20/02/2024
পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় দাঁত ও মুখের যত্ন এবং চিকিৎসার ব্যাপারে আমরা প্রায়ই দ্বিধান্বিত হয়ে থাকি। পবিত্র রমজান মাসে মুখের স্বাস্থ্যের ও দাঁতের বিশেষ যত্ন নিতে আমরা সহজ কিছু কৌশল মেনে চলতে পারি :
১. রমজানে খাবারের অভ্যাস এবং খাবারের সময় পরিবর্তনের কারণে শারীরিক কিছু পরিবর্তন দেখা যায়। দীর্ঘক্ষন না খেয়ে থাকার কারণে শরীরে পানির পরিমাণ কমে যায়। ফলে মুখের স্বাভাবিক লালা বা স্যালাইভার পরিমাণ কমে যায়। ফলে দাঁত ক্ষয়, মাড়ির রোগ হতে পারে। লালা স্বল্পতার কারণে মুখে শুষ্কতার জন্য দুর্গন্ধ হতে পারে।
• মুখের শুষ্কতা ও দুর্গন্ধ এড়াতে, রমজানের আগেই একবার স্কেলিং করাতে পারি।
• এছাড়া প্রতিদিন সাহ্রি ও ইফতারের পরে অন্তত দুই মিনিট করে নিয়ম অনুযায়ী দাঁত ও মুখ পরিষ্কার করা।
• সাহ্রির পর ডেন্টাল ফ্লস করা।
• প্রয়োজনে অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ ব্যবহার করা।
• অজু করার সময় ভালোমতো কুলি করা ও মাড়ি ম্যাসাজ করা উচিত। মেসওয়াক করাটাও সুন্নত।
২. রমজানে দাঁতের ব্যথা, মাড়ি দিয়ে রক্ত পড়া, ক্ষতসহ মুখের অনেক সমস্যা রোজাদারদের কষ্টের কারণ হতে পারে। রোজা অবস্থায় ক্লিনিকে ডেন্টাল প্রসিডিউর এর ক্ষেত্রে শুধুমাত্র যেগুলোতে রক্তপাত (রক্ত গড়িয়ে পড়বে এমন) হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো করা যাবেনা। এছাড়া বাকীগুলো ট্রিটমেন্ট করতে কোন সমস্যা নাই।
৩. ডেন্টাল ইনফেকশনে সবচেয়ে বেশি ব্যবহৃত ঔষধ হলো পেইনকিলার ও এ্যন্টিবায়োটিক। রমজান মাসে আমরা ঔষধ সেবনের জন্য ইফতারের পর এবং সেহরির সময়টা বেছে নিতে পারি। তাই রমজানের আগেই আমাদের সবাইকে সচেতন হতে হবে। রোযা রাখা যেন আমাদের মৌখিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি না করে।
৪. রমজান শুরু হওয়ার আগে পরামর্শের জন্য ও সুস্থ থাকার জন্য আপনার নিকটস্থ ডেন্টিস্টের কাছে যাওয়া উচিৎ। প্রয়োজনীয় মৌখিক স্বাস্থ্যবিধি অনুশীলন করা জরুরি।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রোযার মাস ও পরবর্তী দিনগুলো সুস্থ রাখুন, ভাল থাকার তৌফিক দিন এই কামনা করি। আমিন।