করুন, যা জরায়ু অঞ্চলে রক্ত সঞ্চালন উন্নত করতে পারে।

৩. গুরুত্বপূর্ণ সতর্কতা
যদি গর্ভবতী না হওয়া সত্ত্বেও মাসিক তিন মাসের বেশি সময় ধরে বন্ধ থাকে, সেক্ষেত্রে আমাকে জানাবেন অথবা নিকটস্থ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।

ডাঃ মো. রেজাউল করিম অপু
এম বি বি এস

Address

Bhaluka
Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃমোঃ রেজাউল করিম অপু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share