09/03/2026
গ্লুকোমা/গ্লোকমা সম্পর্কে কিছু ভুল ধারণা
▬▬▬▬▬❏▬▬▬▬▬
🚫 ভুল ধারণা: চোখে ভালো দেখলে কখনো গ্লুকোমা হয় না।
✅ সঠিক তথ্য : কেউ হয়তো চোখে ভালো দেখতে পাচ্ছেন তাই বলে এটা মনে করার কোনো কারণ নেই যে তার কখনো গ্লুকোমা হবে না। গ্লুকোমাকে বলা হয় দৃষ্টিশক্তির নীরব ঘাতক। গুরুতর আকার ধারণ না করা পর্যন্ত এ রোগের বহিঃপ্রকাশ তেমন একটা দেখা যায় না। তাই কারো গ্লুকোমা হোক বা না হোক—প্রতিবছর অন্তত একবার চোখের নিয়মিত চেকআপ করা উচিত।
🚫 ভুল ধারণা: শুধু বয়স্ক মানুষেরই গ্লুকোমা হয়।
✅ সঠিক তথ্য : এ ধারণাটি একেবারে ভুল। যেকোনো বয়সেই গ্লুকোমা হতে পারে। প্রতি হাজারে একজনের ক্ষেত্রে এটি জন্মগতও হতে পারে। চোখের যেকোনো অসুখ থেকেও গ্লুকোমা হতে পারে। তবে ৩৫ বছরের পর রিস্ক বেশি থাকে।
🚫 ভুল ধারণা: চোখের প্রেসার বেড়ে যাওয়াই গ্লুকোমার একমাত্র কারণ।
✅ সঠিক তথ্য : এ তথ্যও সঠিক নয়। চোখের প্রেসার ঠিক থাকলেও গ্লুকোমা হতে পারে। তবে গ্লুকোমা হওয়ার অন্যতম কারণ হচ্ছে, চোখের প্রেসার স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া। যাকে বলে অকুলার হাইপারটেনশন (Ocular Hypertension) । প্রতিবছর নিয়মিত চোখের চেকআপ করালে এই অকুলার হাইপারটেনশন প্রতিরোধ করা যায়। আর যদি কারো এটা হয়েও যায়, তবে সঠিক চিকিৎসা নিলে গ্লুকোমা হওয়ার ঝুঁকি কমে যায়।
🚫 ভুল ধারণা: গ্লুকোমা মানেই অন্ধতা এবং এর কোনো চিকিৎসা নেই।
✅ সঠিক তথ্য : এ ধারণার কিছু সত্যতা থাকলেও পুরোপুরি সত্য নয়। গ্লুকোমা চোখের একটি মারাত্মক অসুখ এবং চিকিৎসার আগ পর্যন্ত যেটুকু দৃষ্টিশক্তি কমে গেছে, সেটা আর ফেরত পাওয়া সম্ভব নয়। কারো চোখের পাওয়ার বা দৃষ্টিক্ষমতা হয়তো ৯০ শতাংশ নষ্ট হয়ে গেছে, ১০ শতাংশ ভালো আছে। চিকিৎসা করালে ওই ১০ শতাংশ ভালো থাকতে পারে; কিন্তু ৯০ শতাংশ আর ফেরত পাওয়া যাবে না। অর্থাৎ যেটুকু দৃষ্টি বিদ্যমান আছে, ওষুধ ও অপারেশনের মাধ্যমে সেটুকু রক্ষা করা যায়। গ্লুকোমার সফল অপারেশন হলে সারা জীবনের জন্য আর ড্রপ বা ট্যাবলেট ব্যবহারের প্রয়োজন না-ও হতে পারে। সঠিক চিকিৎসা না করালেই বরং অন্ধ হওয়ার আশঙ্কা থাকে।
🚫 ভুল ধারণা: পরিবারে গ্লুকোমা রোগী না থাকলে অন্য কারো এ রোগ হবে না।
✅ সঠিক তথ্য : এটিও ভুল ধারণা। বংশগত কারণে গ্লুকোমা হতে পারে, তবে তা একমাত্র কারণ নয়। পরিবারে গ্লুকোমা না থাকলেও যে কারো গ্লুকোমা হতে পারে। এ জন্য ৩৫ বছরের পর প্রতিবছর চেকআপ করে গ্লুকোমা আছে কি না দেখে নেওয়া জরুরি।
🚫 ভুল ধারণা : সার্জারি করালে চোখ অন্ধ হয়ে যায়।
✅ সঠিক তথ্য : এই বাংলাদেশেই হাজার হাজার গ্লুকোমার রোগী সার্জারি করে ভালো আছেন। গ্লুকোমার শেষ পর্যায়ে এসে সার্জারি না করালেই বরং অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি।
গ্লুকোমা সম্পর্কে প্রচলিত সত্য
▬▬▬▬▬❏▬▬▬▬▬
✅ পানি বেশি খেলে গ্লুকোমা হয়।
হ্যাঁ, এটা সত্যি কথা। একসঙ্গে দেড় লিটারের বেশি পানি পান করলে চোখের প্রেশার বেড়ে যেতে পারে। এতেও কিন্তু গ্লুকোমা হতে পারে।
✅ ডার্করুমে বা অন্ধকারে কাজ করলে গ্লুকোমা হয়।
হ্যাঁ, সঠিক তথ্য। যাদের চোখের অ্যাংগেল সরু বা চিকন এবং যারা প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করেন, তারা যদি ডার্ক রুমে বা অন্ধকারে কাজ করেন তাদের এই আশঙ্কা বেশি।
✅ যেকোনো বয়সেই গ্লুকোমা হয়।
হ্যাঁ, যেকোন বয়সে এমনকি শিশু বয়সে জন্মগত গ্লুকোমা হতে পারে। তবে সাধারণত ৩৫ বছর বয়সের ওপরে বেশি হয়।
█▒▒▒ Almas Eye Hospital █▒▒▒