22/01/2026
ASHA দিদিরা আছেন বলেই, স্বাস্থ্য ব্যবস্থায় একটু আশা থাকে।
আশা দিদিদের নিরাশার কথা নিয়ে কলম ধরলেন ডাঃ সায়ন্তন মুখুটি
মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সময় স্কুলের ডিউটি থেকে শুরু করে দুয়ারে সরকার, মহামারী থেকে শুরু করে গর্ভবতী মা,বাচ্চার স্বাস্থ্য! সব কিছুতেই জনস্বাস্থ্যের একেবারে ভীত যারা। গ্রামের এক্কেবারে সাধারণ মানুষের মধ্যে থেকে তাদেরই একজন প্রতিনিধিকে তাদের স্বাস্থ্যের অনেকটা গুরুদায়িত্ব দেওয়া থাকে! আশা দিদি। ASHA, Accredited Social Health Activist.
ছুটি ছাটা নেই তেমন, সামান্য বেতন। না ওই টাকাতে সংসার চলে না! কোভিডের সময়ে জীবন বাজি রেখে দুয়ারে দুয়ারে গিয়ে বডি টেম্পারেচার মাপা থেকে শুরু করে অক্সিজেন মেপে আসা সব কিন্তু করেছিলেন হাসি মুখেই। কলকাতার বাবু টাবুরা সেসব মনে রাখেন নি অবশ্য। তাই আজ যখন মফস্বলি আশা দিদিরা কলকাতা এসেছেন নিজেদের অধিকার বুঝে নিতে, তখন ব্যারিকেড দিয়ে দিয়েছেন স্বাস্থ্য ভবনের চারদিকে। বড্ড বেয়াদপ এরা সত্যিই, কোথায় উন্নয়নের পাঁচালি পড়বে, লক্ষী এলো ঘরের মত কালজয়ী সিনেমা দেখবে তা না, এসেছে স্বাস্থ্যভবন ঘেরাও করতে। আচ্ছা পারমিশন ছিলো? পুলিশের বড় কত্তা ডিসি সেন্ট্রাল জিজ্ঞেস করেছেন! চন্দ্রিমা ভট্টাচার্য দেখলাম বলেছেন যে সরকারের এতোকিছু দেওয়ার পরও সরকারের বিরুদ্ধে আওয়াজ কেনো তোলা হচ্ছে? তা ঠিক গোটা মাস খাটিয়ে ওই টুকু টাকা দিচ্ছে সরকার মাই বাপ! তাতেও উন্নয়ন দেখতে না পেলে সরকারের আর কিই বা দোষ?
আশা দিদিদের দাবী সম্পূর্ণভাবে সমর্থন করা সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনের এই মুহুর্তে আশু কর্তব্য! তাঁদের পাশে দাঁড়ান,ওনাদের দাবী খুব সামান্যই :
১. প্রত্যেক আশা কর্মীকে স্থায়ী কর্মচারী রূপে নিয়োগ করতে হবে।
২. নূন্যতম মাসিক বেতন ১৫,০০০ টাকা করতে হবে।
৩. চার মাসের বকেয়া বেতন অবিলম্বে দিতে হবে।
৪. কর্মরত অবস্থায় যেকোনো আশা কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
৫. প্রত্যেক আশা কর্মীকে ESI এবং PF-এ অন্তর্ভুক্ত করতে হবে।
করোনাকালে যারা প্রাণের ভয় পাননি তাদের এই সামান্য ব্যারিকেড, পুলিশকে দিয়ে আসতে বাধা দেওয়া, গ্রেফতারি এসবে ভয় পাওয়ানো যাবে কি? স্বাস্থ্যভবন কী বলছে?
জেলায় জেলায় আশা কর্মীদের বাড়িতে বাড়িতে হেনস্থা, আজ কলকাতা আসতে বাধা দেওয়া এই সমস্ত কিছুর প্রতিবাদে কাল ধিক্কার দিবসের ডাক দিয়েছেন ওনারা।
রুখবে যত, বাড়বে তত!
ইনকিলাব! ✊🏾
লেখা: ডাঃ সায়ন্তন মুখুটি