16/01/2026
ধৈর্য ধরে পড়ার অনুরোধ রইলো, কাজের কথা-
----------------------------------------------------------------------------
এ কথা এক গর্ভবতী নারীর গর্ভাবস্থা অতিক্রম করে গর্বের মাতৃসত্বায় আরোহণের কাহিনী। এ কথা প্রতিটি ছত্রে ছত্রে নিজের বাস্তব অভিজ্ঞতার স্তম্ভে দাঁড়ানো বিজ্ঞান সম্মত, সত্য কাহিনী। এ কথা নারী শরীর ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে ভুল ধারণা, কুসংস্কার ও 'ট্যাবু' ভেঙে সচেতনতার আলোকে মেয়েদের জীবনকে খানিক সহজ করে তোলার কাহিনী।
চাইলে আপনি আপনার প্রেগন্যান্সি জার্নির গুটিকয়েক ছবি দিয়েই ক্ষান্ত থাকতে পারতেন সবার মতন, কিন্তু নিজের জ্ঞান ও অভিজ্ঞতাকে সকলের জন্য ভাবার কারণে আপনাকে কুর্নিশ বোন, একজন প্রসূতি বিশেষজ্ঞ হিসেবে তথা একজন শুভবুদ্ধিসম্পন্ন সামাজিক মানুষ হিসেবে!🙏❤️
কেবল একটি জায়গায় ছোট্ট একটি সংশোধন করব। প্রেগন্যান্সি কিট টেস্ট-এ কখনো সম্পূর্ণ ভাবে সিদ্ধান্তে আসা যায় না প্রেগন্যান্সি এসেছে কিনা, কারণ বেশ কিছু ওভারিয়ান সিস্ট বা টিউমার আছে যেখানে বিটা এইচ.সি.জি হরমোন বেরোনোর জন্য প্রেগন্যান্সি কিট টেস্ট পসিটিভ আসে বাচ্চা না আসা সত্ত্বেও।
Srija Ghosh এর দেয়াল থেকে ---
চুমু খেলে বাচ্চা হয়না, ওভ্যুলেশন পিরিয়ড না জেনে যেকোনো সময় ট্রাই করলেই বাচ্চা হয়না, বায়োলজিক্যাল ক্লক মোটেও বস্তাপচা ধারণা নয়। আমাদের দেশে সেক্স এডুকেশনের বালাই নেই। এদেশে বিয়েতে লক্ষ লক্ষ টাকা গয়না সাজ খাওয়ায় খরচ করবে কিন্তু বার্থ প্ল্যান নিয়ে ডাক্তার টেস্ট মিলিয়ে তিন চার হাজার টাকা খরচ করতে খুব গায়ে লাগে। 'কবে বাচ্চা নেবে' প্রকাশ্যে বলা যায় কিন্তু যুগল নিভৃতে সময় কাটাতে চাইলে বা ঘরের দরজা বন্ধ করলে অনেকের মুখভার হয়, বাচ্চা না হলে এখনও একা মেয়েদেরই শুনতে হয় 'সমস্যা আছে নাকি', বর বউয়ের পিরিয়ডের ডেট জানলে সেটাকে নেকামি ভাবা হয় ইত্যাদি। অতএব ভুল ধারণার স্তূপ মনের মধ্যে জমতে থাকে। নূন্যতম পাঠ প্রস্তুতি পরিকল্পনা ছাড়াই আশা করা হয় গোটা একটা বাচ্চা চলে আসবে।
এই লেখাটা দেখেও অনেকে নাক সিঁটকাবেন তাতে আমল দিয়ে আমার লাভ নেই। অতএব আবার লিখছি, প্রেগনেন্সি প্ল্যানিং এর ২য় ও শেষ পর্ব। এ ধাপে কী করণীয়, কোন কোন জিনিস খেয়াল রাখব এবার তার একটা তালিকা করা যাক। তবে আলোচনার আগে আবারও বলি এই পুরো প্রস্তুতি দুজনেরই হওয়া উচিত কেননা প্রেগনেন্সি কোনো মেয়েলি বিষয় নয়। কনসিভ করায় বাবা মায়ের সমান ভূমিকা থাকে। তাই দুজনেরই উচিত একসাথে এই পুরো পথটা চলা এবং সমস্ত বিষয়গুলো বিজ্ঞানসম্মতভাবে বোঝা।
১. বাচ্চা কীভাবে হয় -
মানুষের শরীর খুব সুন্দরভাবে তৈরি। মেয়েদের গর্ভাশয় থেকে আসা একটি ডিম্বানু (ডিম) ছেলেদের শুক্রাশয় থেকে আসা অনেক ছোট ছোট শুক্রাণুর মধ্যে যেকোনো একটির সাথে মিলনে একটি কোষ তৈরী করে। সেখান থেকে ভ্রূণ সৃষ্টি হয়। সময়ের সাথে বড় হতে হতে তা হয়ে ওঠে পূর্ণাঙ্গ শিশু। আর এই পুরোটাই ঘটে প্রথমে মেয়েদের জনন-পথে ও পরে গর্ভাশয়ের ভেতর। তাই বাচ্চা যে অন্য কোনোভাবে অন্য কোনো পথে হয়না তা বোঝা জরুরী। মনে হতে পারে একথা কে না জানে, এ লেখা বাড়াবাড়ি কিন্তু বিশ্বাস করুন তা নয়, এ দেশে বহুলোক ব্যাঙের জননতন্ত্র মুখস্থ বলে দিতে পারে