11/05/2026
যদি আপনাকে বলা হয়, আপনার একটি দু’আ কবুল করা হবে, তখন আপনি আল্লাহর কাছে কী চাবেন?
ঠিক এরকমই একটি প্রশ্ন একবার আল্লাহর রাসুলকে (ﷺ) তার চাচা আব্বাস (রা.) ও করেছিলেন। অনুরোধ করেছিলেন, তাকে যেন এমন একটি দু’আ শেখানো হয়, যেই একটি দু’আই এত ব্যাপক অর্থপূর্ন হবে যে, সেটা যদি কবুল হয় তাহলে আর কিছু চাওয়ার প্রয়োজন হবে না। রাসুল (ﷺ) তখন তাকে যে দু’আটি শিখালেন, তা হলো,
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ الْعَافِيَةَ فِيْ الدُّنْيَا وَالْاٰخِرَةِ
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে ’আফিয়াহ’ চাই। দুনিয়া এবং আখিরাতে।
কী অর্থ ‘আফিয়ার’?
— আফিয়াহ অর্থ দু:খ কষ্ট থেকে মুক্ত থাকা।
— আপনি আফিয়াহতে আছেন, যদি আপনি সুস্থ থাকেন।
— আপনি আফিয়াহতে আছেন, যদি প্রয়োজন মাফিক রিযিক থাকে আপনার। যদি জীবনকে আপনি উপভোগ করতে পারেন, যদি আপনার সন্তানেরা সুরক্ষিত থাকে সবধরনের অনিষ্টতা থেকে, আপনি আফিয়াহতে আছেন।
— যদি আপনাকে ক্ষমা করে দেয়া হয়, যদি দেয়া না হয় কোন শাস্তি বা আযাব, আপনি আফিয়াহতে আছেন।
সুবহানাল্লাহ! কত সংক্ষিপ্ত দু’আ, অথচ কী ব্যপক অর্থবোধক। আপনি আফিয়াহ চাচ্ছেন, তার মানে আপনি আল্লাহকে বলছেন, তিনি যেন আপনাকে বাঁচিয়ে রাখেন যে কোন যন্ত্রনা, কষ্ট, অসচ্ছলতা, ক্ষতি ও পরিক্ষা থেকে। দুনিয়া আখিরাতের যাবতীয় মুসিবত থেকে। আব্বাস (রা.)- কে যখন রাসুল (ﷺ) দু’আটির কথা বললেন, তিনি প্রথমে উত্তর দিলেন, ইয়া রাসুলাল্লাহ! এত ছোট দু’আ, আমি তো আরও বড় কিছু চেয়েছিলাম।
রাসুল (ﷺ) জবাব দিয়েছিলেন, প্রিয় চাচা! আল্লাহর কাছে আফিয়াহ চান। দেয়ার মত আফিয়ার চেয়ে উত্তম আর কিছু হতে পারে না।
তথ্যসূত্রঃ সুনান তিরমিযি, ২৬৭৫ ও রিয়াদুস সালেহীন।
~ রিজওয়ানুল কবির