কিন্তু মানুষের জননপদ্ধতি নিয়ে হাজারটা ভুল ধারণা ভাবেন কিন্তু সাহস করে জিজ্ঞাসা করতে পারেন না। সহজকথায় শুক্রাণু যোনিপথে প্রবেশ করলেই সন্তানধারণ সম্ভব নচেৎ নয়। তাই এই প্রক্রিয়ায় কোনোরকম সমস্যা অসুবিধে অস্বস্তি অস্বাভাবিকতা মনে হলে ডাক্তার দেখান। কোন বিশেষজ্ঞকে দেখাবেন? এ নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। এ দেশে সেক্সোলজিস্ট বলে ডিগ্রী হয়না। কয়েকটা স্পেশালিটিতে সেক্সুয়াল মেডিসিন পড়ানো হয়। তাই এ ধরণের সমস্যা দেখেন ডার্মাটোলজিস্ট, গায়েনিকোলজিস্ট ও ইউরোলজিস্ট। এরাই সেক্সুয়াল মেডিসিন প্রেকটিশনার।আপনি এদের মধ্যে খোঁজ নিয়ে যে কাউকে দেখাতে পারেন। কোনো অসুখই লজ্জার নয়। লজ্জার হল অসুখ জেনেও বিশেষজ্ঞর কাছে না গিয়ে যার তার কাছ থেকে পরামর্শ নেওয়া। মেডিকেল সায়েন্স ডাক্তার বোঝেন, আপনার পাড়ার ওষুধের দোকানদার, প্রিয়বন্ধু, জ্যেঠশাশুড়ির চেনা জ্যোতিষের থেকে অন্তত ওষুধ জেনে নিজের সর্বনাশ করবেন না।
২. ওভ্যুলেশন পিরিয়ড বোঝা-
এটা বোঝা ভীষণ জরুরী বা এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ছেলেদের শরীরে অসংখ্য শুক্রাণু তৈরি হলেও মেয়েদের শরীরে ডিম্বাণুর সংখ্যা সীমিত এবং প্রতিমাসে একটি ডিম্বাণুই ডিম্বাশয় থেকে বের হয়।যাদের পিরিয়ড সাইকেল নিয়মিত, তাদের ক্ষেত্রে মাসের একটি নির্দিষ্ট দিনে এই ডিম্বাণুটি বেরিয়ে আসে- এটাকেই বলে ওভ্যুলেশন। ডিম্বাণু বেরোনোর পর তার কার্যক্ষমতা থাকে সাধারণত ১২ থেকে ২৪ ঘণ্টা। এই সময়ের মধ্যে যদি শুক্রাণুর সাথে মিলন হয়, তবেই নিষেক হয়ে গর্ভধারণের সম্ভাবনা তৈরি হয়। অন্যদিকে শুক্রাণু মেয়েদের শরীরের ভেতরে ৩ থেকে ৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই ডিম্বাণু বেরোনোর আগের ও পরের কয়েকদিন গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ডিম্বাণু যদি নিষিক্ত না হয়, তাহলে শরীর সেটিকে আর ব্যবহার করে না এবং এর ফলেই পরবর্তী সময়ে পিরিয়ড হয়। তাই প্রেগনেন্সি প্ল্যান করার জন্য আগে জানতে হবে কোন দিন ওভ্যুলেশন হচ্ছে। একটি সহজ হিসাব আছে - ধরা যাক আপনার পিরিয়ড সাইকেল ২৮ দিনের। যদি এই মাসের ৪ তারিখ পিরিয়ডের প্রথম দিন হয়, তাহলে পরের পিরিয়ড হওয়ার কথা প্রায় পরের মাসের ১ তারিখে। সেক্ষেত্রে ওভ্যুলেশন সাধারণত ধরা যায় পরবর্তী পিরিয়ডের ১৪ দিন আগে অর্থাৎ প্রায় ১৮ তারিখের কাছাকাছি। তাই ১৬ থেকে ২০ তারিখের মধ্যে নিয়মিত মিলন সন্তান ধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে। ওভ্যুলেশনের সময় অনেকের তলপেটে সামান্য টান বা ব্যথা, কিংবা একটু গা গরম বা স্তনে হালকা ব্যথার মত চেনা উপসর্গ থাকে। তবে অনেক নারীর ক্ষেত্রেই ওভ্যুলেশনের সময় কোনো বিশেষ লক্ষণ অনুভূত হয় না। তাই শুধুমাত্র শারীরিক লক্ষণের ওপর নির্ভর না করে, পিরিয়ড সাইকেল হিসাব করে ওভ্যুলেশন পিরিয়ড নির্ণয় করে চেষ্টা করাই সবচেয়ে ভালো। এখন এই পিরিয়ড আর ওভ্যুলেশনের সময় বোঝার কিছু ভাল App আছে চাইলে সেটাও ফোনে ডাউনলোড করা যেতে পারে। 'ওভ্যুলেশন' এর এত গুরুত্ব আমারও কিন্তু অজানাই ছিল। সুরজিৎ খুব সুন্দর করে আমায় বুঝিয়ে দিয়েছিল এই ব্যাপারগুলো। পরে ইউটিউবেও দারুণ কিছু ভিডিও খুঁজে পাই।
৩. কতদিন চেষ্টা করা উচিত?
সাধারণভাবে চিকিৎসকেরা বলেন, নিয়মিত মিলনের পরও যদি এক বছরের মধ্যে গর্ভধারণ না হয়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে আজকের দিনে বিয়ের ও সন্তান নেওয়ার বয়স অনেক ক্ষেত্রে ৩০ বছরের পরে চলে যাচ্ছে। তাই বয়স অনুযায়ী চেষ্টা করার সময়সীমা একটু বদলে যায়। ৩০ বছরের কম বয়সে ১ বছর পর্যন্ত চেষ্টা করা যায়। ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হলে ৬ থেকে ৮ মাস নচেৎ দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর ৩৫ বছরের বেশি বয়স হলে এই বয়সে সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে প্রথমেই একজন গাইনিকোলজিস্টের সাথে কথা বলা ভালো। ৪ থেকে ৬ মাসের বেশি অপেক্ষা না করাই উচিত। তবে ভীষণ জরুরী কথাটি হল, চাপ নিয়ে লাভ নেই বরং ক্ষতি। শারীরিক ও মানসিক স্ট্রেসমুক্ত থাকা সবচেয়ে জরুরি। তাই এ সময় হেভি এক্সারসাইজ বন্ধ করে হাল্কা ফ্রিহ্যান্ড বা যোগা করা যায়। এই সময়টা শুধুমাত্র “প্রেগনেন্ট হবো কি না” এই দুশ্চিন্তাই গর্ভধারণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই এই সময়টাকে উপভোগ করুন এই সময়টাকে শুধুমাত্র “চেষ্টা” না ভেবে নিজেদের ভালোবাসা ও ঘনিষ্ঠতার সুন্দর সময় হিসেবেই দেখুন। শান্ত মন, সুস্থ শরীর আর ইতিবাচক ভাবনা গর্ভধারণের সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দেয়। আমার এখনও মনে আছে গুটি হবার সময় তিলোত্তমার ঘটনাটা আমাদের মধ্যে কী ভয়ানক স্ট্রেস তৈরী করেছিল। আমরা একটু গ্যাপ নিয়ে দুবার ঘুরে এসেছিলাম সমুদ্র, পাহাড়- শেষবার ঘুরে এসেই পিরিয়ড মিস করি। এক ভোরে টের পাই গুটি আসছে।
৪. প্রেগনেন্সি টেস্ট-
সাধারণত গর্ভধারণের প্রথম লক্ষণ হলো পিরিয়ড মিস হওয়া। যদি নির্ধারিত সময়ে পিরিয়ড না আসে, তাহলে ওষুধের দোকান থেকে সহজেই একটি প্রেগনেন্সি টেস্ট কিট কেনা যায়। বাজারে অনেক ব্র্যান্ড পাওয়া যায়। পরিচিত ও বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের কিট ব্যবহার করাই ভালো। নিশ্চিত হওয়ার জন্য চাইলে দুটি আলাদা ব্র্যান্ডের কিট দিয়ে পরীক্ষা করা যেতে পারে। পজিটিভ ফল এলে অবশ্যই একটি রক্ত পরীক্ষা β-hCG (বিটা এইচসিজি) করা প্রয়োজন। এই পরীক্ষাটি গর্ভধারণ হয়েছে কি না তা নির্ভুলভাবে জানায়। রিপোর্ট পজিটিভ এলে পরবর্তী এবং সবচেয়ে জরুরী কাজ যত দ্রুত সম্ভব একজন গাইনোকোলজিস্টের কাছে যাওয়া। ডাক্তারই তখন প্রয়োজনীয় পরামর্শ ও পরবর্তী করণীয় সম্পর্কে বুঝিয়ে দেবেন। কোনো মূর্খের কথায়, কদিন পর, তিন মাস গেলে, পেট দেখা গেলে যাওয়া মার্কা ফালতু কথায় কান দেবেন না।
ব্যাস এটুকুই- একটা অত্যন্ত সহজ স্বাভাবিক সুন্দর ব্যাপার। এটুকু বুঝে নিতে কিম্বা বুঝিয়ে দিতে কোনোরকম লজ্জা, আড়াল, 'লোকে কী বলবে', ফিসফিস, দ্বিধার জায়গা নেই। এরপর কারও কোনো জিজ্ঞাসা থাকলে আমায় কমেন্টে বা অনেকে যেমন ইনবক্সে প্রশ্ন করছেন, করতে পারেন। আমি সাহায্য করার চেষ্টা করব। প্রথম পর্বের লিঙ্ক আমি এই লেখার কমেন্টবাক্সে দিয়ে দিলাম।
#বেবিপ্ল্যানিং